![]()
ইবি রিপোর্ট
বঙ্গোপসাগরে সামুদ্রিক অপরাধ, জলদস্যুতা ও মানবপাচার প্রতিরোধে বাংলাদেশের কোস্ট গার্ডের কার্যক্রম আরও শক্তিশালী করতে ইতালির সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে গভীর সমুদ্রে নজরদারি ও টহল সক্ষমতা বৃদ্ধিতে নতুন অফশোর ও কোস্টাল প্যাট্রোল ভেসেল সংগ্রহ এবং দুই দেশের বাহিনীর মধ্যে প্রশিক্ষণ ও যৌথ মহড়া আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছে।
সামুদ্রিক অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমানে অফশোর প্যাট্রোল ভেসেল (OPV) হিসেবে ব্যবহৃত জাহাজগুলো বঙ্গোপসাগরে দেশের নজরদারি ও টহল কার্যক্রমকে বহুগুণ শক্তিশালী করেছে।
রোববার (২২ নভেম্বর) ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট অ্যাডমিরাল সারগিও লিয়ারদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা এবং দুই দেশের কোস্ট গার্ডের কার্যকর সক্ষমতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিভিন্ন দিকও উঠে আসে আলোচনায়।
বাংলাদেশ কোস্ট গার্ডের গভীর সমুদ্রে টহল পরিচালনার সক্ষমতা বাড়াতে ভবিষ্যতে উপযুক্ত দেশ থেকে অফশোর ও কোস্টাল প্যাট্রোল ভেসেল সংগ্রহের বিষয়টি বৈঠকে আলোচনা করা হয়। এ ক্ষেত্রে সরকার-টু-সরকার বা জি-টু-জি (G2G) পদ্ধতি অনুসরণের সম্ভাবনা নিয়ে দুই পক্ষ মতবিনিময় করে।
জাহাজ সংগ্রহের প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং প্রতিযোগিতামূলক পদ্ধতি অনুসরণের ওপর জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে গ্রহণযোগ্য ও উন্মুক্ত প্রক্রিয়া অনুসরণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
এ ছাড়া বাংলাদেশ ও ইতালির কোস্ট গার্ডের মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ ও সহযোগিতার কাঠামো আরও শক্তিশালী করতে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাবনা নিয়েও বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ কোস্ট গার্ড সম্প্রতি দেশীয় কর্মকর্তাদের পাশাপাশি ৭টি বন্ধুপ্রতিম দেশের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘ব্রাউন ওয়াটার অপারেশন (BWO) এবং মানবপাচার প্রতিরোধ (AHT) কোর্স-২০২৬’ সফলভাবে সম্পন্ন করেছে। আগামী বছর আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে ইতালির কোস্ট গার্ড কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে বলেও তিনি জানান।
এ সময় ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট অ্যাডমিরাল সারগিও লিয়ারদো বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারিত্বের প্রশংসা করেন। পাশাপাশি জলদস্যুতা দমনে ইতালির কোস্ট গার্ডের অর্জিত অভিজ্ঞতা এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।
দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে পারস্পরিক কার্যক্ষমতা ও সমন্বয় বাড়াতে নিয়মিত যৌথ মহড়া, সেমিনার এবং পেশাদার বিনিময় কর্মসূচি আয়োজনের বিষয়েও উভয়পক্ষ একমত হয়। এসব উদ্যোগের মাধ্যমে অভিজ্ঞতা বিনিময় এবং সামুদ্রিক নিরাপত্তা কার্যক্রমে দুই বাহিনীর সহযোগিতা আরও সম্প্রসারিত করার বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান উপস্থিত ছিলেন। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড ও ইতালীয় প্রতিনিধিদলের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।