• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > পোশাক কারখানায় প্রবেশের আগে পরিচয়পত্র যাচাইয়ের নির্দেশ বিজিএমইএর

পোশাক কারখানায় প্রবেশের আগে পরিচয়পত্র যাচাইয়ের নির্দেশ বিজিএমইএর

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১৪:০৭
  • ১০

---

ইবি রিপোর্ট

পোশাক কারখানায় শ্রমিকদের ভিড়ে বহিরাগতদের অনুপ্রবেশ এবং এর ফলে সৃষ্ট বিশৃঙ্খলা, ভাঙচুর ও উৎপাদন ব্যাহত হওয়ার ঘটনা ঠেকাতে প্রবেশপথের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। এখন থেকে কারখানায় প্রবেশের আগে শ্রমিক-কর্মচারীদের পরিচয়পত্র যাচাই এবং গলায় পরিচয়পত্র ঝুলিয়ে প্রবেশ নিশ্চিত করতে সদস্য কারখানাগুলোকে বলা হয়েছে।

গত ১৯ নভেম্বর সংগঠনটির পক্ষ থেকে সদস্য কারখানার মালিকদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে সাম্প্রতিক শ্রম অসন্তোষের সময় কারখানাগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে সকালে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার সময় কয়েকটি কারখানায় বহিরাগত ব্যক্তিরা শ্রমিকদের সঙ্গে মিশে ভেতরে প্রবেশ করছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজিএমইএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিরাগতদের এমন অনুপ্রবেশের কারণে কারখানার অভ্যন্তরে বিশৃঙ্খলা ও ভাঙচুরের মতো ঘটনা ঘটছে। এতে একদিকে কারখানার জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে, অন্যদিকে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে সাধারণ শ্রমিকদের মধ্যে বিভেদ ও বিরোধ সৃষ্টির আশঙ্কাও বাড়ছে।

এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় কারখানার প্রবেশপথে পরিচয় যাচাইয়ের ব্যবস্থা কার্যকর করার ওপর জোর দিয়েছে সংগঠনটি। শ্রমিক-কর্মচারীরা সকালে কাজে যোগ দিতে আসার সময় গলায় পরিচয়পত্র ঝুলিয়ে প্রবেশ করছেন কি না, তা নিশ্চিত করতে সদস্য কারখানাগুলোকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া পর্যাপ্ত নিরাপত্তাকর্মী নিয়োগ করে প্রত্যেক শ্রমিকের পরিচয়পত্র পরীক্ষা করার পর কারখানার ভেতরে প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে বহিরাগতদের অনুপ্রবেশ নিয়ন্ত্রণের পাশাপাশি কারখানার ভেতরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হবে বলে মনে করছে সংগঠনটি।

এর আগে গত ১ নভেম্বর থেকে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু হয়। শ্রমিকদের প্রধান দাবি ছিল মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণ করা।

মজুরি বৃদ্ধির পাশাপাশি আরও কয়েকটি দাবিতে আন্দোলন করেন শ্রমিকেরা। এর মধ্যে রয়েছে শ্রমিকদের কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়া বন্ধ করা এবং চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল করা।

পরবর্তী সময়ে আন্দোলন বিভিন্ন শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়লে পোশাক কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। পরিস্থিতির কারণে অনেক কারখানা বন্ধও রাখা হয়েছে।

এ অবস্থায় কারখানার স্বাভাবিক কার্যক্রম সচল রাখা, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে পরিচয়পত্র যাচাইয়ের নির্দেশনা দিয়েছে বিজিএমইএ। সংগঠনটির বিজ্ঞপ্তিতে সদস্য কারখানাগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23548 ,   Print Date & Time: Sunday, 22 November 2026, 08:20:52 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh