• হোম > শিক্ষা > বিশ্ববিদ্যালয় থেকে কর্মসংস্থান উপযোগী গ্র্যাজুয়েট তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর

বিশ্ববিদ্যালয় থেকে কর্মসংস্থান উপযোগী গ্র্যাজুয়েট তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১৪:১২
  • ১৪

---

ইবি রিপোর্ট

শুধু উচ্চশিক্ষিত গ্র্যাজুয়েটের সংখ্যা বাড়ানো নয়, শিক্ষার্থীদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে কোনোভাবেই বেকার তৈরির কারখানায় পরিণত হতে দেওয়া যাবে না। এ লক্ষ্য অর্জনে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কার্যকর যোগাযোগ, শ্রমবাজারের চাহিদাভিত্তিক পাঠ্যক্রম, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম বাড়াতে হবে।

রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স যৌথভাবে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের সম্পর্ক কেবল শিক্ষার্থীদের ইন্টার্নশিপের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। শিক্ষকদেরও শিল্পপ্রতিষ্ঠানে গিয়ে কাজের বাস্তব ধরন, দক্ষতার ঘাটতি এবং সংশ্লিষ্ট খাতের চাহিদা সম্পর্কে ধারণা নিতে হবে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে পাঠ্যক্রম ও গবেষণার বিষয় নির্ধারণ করা প্রয়োজন। শিক্ষার্থী ও শিক্ষকদের সরাসরি শিল্প খাতের সঙ্গে যুক্ত করার ওপরও তিনি গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের অংশীদারত্ব পারস্পরিক স্বার্থের ভিত্তিতে গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয় শিল্প খাতকে কী দিতে পারে এবং শিল্পপ্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় থেকে কী সুবিধা পেতে পারে, তা বিবেচনায় রেখে সহযোগিতার ক্ষেত্র নির্ধারণ করা প্রয়োজন।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব নিয়ে উদ্বেগ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, প্রযুক্তির পরিবর্তনকে শুধু কর্মসংস্থানের জন্য হুমকি হিসেবে বিবেচনা করা ঠিক হবে না। আশির দশকে কম্পিউটার ও মাইক্রোপ্রসেসরের আবির্ভাবের সময়ও চাকরি হারানোর আশঙ্কা দেখা দিয়েছিল। তবে প্রযুক্তির বিকাশ নতুন কর্মক্ষেত্র ও সম্ভাবনা তৈরি করেছে। এআইয়ের ক্ষেত্রেও পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রস্তুতি থাকতে হবে। পাশাপাশি অর্জিত জ্ঞানকে বাণিজ্যিকভাবে কাজে লাগানোর সক্ষমতা গড়ে তুলতে হবে।

দেশের বেকারত্ব পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী বের হলেও সবার জন্য পর্যাপ্ত কর্মসংস্থান নিশ্চিত করা যাচ্ছে না। আগামী পাঁচ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো কতজন কর্মসংস্থান উপযোগী গ্র্যাজুয়েট তৈরি করতে পারবে, সে বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা থাকা দরকার। এ ধরনের পরিকল্পনা প্রণয়নে নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত ও গবেষণার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। তবে প্রয়োজনীয় তথ্যের অভাবে অনেক ক্ষেত্রে গবেষণা ও নীতিনির্ধারণ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী।

বিশ্ববিদ্যালয়ের বাজেট ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোর জন্য অর্থ বরাদ্দে সরকারের সদিচ্ছার ঘাটতি নেই। প্রধানমন্ত্রীও প্রয়োজন অনুযায়ী অর্থায়নের আশ্বাস দিয়েছেন। তবে বরাদ্দ পাওয়া অর্থ যথাযথভাবে ব্যয় করতে না পারলে প্রত্যাশিত সুফল পাওয়া সম্ভব নয়। শুধু অবকাঠামো নির্মাণে অর্থ খরচ না করে গুণগত শিক্ষা, গবেষণা, শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনী কার্যক্রমে বিনিয়োগ বাড়াতে হবে।

বরাদ্দের অর্থ ব্যয়ে প্রতিবন্ধকতা কোথায় এবং কীভাবে তা দূর করা যায়, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিজেদের উদ্যোগে সমস্যা চিহ্নিত করার আহ্বান জানান তিনি। তাঁর মতে, শুধু সরকারের ওপর দায় চাপিয়ে দিলে চলবে না; বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব সক্ষমতা ও জবাবদিহিও নিশ্চিত করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশের অন্যতম প্রধান বিদ্যাপীঠ হিসেবে এ প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা, গবেষণার মান এবং শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়কে নিজের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।

শ্রমবাজারের চাহিদা বিবেচনা না করে নতুন বিভাগ খোলার বিষয়েও সতর্ক করেন তিনি। শিক্ষক বা শিক্ষার্থীদের বিশেষ স্বার্থ কিংবা রাজনৈতিক বিবেচনায় বিভাগ চালু না করে দেশের অর্থনীতি ও শিল্প খাতে কোন ধরনের দক্ষ জনশক্তি প্রয়োজন, তা বিবেচনায় নেওয়ার পরামর্শ দেন। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের দায়িত্বশীল ভূমিকার কথাও বলেন তিনি।

শিক্ষক সংকট প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট রয়েছে। নিয়োগপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক জটিলতার কারণে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি।

শিক্ষার্থীদের শিক্ষাজীবন দীর্ঘ হওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পরীক্ষা, ফল প্রকাশ ও ভর্তি কার্যক্রমে বেশি সময় লাগছে বলে মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয় পর্যায়েও পরীক্ষা ও ফল প্রকাশ দ্রুত সম্পন্ন করার পাশাপাশি ভর্তি কার্যক্রমের প্রশাসনিক জটিলতা ও অপ্রয়োজনীয় বিলম্ব দূর করার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের পাশাপাশি জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী। তাঁর মতে, শিক্ষার মান উন্নয়ন, গবেষণা ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশ্ববিদ্যালয়গুলো কী অবদান রাখছে, তার দৃশ্যমান প্রমাণ থাকতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।

এতে দেশের শতাধিক শিল্পপ্রতিষ্ঠানের নেতৃস্থানীয় প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধি, অফিসপ্রধান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি ও চেয়ারম্যানরা অংশ নেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23550 ,   Print Date & Time: Sunday, 22 November 2026, 08:28:48 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh