• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন আট ব্যবসায়ী

জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন আট ব্যবসায়ী

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১৩:৩৩
  • ১২

---

ইবি রিপোর্ট

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ, উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ এবং দেশীয় পণ্যের বাজারজাতকরণে উৎসাহ দিতে শুরু হয়েছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আটটি বিভাগে আটজন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর এসএমই ফাউন্ডেশনের প্রতিষ্ঠার ইতিহাস, লক্ষ্য ও কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

পুরস্কারের আওতায় রয়েছে বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা ও বিশেষ উদ্যোক্তা বিভাগ। এসব শ্রেণিতে নির্বাচিত আটজন উদ্যোক্তাকে অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়।

প্রামাণ্যচিত্রে এসএমই ফাউন্ডেশনের প্রতিষ্ঠার পটভূমি তুলে ধরা হয়। এতে দেখানো হয়, ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন করেন। ওই টাস্কফোর্সের সুপারিশ অনুসারে ২০০৫ সালে জাতীয় এসএমই নীতিকৌশল প্রণয়ন করা হয়। এর ধারাবাহিকতায় ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এসএমই ফাউন্ডেশন।

শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এবারের মেলার প্রতিপাদ্য ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৪৫০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তার সংখ্যা ৩৮০ জন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আয়োজকদের তথ্য অনুযায়ী, মেলা চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। দর্শনার্থীদের প্রবেশের জন্য কোনো ফি নির্ধারণ করা হয়নি। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। এ আয়োজনের মাধ্যমে উদ্যোক্তারা নিজেদের পণ্য প্রদর্শন, বিক্রি এবং নতুন ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ তৈরির সুযোগ পাবেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23529 ,   Print Date & Time: Sunday, 22 November 2026, 08:00:39 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh