![]()
ইবি রিপোর্ট
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাত পণ্যের চাহিদা ও রপ্তানি সম্ভাবনা থাকলেও নানা প্রতিবন্ধকতায় সেই সুযোগ পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। রপ্তানি বাড়াতে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি, সরকারের সক্রিয় বাণিজ্য কূটনীতি, পরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং রপ্তানিসংক্রান্ত বাধা দূর করার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশ এখনো এ বাজারে পিছিয়ে রয়েছে।
স্থলবন্দরে দীর্ঘসূত্রতা, শুল্কবহির্ভূত প্রতিবন্ধকতা, পরিবহন সংকট এবং উত্তম কৃষি চর্চার সীমিত প্রয়োগকে এ খাতের রপ্তানি সম্প্রসারণে প্রধান সমস্যা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অভ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় এসব বিষয় উঠে আসে। ‘বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণ: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালাটির আয়োজন করে প্রাণ গ্রুপ। এতে বিভিন্ন গণমাধ্যমের ৪০ জন সাংবাদিক অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ হাসান আরিফ বলেন, দেশের অর্থনীতিতে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের অবদান রয়েছে। এ খাতের অগ্রগতি, বিদ্যমান সমস্যা ও রপ্তানির সুযোগ সম্পর্কে তথ্যনির্ভর সংবাদ প্রকাশের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। তাঁর মতে, বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে বাণিজ্যকে বেশি গুরুত্ব দিতে হবে। দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে নির্দিষ্ট দেশের বাজারে বিদ্যমান প্রতিবন্ধকতা কমানো গেলে রপ্তানির নতুন ক্ষেত্র তৈরি হবে।
তিনি বলেন, বাংলাদেশের রপ্তানি আয়ের বড় অংশ এখনো তৈরি পোশাক খাতনির্ভর। রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচিত হলেও এ লক্ষ্য অর্জনে কার্যকর উদ্যোগ ও বাস্তবভিত্তিক পরিকল্পনা আরও বাড়ানো দরকার।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বাংলাদেশের প্রক্রিয়াজাত কৃষিপণ্যের সম্ভাবনাময় বাজার হিসেবে উল্লেখ করেন। বিশেষ করে সেভেন সিস্টার্স অঞ্চলে রপ্তানির সুযোগ থাকলেও স্থলবন্দরের নানা জটিলতা ও শুল্কবহির্ভূত বাধার কারণে ব্যবসায়ীরা প্রত্যাশিত সুবিধা পাচ্ছেন না বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্র ও আফ্রিকার বাজারেও বাংলাদেশের কৃষিপণ্যের সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন কামরুজ্জামান কামাল। তবে পরিবহনসংক্রান্ত সমস্যার কারণে এসব দেশে রপ্তানি বাড়ানো কঠিন হচ্ছে। ইউরোপের বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষেত্রেও উত্তম কৃষি চর্চার যথাযথ প্রয়োগের ঘাটতি বাধা হয়ে দাঁড়াচ্ছে। এ সমস্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের পাশাপাশি বাণিজ্য কূটনীতিতে সরকারের সক্রিয় সহযোগিতা প্রয়োজন বলে তিনি মত দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস নীতিনির্ধারণ ও জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন। কৃষি খাতের সাফল্য, কৃষকদের বাস্তব অভিজ্ঞতা, উদ্ভাবন এবং বাজারের সুযোগ নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ অর্থনৈতিক অগ্রগতিতে সহায়তা করতে পারে বলে তিনি জানান।
কর্মশালায় অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, আয়োজনটি কৃষি প্রক্রিয়াজাত শিল্পের সম্ভাবনা ও সমস্যাগুলো বুঝতে সহায়তা করেছে। একই সঙ্গে এ খাত নিয়ে আরও অনুসন্ধানী, গভীর ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরির আগ্রহ বাড়িয়েছে।