• হোম > অর্থনীতি > জাতীয় এসএমই পণ্যমেলা শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় এসএমই পণ্যমেলা শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ২০:১৩
  • ১১

---

 

ইবি রিপোর্ট

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ, উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থান সম্প্রসারণের লক্ষ্য নিয়ে আগামীকাল রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেলায় সারাদেশের ৪৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে, যার প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তাদের পরিচালিত।

শনিবার (২১ নভেম্বর) শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শিল্পমন্ত্রী জানান, দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের ব্যাপক অবদান রয়েছে। সর্বশেষ সমীক্ষা অনুযায়ী, দেশে প্রায় এক কোটি ১৭ লাখ সিএমএসএমই প্রতিষ্ঠান রয়েছে, যা মোট নিবন্ধিত প্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ। শিল্প খাতের মোট জনবলের প্রায় ৮৫ শতাংশ এ খাতে কর্মরত। এ খাতে কর্মসংস্থানের পরিমাণ প্রায় তিন কোটি ৪০ লাখ। উদ্যোক্তাদের প্রায় ৭০ শতাংশ ঢাকার বাইরে এবং ৬৫ শতাংশ নারী। দেশের জিডিপিতে এ খাতের অবদান প্রায় ৩০ শতাংশ।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০০৩ সালে প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন করেন। এর সুপারিশের ভিত্তিতে ২০০৫ সালে জাতীয় এসএমই নীতিকৌশল প্রণয়ন এবং ২০০৬ সালে এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি উদ্যোক্তা উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে কাজ করছে। এ পর্যন্ত ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচির সুবিধা পেয়েছেন প্রায় ২৫ লাখ মানুষ, যাদের ৬০ শতাংশ নারী।

এবারের মেলায় পাদুকা, চামড়াজাত পণ্য, পাটজাত সামগ্রী, হস্তশিল্প, ফ্যাশন ডিজাইন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হারবাল, জুয়েলারি এবং আইসিটি খাতের উদ্যোক্তারা অংশ নেবেন। পাশাপাশি সরকারের ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগের আওতাভুক্ত প্রতিষ্ঠানও থাকবে।

শিল্পমন্ত্রী জানান, মেলায় কেবল দেশীয় উৎপাদনকারী ও সেবামূলক ক্ষুদ্র, মাইক্রো ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা পণ্য প্রদর্শন ও বিক্রি করতে পারবেন। বিদেশি কিংবা আমদানিকৃত পণ্য প্রদর্শন ও বিক্রি নিষিদ্ধ। দর্শনার্থীদের প্রবেশে কোনো ফি লাগবে না। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন।

মেলায় সাতটি ক্যাটাগরি ও একটি বিশেষ ক্যাটাগরিতে মোট নয়জন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ দেওয়া হবে। পুরস্কারের বিভাগগুলো হলো বর্ষসেরা মাঝারি, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোক্তা (নারী ও পুরুষ), বর্ষসেরা স্টার্টআপ, গ্রিন এসএমই বিজনেস, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।

মন্ত্রী জানান, এর আগে অনুষ্ঠিত ১২টি জাতীয় এসএমই পণ্যমেলায় প্রায় চার হাজার উদ্যোক্তা অংশ নিয়ে ৭২ কোটি টাকার পণ্য বিক্রি করেছেন। পাশাপাশি প্রায় ১০৯ কোটি টাকার পণ্য বিক্রির অর্ডার পেয়েছেন। এছাড়া এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ৯৪টি আঞ্চলিক ও বিভাগীয় মেলায় অংশ নিয়েছেন প্রায় পাঁচ হাজার ১০০ উদ্যোক্তা। এ পর্যন্ত জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন ৭২ জন। তাদের মধ্যে ৩৭ জন নারী, ৩৩ জন পুরুষ এবং দুজন তৃতীয় লিঙ্গের উদ্যোক্তা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের জিডিপিতে সিএমএসএমই খাতের বর্তমান অবদান নিয়ে সরকার সন্তুষ্ট নয়। আগামী দিনে এ অবদান ৫০ থেকে ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করা, উৎপাদন সক্ষমতা বাড়ানো, পণ্যের প্রতিযোগিতার সক্ষমতা তৈরি এবং কর্মসংস্থান সম্প্রসারণে সরকার উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর সরকার ৩০০ কোটি টাকার ক্রেডিট হোলসেলিং কর্মসূচির মাধ্যমে ঋণ বিতরণ করেছে। এ কর্মসূচির পরিমাণ দুই হাজার কোটি টাকায় উন্নীত করার ঘোষণা অনুযায়ী কার্যক্রম চলছে। বাংলাদেশ ব্যাংকও নতুন উদ্যোক্তা, স্টার্টআপ ও নারী উদ্যোক্তাদের জন্য ৬ থেকে ৭ শতাংশ সুদে ঋণ কর্মসূচি চালু করেছে।

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আলাদা ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব বিবেচনাযোগ্য হলেও আপাতত বিদ্যমান ব্যাংকিং ব্যবস্থায় ঋণপ্রাপ্তি সহজ করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। বাংলাদেশ ব্যাংকের একটি কর্মসূচিতে ব্যবসায়িক ধারণা বাস্তবসম্মত ও ব্যাংকযোগ্য প্রমাণ করতে পারলে নতুন উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন পাবেন। এর মধ্যে ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান এবং বাকি ১০ লাখ টাকা ঋণ হিসেবে দেওয়ার ব্যবস্থা রয়েছে।

এছাড়া ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণযোগ্যতা বাড়ানো এবং ব্যাংকঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ করতে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হচ্ছে।

বড় করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা প্রসঙ্গে তিনি বলেন, বড় প্রতিষ্ঠানের পুঁজি, উৎপাদন সক্ষমতা, প্রযুক্তি ও অর্থায়নের সুবিধা বেশি থাকায় তাদের উৎপাদন ব্যয় কমানোর সুযোগ রয়েছে। অন্যদিকে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণের সুদ ও উৎপাদন ব্যয়ের চাপ মোকাবিলা করতে হয়। বর্তমানে প্রচলিত ঋণের সুদের হার ১৩ থেকে ১৪ শতাংশ হলেও বিশেষ কর্মসূচিতে ক্ষুদ্র উদ্যোক্তারা ৬ শতাংশ সুদে অর্থায়ন পাচ্ছেন। তাদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় সুপারিশ তৈরির দায়িত্ব এসএমই ফাউন্ডেশনকে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুন নাসের খানসহ মন্ত্রণালয় ও এসএমই ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23458 ,   Print Date & Time: Saturday, 21 November 2026, 02:38:48 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh