![]()
ইবি রিপোর্ট
দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ত্বরান্বিত করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদন এবং বিপণন কার্যক্রম সম্প্রসারণের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর মতে, এ খাতের বিকাশ ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। এসএমই শিল্পের প্রসারের মাধ্যমে ইউরোপের বহু দেশ অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশকেও উৎপাদন ও রপ্তানির শক্তিশালী কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় এসএমই পণ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি জানান, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করছে। এ খাতের ভবিষ্যৎ উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে জাতীয় এসএমই নীতিমালা-২০২৬-এর একটি খসড়াও প্রস্তুত করা হয়েছে। এটি শিগগিরই মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, নতুন নীতিমালার রূপকল্প হচ্ছে বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাব ও এক্সপোর্টিং গেটওয়ে হিসেবে প্রতিষ্ঠা করা। অর্থাৎ দেশে উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি রপ্তানিমুখী শিল্পের প্রসার ঘটানোই হবে এ নীতিমালার অন্যতম লক্ষ্য।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য সামনে রেখে শিল্প মন্ত্রণালয় আয়োজিত জাতীয় এসএমই পণ্যমেলায় দেশের ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদিত পণ্য প্রদর্শন এবং বিপণনের সুযোগ তৈরি করাই এ আয়োজনের উদ্দেশ্য।
অনুষ্ঠানে এসএমই খাতের বিকাশে বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মূলধনের স্বল্পতা, আধুনিক প্রযুক্তির অভাব, ঋণ পাওয়ার জটিল প্রক্রিয়া এবং দক্ষ জনবলের সংকট এ খাতের সম্প্রসারণে বাধা তৈরি করছে। এসব সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সহজ শর্তে ঋণ প্রদান, প্রণোদনা এবং সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকল্প নেই। এ খাতের উৎপাদন ও বিপণন ব্যবস্থা শক্তিশালী করা গেলে দেশের অর্থনীতিতে এর অবদান আরও বাড়ানো সম্ভব হবে। এ কারণে এসএমই উদ্যোক্তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি এবং বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নিচ্ছে সরকার।
প্রধানমন্ত্রী আরও জানান, জাতীয় অর্থনীতিতে এসএমই শিল্প খাতের অবদান বর্তমান অবস্থান থেকে বাড়িয়ে ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে এ খাতের সম্প্রসারণের মাধ্যমে নতুন করে ২৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।
শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।
অনুষ্ঠানে শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের বিকাশ প্রয়োজন। এ খাতের সম্প্রসারণ দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।