• হোম > অর্থনীতি > এলডিসি উত্তরণের পর রপ্তানি ধরে রাখতে এফটিএ আলোচনায় জোরালো হওয়ার তাগিদ

এলডিসি উত্তরণের পর রপ্তানি ধরে রাখতে এফটিএ আলোচনায় জোরালো হওয়ার তাগিদ

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ২০:০৫
  • ১৮

---

ইবি রিপোর্ট  

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা ধরে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) এবং অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (ইপিএ) আলোচনায় দ্রুত ও জোরালো উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন নলেজ হাবের প্রেসিডেন্ট খন্দকার গোলাম মোয়াজ্জেম। তাঁর মতে, শুধু দেশীয় শিল্প সুরক্ষা কিংবা রাজস্ব কমে যাওয়ার আশঙ্কায় বাণিজ্য আলোচনায় পিছিয়ে থাকলে ভবিষ্যতে বড় রপ্তানি বাজার হারানোর ঝুঁকি তৈরি হবে।

একই সঙ্গে রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ানো, বাণিজ্য চুক্তিতে সেবা ও বিনিয়োগ খাত যুক্ত করা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) মিলনায়তনে ‘বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পের রপ্তানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন খন্দকার গোলাম মোয়াজ্জেম। প্রাণ-আরএফএল গ্রুপ আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ। অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক কামরুজ্জামান কামালও উপস্থিত ছিলেন।

‘বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক প্রতিবেদন উপস্থাপন করে খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এখন আর স্বাভাবিকভাবে বাজারসুবিধা পাওয়ার অপেক্ষায় থাকলে চলবে না। অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে বাণিজ্যসুবিধা আদায় করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় পিছিয়ে দেওয়া হলেও এ-সংক্রান্ত প্রস্তুতি ও সংস্কারের কাজ শেষ হয়নি। তাই এ নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই। এলডিসি হিসেবে বাংলাদেশ বিভিন্ন দেশে শুল্কমুক্ত ও অগ্রাধিকারমূলক বাজারসুবিধা পেয়েছে। বর্তমানে দেশের মোট রপ্তানির প্রায় ৭৩ শতাংশ এসব সুবিধার আওতায় হচ্ছে। উত্তরণের পর সুবিধাগুলো হারালে রপ্তানি খাতে বড় চাপ তৈরি হতে পারে।

খন্দকার গোলাম মোয়াজ্জেমের উপস্থাপিত তথ্যমতে, বিভিন্ন গবেষণায় এলডিসি উত্তরণের কারণে বাংলাদেশের প্রায় ১৪ দশমিক ৩৭ বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতির আশঙ্কা করা হয়েছে। তবে এ ক্ষতির পরিমাণ নিয়ে গবেষণাভেদে ভিন্ন হিসাব থাকতে পারে। তাঁর মতে, অগ্রাধিকারমূলক সুবিধা উঠে গেলে বিভিন্ন বাজারে বাংলাদেশের পণ্যে গড়ে প্রায় ৯ শতাংশ শুল্ক আরোপ হতে পারে। বিপরীতে ভারত ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলো বিভিন্ন বাণিজ্য চুক্তির আওতায় শূন্য শুল্ক সুবিধা পেতে পারে।

তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পণ্যে প্রায় ১২ শতাংশ, ভারতে ২০ শতাংশ, কানাডায় ১৬ শতাংশ, যুক্তরাষ্ট্রে ১৫ দশমিক ৬ শতাংশ, জাপানে ৯ শতাংশ এবং চীনে ৫ শতাংশ পর্যন্ত এমএফএন শুল্ক আরোপের আশঙ্কা রয়েছে। এসব বাজারে চুক্তির মাধ্যমে শুল্কসুবিধা নিশ্চিত করা না গেলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে বাংলাদেশ।

বাংলাদেশের প্রস্তুতির দুর্বলতা তুলে ধরে খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ২০১৮ সাল থেকেই এলডিসি উত্তরণের যোগ্যতা অর্জনের বিষয়টি জানা ছিল। কিন্তু দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নেওয়ার পরিবর্তে শেষ মুহূর্তে তৎপর হওয়ার প্রবণতা দেখা গেছে। তাঁর মতে, যথাসময়ে প্রস্তুতি নেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে।

তিনি জানান, বাংলাদেশের রপ্তানি আয়ের প্রায় ৮০ থেকে ৮১ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। এমন একমুখী রপ্তানি কাঠামো নিয়ে অন্য দেশের সঙ্গে বাণিজ্য আলোচনা করা কঠিন। কারণ, বাংলাদেশ অন্য দেশের বাজারে নিজেদের পণ্যের প্রবেশাধিকার চাইলে সেই দেশও বাংলাদেশের বাজারে তাদের পণ্যের প্রবেশাধিকার চাইবে। অথচ দেশীয় শিল্প সুরক্ষার যুক্তিতে বিভিন্ন খাতকে দীর্ঘ সময় নেতিবাচক তালিকায় রাখার দাবি ওঠে। এতে কার্যকর বাণিজ্য চুক্তির সম্ভাবনা সীমিত হয়।

তাঁর ভাষ্য, বাণিজ্য আলোচনায় বাংলাদেশের অবস্থান এখনো অনেক ক্ষেত্রে ঝুঁকি এড়ানোর মধ্যে সীমাবদ্ধ। কোন পণ্য আমদানির সুযোগ দিলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবে কিংবা শুল্ক কমালে রাজস্ব কমবে—এসব বিষয় বেশি গুরুত্ব পাচ্ছে। অথচ নতুন বাজার, বিনিয়োগ ও রপ্তানি সম্প্রসারণের সম্ভাবনাও সমানভাবে বিবেচনা করা দরকার।

সরকারের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তৈরি স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজিতে বাজারসুবিধা ধরে রাখা এবং রপ্তানি বহুমুখীকরণকে কৌশলগত ভিত্তি হিসেবে রাখা হয়েছে। তবে ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত এ ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি তুলনামূলক ধীর। সরকারের সমন্বয় কমিটি কাজ শুরু করলেও রপ্তানি সম্প্রসারণের জন্য আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে জিএসপি প্লাস সুবিধা ও ইপিএ নিয়ে আলোচনা চলছে। কানাডা, চীন ও জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তির উদ্যোগ রয়েছে। দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও আলোচনা এগোচ্ছে। এ ছাড়া আসিয়ান ও আরসিইপি নিয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা চলছে। এসব উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, আলোচক দলের দক্ষতা, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব আরও শক্তিশালী করতে হবে।

জাতিসংঘের মূল্যায়নেও বাংলাদেশের বাণিজ্য আলোচনার প্রস্তুতি নিয়ে উদ্বেগের বিষয় উঠে এসেছে বলে জানান তিনি। ধীর বাস্তবায়ন, সমন্বয় ও তদারকির দুর্বলতা এবং রপ্তানি বহুমুখীকরণে প্রত্যাশিত অগ্রগতি না হওয়াকে সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা, বেসরকারি খাত ও বিশেষজ্ঞদের নিয়ে দক্ষ আলোচক দল গঠনের পরামর্শ দেন তিনি।

খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বিভিন্ন সরকারি নীতি ও পরিকল্পনায় বাণিজ্য চুক্তির লক্ষ্য থাকলেও সেগুলোর সময়সীমা ও লক্ষ্যমাত্রায় সামঞ্জস্য নেই। কোথাও পাঁচ বছরে একটি চুক্তি, কোথাও বছরে একাধিক অগ্রাধিকারমূলক চুক্তি, আবার কোথাও পাঁচ বছরে নয়টি দেশের সঙ্গে চুক্তির কথা বলা হয়েছে। তাই কোন দেশের সঙ্গে কী ধরনের চুক্তি হবে, কত দিনে আলোচনা শেষ হবে এবং অগ্রগতি কী—এসব নির্ধারণ করে একটি সমন্বিত এফটিএ রোডম্যাপ তৈরি করা প্রয়োজন।

বাণিজ্য চুক্তিতে শুধু পণ্য বিনিময় নয়, সেবা, বিনিয়োগ, শ্রমবাজার, অভিবাসন ও ডিজিটাল বাণিজ্যও অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন তিনি। তাঁর মতে, সম্ভাব্য অংশীদার দেশগুলোর সঙ্গে পণ্য বাণিজ্যে পরিপূরকতার সুযোগ সীমিত। তাই সেবা ও বিনিয়োগ যুক্ত হলে চুক্তিগুলো উভয় পক্ষের কাছে বেশি আকর্ষণীয় হতে পারে।

