• হোম > অর্থনীতি | জাতীয় | বাংলাদেশ > ঊর্ধ্বমুখী শেয়ারবাজারে লেনদেন ছাড়াল ৪ হাজার কোটি টাকা

ঊর্ধ্বমুখী শেয়ারবাজারে লেনদেন ছাড়াল ৪ হাজার কোটি টাকা

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ২০:০৯
  • ১৬

---

ইবি রিপোর্ট  

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহজুড়ে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচকসহ সব কটি সূচক বেড়েছে। পাশাপাশি দৈনিক গড় লেনদেন, শেয়ার লেনদেনের পরিমাণ এবং বাজার মূলধনেও এসেছে প্রবৃদ্ধি। পাঁচ কার্যদিবসে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৪৩ কোটি ৫৫ লাখ টাকা। তবে সূচক ও লেনদেন বাড়লেও দরবৃদ্ধি পাওয়া কোম্পানির চেয়ে দর হারানো কোম্পানির সংখ্যা ছিল বেশি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা অনুযায়ী, সপ্তাহ শেষে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে ৫ হাজার ৫০৫ দশমিক ৬৪ পয়েন্টে। আগের সপ্তাহ শেষে এ সূচক ছিল ৫ হাজার ৪৪৪ দশমিক ৯১ পয়েন্ট। অর্থাৎ এক সপ্তাহে সূচক বেড়েছে ৬০ দশমিক ৭৩ পয়েন্ট বা ১ দশমিক ১২ শতাংশ।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ বেড়েছে ১ দশমিক ২৮ শতাংশ। সপ্তাহ শেষে এ সূচকের অবস্থান দাঁড়িয়েছে ২ হাজার ৮৫ দশমিক ৭৩ পয়েন্টে, আগের সপ্তাহে যা ছিল ২ হাজার ৫৯ দশমিক ৪০ পয়েন্ট। ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস বেড়েছে ১ দশমিক ৫৯ শতাংশ। সপ্তাহ শেষে সূচকটি দাঁড়িয়েছে ১ হাজার ৭৪ দশমিক শূন্য ৮ পয়েন্টে।

গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৮০৮ কোটি ৭১ লাখ টাকা। আগের সপ্তাহে এ পরিমাণ ছিল ৬৬৫ কোটি ৭৩ লাখ টাকা। সে হিসাবে দৈনিক গড় লেনদেন বেড়েছে ২১ দশমিক ৪৮ শতাংশ।

পাঁচ কার্যদিবসে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৪৩ কোটি ৫৫ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৩২ কোটি ৮৬ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহে মোট লেনদেন বেড়েছে ১ হাজার কোটি টাকার বেশি। একই সময়ে লেনদেন হওয়া শেয়ারের পরিমাণ ১ হাজার ৭৩ কোটি ৭৭ লাখ থেকে বেড়ে ১ হাজার ২২২ কোটি ৩৫ লাখে পৌঁছেছে।

এদিকে সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৩৭২ কোটি ৩৩ লাখ টাকা। আগের সপ্তাহে এ পরিমাণ ছিল ৬ লাখ ৬৯ হাজার ৯১৯ কোটি ৬১ লাখ টাকা। এক সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৪৫২ কোটি ৭২ লাখ টাকা বা শূন্য দশমিক ৫২ শতাংশ।

তবে বাজারের সামগ্রিক উত্থানের সঙ্গে সব কোম্পানির শেয়ারদরে ইতিবাচক পরিবর্তন আসেনি। গত সপ্তাহে ১৫৩টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, কমেছে ১৫৮টির। ৪০টি কোম্পানির দর অপরিবর্তিত ছিল। আর ৬০টি কোম্পানির কোনো শেয়ার লেনদেন হয়নি।

খাতভিত্তিক লেনদেনের হিসাবে গত সপ্তাহে সবচেয়ে বেশি সক্রিয় ছিল বস্ত্র খাত। এ খাতে দৈনিক গড় লেনদেন হয়েছে ১৭৮ কোটি ৩ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ২২ দশমিক শূন্য ১ শতাংশ। আগের সপ্তাহে এ খাতে দৈনিক গড় লেনদেন ছিল ১৪৯ কোটি ৫৪ লাখ টাকা।

লেনদেনের দ্বিতীয় অবস্থানে ছিল জ্বালানি ও বিদ্যুৎ খাত। এ খাতে দৈনিক গড় লেনদেন হয়েছে ১১০ কোটি ৪৬ লাখ টাকা, যা মোট লেনদেনের ১৩ দশমিক ৬৬ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতে দৈনিক গড় লেনদেন ছিল ৯১ কোটি ৭৯ লাখ টাকা। ব্যাংক খাতে এ পরিমাণ ছিল ৮৮ কোটি ৯২ লাখ টাকা।

অন্যদিকে সাধারণ বিমা খাতে দৈনিক গড় লেনদেন আগের সপ্তাহের তুলনায় ১৭ দশমিক ১৮ শতাংশ কমেছে। আর্থিক প্রতিষ্ঠান খাতে কমেছে ১৮ দশমিক ৫৩ শতাংশ এবং জীবন বিমা খাতে ১৯ দশমিক ৩৩ শতাংশ।

দরবৃদ্ধির হিসাবে বস্ত্র খাত ছিল সবার ওপরে। সপ্তাহজুড়ে এ খাতের গড় রিটার্ন হয়েছে ৫ দশমিক ৯৬ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা পাট খাতে রিটার্ন ছিল ৫ দশমিক ৯১ শতাংশ। ভ্রমণ ও অবকাশ খাতে ৪ দশমিক ৭৯ শতাংশ এবং সিরামিক খাতে ৩ দশমিক ২৩ শতাংশ রিটার্ন এসেছে। বিপরীতে জীবন বিমা খাতে নেতিবাচক রিটার্ন ছিল ৩ দশমিক ৩৭ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে দরবৃদ্ধির তালিকার প্রথম স্থানে ছিল ওয়াটা কেমিক্যালস। কোম্পানিটির শেয়ারদর ৪৩ দশমিক ৮৩ শতাংশ বেড়ে ১৮৩ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। আগের সপ্তাহে শেয়ারটির দর ছিল ১২৭ টাকা ৩০ পয়সা।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা নাভানা সিএনজির শেয়ারদর বেড়েছে ২১ দশমিক ১১ শতাংশ। এ ছাড়া ইসলামী ব্যাংকের ২০ দশমিক ১৯ শতাংশ, জাহিনটেক্সের ২০ শতাংশ এবং মালেক স্পিনিংয়ের ১৯ দশমিক ৬৪ শতাংশ দর বেড়েছে।

অন্যদিকে দরপতনের তালিকায় শীর্ষে ছিল লংকাবাংলা ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ারদর ১২ দশমিক ৮৬ শতাংশ কমে ১২ টাকা ২০ পয়সায় নেমেছে। আগের সপ্তাহে দর ছিল ১৪ টাকা। পিপলস লিজিংয়ের শেয়ারদর কমেছে ১১ দশমিক ৭৬ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ১১ দশমিক ৪৩ শতাংশ এবং এইচএফএলের ৯ দশমিক ৯১ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছে মালেক স্পিনিংয়ের শেয়ারে। কোম্পানিটির শেয়ারে দৈনিক গড় লেনদেন ছিল ২৬ কোটি ৫৯ লাখ টাকা, যা মোট লেনদেনের ৩ দশমিক ২৯ শতাংশ।

দ্বিতীয় অবস্থানে থাকা শাহজিবাজার পাওয়ারের দৈনিক গড় লেনদেন হয়েছে ২৬ কোটি ২৪ লাখ টাকা। তৃতীয় অবস্থানে থাকা বারাকা পতেঙ্গা পাওয়ারের এ পরিমাণ ছিল ২২ কোটি ৩৮ লাখ টাকা। লেনদেনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরও ছিল এনভয় টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ডরিন পাওয়ার, প্রাইম ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ ও রানার অটোমোবাইলস।

ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারে, যার পরিমাণ ২০ কোটি ৯৭ লাখ টাকা। এরপর ব্যাংক এশিয়ার ১৩ কোটি ৬৫ লাখ টাকা, সাইহাম টেক্সটাইলের ১২ কোটি ৮৭ লাখ টাকা এবং এপেক্স স্পিনিংয়ের ১২ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সামগ্রিক হিসাবে গত সপ্তাহে ডিএসইর বাজার রিটার্ন ছিল ১ দশমিক ১৯ শতাংশ। আর বাজারের গড় মূল্য-আয় অনুপাত বা পিই রেশিও ছিল ৮ দশমিক ২২।

ডিএসইএক্স সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। কোম্পানিটির শেয়ারদর ২০ দশমিক ১৯ শতাংশ বেড়ে সূচকে ২৭ দশমিক ৭৭ পয়েন্ট যোগ করেছে। এরপর প্রাইম ব্যাংক, মতিন স্পিনিং, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ার সূচক বাড়াতে ভূমিকা রেখেছে। বিপরীতে লংকাবাংলা ফাইন্যান্স, ইউসিবি ও এসিআই ফর্মুলেশনের শেয়ার সূচকে নেতিবাচক প্রভাব ফেলেছে।

শেলটেক ব্রোকারেজের এক বিশ্লেষণে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে নিয়ন্ত্রক সংস্থার কয়েকটি সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মনোভাবে ইতিবাচক প্রভাব ফেলেছে। বিশেষ করে পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান ঋণাত্মক ইকুইটি ও অবাস্তবায়িত লোকসান সমন্বয়ের উদ্যোগ এবং স্থগিত বিও হিসাবের লেনদেনসংক্রান্ত বিধিনিষেধ শিথিল করায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছে।

বিশ্লেষণে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা কমে আসা এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়াও বিনিয়োগকারীদের মনোভাব উন্নত করতে সহায়তা করেছে।

সপ্তাহের শুরুতে বস্ত্র এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতের নির্বাচিত কয়েকটি শেয়ারে ব্যাপক কেনাকাটা দেখা যায়। সংশ্লিষ্ট কোম্পানিগুলোর ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) ইতিবাচক আর্থিক ফলাফলও এতে ভূমিকা রেখে থাকতে পারে। সপ্তাহের মাঝামাঝি বিনিয়োগকারীদের আগ্রহ ব্যাংক ও বিমা খাতের দিকে সরে যায়। ডিসেম্বরভিত্তিক হিসাব বছর শেষ হওয়া এসব প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও লভ্যাংশ ঘোষণার প্রত্যাশায় বিনিয়োগকারীরা শেয়ার কিনতে আগ্রহী হন বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23456 ,   Print Date & Time: Saturday, 21 November 2026, 02:26:37 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh