• হোম > অর্থনীতি | বাণিজ্য | ব্যাংক > সরকারি বিনিয়োগ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি: ইসলামী ব্যাংক

সরকারি বিনিয়োগ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি: ইসলামী ব্যাংক

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩৫
  • ৮

---

ইবি রিপোর্ট

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নেওয়ার বিষয়ে সরকারের কোনো উদ্যোগ বা আগ্রহের তথ্য তাদের কাছে নেই বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাবও পায়নি তারা।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ব্যাংকটির দেওয়া এক ব্যাখ্যায় এ তথ্য জানানো হয়।

ডিএসই জানায়, গত ১৭ নভেম্বর অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত ইসলামী ব্যাংকে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নেওয়ার বিষয়ে সরকারের প্রস্তাবসংক্রান্ত একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংকটির কাছে ব্যাখ্যা চাওয়া হয়।

জবাবে ইসলামী ব্যাংক জানায়, ব্যাংকের শেয়ার মূলধনে সরকারের বিনিয়োগের আগ্রহ কিংবা উদ্যোগ সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। এ ধরনের কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা আগ্রহ পাওয়া গেলে নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান ও প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি জানানো হবে।

এর আগে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, মূলধন সংকট কাটাতে ইসলামী ব্যাংক সরকার বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে ৬ হাজার কোটি টাকার ইকুইটি বিনিয়োগ চেয়েছে। এতে ব্যাংকটির ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা সরকারের হাতে যেতে পারে বলেও উল্লেখ করা হয়।



This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23494 ,   Print Date & Time: Sunday, 22 November 2026, 07:04:42 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh