![]()
ইবি রিপোর্ট
বাংলাদেশের দরিদ্র পরিবারগুলো ধনীদের তুলনায় আয়ের অনেক বেশি অংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট হিসেবে পরিশোধ করছে। দেশের সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ পরিবার তাদের ঘোষিত আয়ের ২০ দশমিক ৩৭ শতাংশ ভ্যাট দেয়। বিপরীতে সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের ক্ষেত্রে এই হার মাত্র ২ দশমিক ৮ শতাংশ।
‘মিসিং রেভিনিউ ইন বাংলাদেশ: ট্যাক্স পটেনশিয়াল, গ্যাপস অ্যান্ড ডিস্ট্রিবিউশনাল কনসিকোয়েন্সেস’ শীর্ষক গবেষণাটি করেছে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড)। ফ্রিডরিখ-এবার্ট-স্টিফটুং বাংলাদেশের সহায়তায় পরিচালিত গবেষণাটির নেতৃত্ব দেন র্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক।
গবেষণায় বলা হয়েছে, দরিদ্র গ্রামীণ পরিবারগুলোর আয়ের ২৩ শতাংশের বেশি ভ্যাট হিসেবে চলে যায়। শহরের দরিদ্র পরিবারগুলোর ক্ষেত্রে এই হার ১৬ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে, ব্যক্তিগত আয়কর মূলত উচ্চ আয়ের মানুষের কাছ থেকেই আদায় হয়। দেশের সবচেয়ে দরিদ্র ৭০ শতাংশ পরিবারের আয় সাধারণত করযোগ্য সীমার নিচে থাকায় তাদের প্রায় কোনো আয়কর দিতে হয় না।
গবেষণার তথ্য অনুযায়ী, দেশের মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি নিয়ন্ত্রণ করে সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবার। প্রচলিত করহার অনুযায়ী, সম্ভাব্য ব্যক্তিগত আয়করের ৯৩ শতাংশের বেশি তাদের কাছ থেকে আসার কথা। ধনী এই পরিবারগুলো তাদের আয়ের ১১ দশমিক ০৩ শতাংশ আয়কর হিসেবে দেয়।
তবে কর্মক্ষম জনগোষ্ঠীর মাত্র ৩ দশমিক ৫৭ শতাংশ সক্রিয় ব্যক্তিগত করদাতা হিসেবে নিবন্ধিত। ই-টিআইএনধারীদের মধ্যে ব্যক্তি ও অন্যান্য শ্রেণির ৪৩ দশমিক ১ শতাংশ এবং কোম্পানির ২৩ দশমিক ৬ শতাংশ আয়কর রিটার্ন জমা দেয়।
সম্পদের বৈষম্যও প্রকট। দেশের ব্যক্তিগত নিট সম্পদের ৪৭ দশমিক ৪ শতাংশ রয়েছে সবচেয়ে ধনী ১ শতাংশ পরিবারের হাতে। শীর্ষ ১০ শতাংশের দখলে রয়েছে মোট সম্পদের ৭৬ দশমিক ৪ শতাংশ। বিপরীতে, নিচের অর্ধেক পরিবারের হাতে রয়েছে মাত্র ৩ দশমিক ৪ শতাংশ সম্পদ।
গবেষণায় বলা হয়েছে, নতুন কর আরোপ বা করহার না বাড়িয়েও বিদ্যমান আইন কার্যকরভাবে প্রয়োগ, করের আওতা বাড়ানো এবং কর ফাঁকি বন্ধের মাধ্যমে রাজস্ব বাড়ানো সম্ভব। এতে ২০২৩ সালের ৭ দশমিক ৩ শতাংশ কর-জিডিপি অনুপাত বাড়িয়ে প্রায় ১৩ দশমিক ৫ শতাংশে নেওয়ার সুযোগ রয়েছে।
র্যাপিডের হিসাবে, ২০২১-২২ অর্থবছরে আদায় না হওয়া ব্যক্তিগত আয়কর ও অভ্যন্তরীণ ভ্যাটের পরিমাণ ছিল জিডিপির ৫ দশমিক ৮৯ শতাংশ। সম্ভাব্য ব্যক্তিগত আয়কর ছিল জিডিপির ৪ দশমিক ৮৫ শতাংশ, অথচ আদায় হয়েছে মাত্র ০ দশমিক ৯৮ শতাংশ। অভ্যন্তরীণ ভ্যাটের ক্ষেত্রে সম্ভাব্য আদায় ৩ দশমিক ৮২ শতাংশ হলেও প্রকৃত আদায় ছিল ১ দশমিক ৮০ শতাংশ।
গবেষণায় উচ্চ আয়ের মানুষের কাছ থেকে আয়কর আদায় বাড়ানো, ভ্যাট ব্যবস্থাপনায় উন্নতি, করপোরেট কর অব্যাহতি পর্যালোচনা এবং উত্তরাধিকার কর বিবেচনার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি করদাতাদের হয়রানি বন্ধ, প্রশাসনিক ব্যবস্থার আধুনিকায়ন ও সরকারি ব্যয়ের মান উন্নত করার ওপর জোর দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অর্থ বিভাগের সচিব মো. খাইরুজ্জামান মজুমদার বলেন, দারিদ্র্যের হার ১৮ দশমিক ৫৭ শতাংশ থেকে বেড়ে প্রায় ২২ থেকে ২৩ শতাংশে দাঁড়িয়েছে। মূল্যস্ফীতির তুলনায় সুদের হার তিন বছর ধরে কম থাকাও এর একটি কারণ। ২০৩০ সালের মধ্যে স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে ব্যয়ের লক্ষ্য রয়েছে সরকারের। তবে রাজস্ব আয় না বাড়লে বাজেট ঘাটতি জিডিপির ৩ দশমিক ৬ শতাংশে ধরে রাখা কঠিন হতে পারে বলে তিনি সতর্ক করেন।