সম্ভাব্য বাণিজ্য অংশীদার হিসেবে চীন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, রাশিয়া, ব্রাজিল, মেক্সিকো, চিলি, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও চীনা তাইপের নাম উল্লেখ করেন তিনি। এসব দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির সম্ভাবনা যাচাই করে দ্রুত উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা রেসিপ্রোকাল ট্রেড চুক্তির বিভিন্ন শর্ত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, জাপানের সঙ্গে ইপিএ তুলনামূলক ভালো হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে বাংলাদেশের জন্য বেশ কিছু শর্ত রয়েছে। এর মধ্যে ১৯ শতাংশ রেসিপ্রোকাল ট্যারিফ, কৃষিপণ্যে স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (এসপিএস) শর্ত, শ্রমমান, ডিজিটাল বাণিজ্য এবং তৃতীয় দেশের সঙ্গে চুক্তির ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে।

বিশেষ করে চুক্তির নন-মার্কেট ক্লজ ভবিষ্যতে চীন, রাশিয়া ও আরসিইপিভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য আলোচনায় বাধা তৈরি করতে পারে বলে মনে করেন তিনি। তাই ভবিষ্যৎ চুক্তির ক্ষেত্রে এ ধরনের শর্তের প্রভাব সতর্কভাবে বিবেচনার পরামর্শ দেন।

চীনের বাজারে বাংলাদেশের রপ্তানি প্রত্যাশা অনুযায়ী না বাড়ার কারণ হিসেবে পণ্যের উৎপত্তি বিধি বা রুলস অব অরিজিনের কঠোর শর্তের কথা বলেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, চীনের বাজারে শুল্কমুক্ত সুবিধা থাকলেও অনেক পণ্যের ক্ষেত্রে অন্তত ৩৫ শতাংশ স্থানীয় মূল্য সংযোজনের শর্ত রয়েছে। তৈরি পোশাক খাতে বাংলাদেশের স্থানীয় মূল্য সংযোজনের সীমাবদ্ধতার কারণে এ সুবিধা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। তাই পণ্যের তালিকার পাশাপাশি স্থানীয় মূল্য সংযোজনের শর্ত নমনীয় করার বিষয়েও আলোচনায় গুরুত্ব দিতে হবে।

ভারতের বাজারে অপ্রচলিত পণ্য রপ্তানির সম্ভাবনা তুলে ধরে খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, দেশটি বিভিন্ন পণ্য আমদানি করলেও বাংলাদেশ থেকে সেসব পণ্যের রপ্তানি তুলনামূলক কম। উদাহরণ হিসেবে তিনি জানান, ভারত বছরে প্রায় ৪৬১ মিলিয়ন ডলারের বোভাইন লেদার আমদানি করে। এর মধ্যে বাংলাদেশ থেকে যায় মাত্র ১৪ মিলিয়ন ডলারের পণ্য। একইভাবে ভারত ৮৪৫ মিলিয়ন ডলারের ওষুধ আমদানি করলেও বাংলাদেশ থেকে যায় মাত্র ০.১ মিলিয়ন ডলারের ওষুধ। ব্যাগ ও বেকারি পণ্যসহ আরও কয়েকটি খাতে রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে।

তাঁর উপস্থাপিত গবেষণার তথ্য অনুযায়ী, ভারতের সঙ্গে এফটিএ হলে বাংলাদেশের মোট রপ্তানি ১৮২ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। উন্নত যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা গেলে এ প্রবৃদ্ধির সম্ভাবনা ২৯৭ শতাংশ পর্যন্ত হতে পারে। তাই ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ককে শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, অর্থনৈতিক সম্ভাবনার ভিত্তিতেও মূল্যায়ন করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

দেশের কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি নিয়েও উদ্বেগ জানান এই অর্থনীতিবিদ। তাঁর মতে, এসব পণ্যের বড় বাজার থাকলেও রপ্তানি এখনো মূলত প্রবাসী ও নির্দিষ্ট জনগোষ্ঠীর ভোক্তাদের মধ্যে সীমাবদ্ধ। আন্তর্জাতিক সরবরাহব্যবস্থায় প্রবেশ করতে হলে পণ্যের মান এবং ফাইটোস্যানিটারি শর্ত পূরণের সক্ষমতা বাড়াতে হবে। পাশাপাশি এক বা দুটি প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করে নতুন রপ্তানিকারক প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

ভারত-শ্রীলঙ্কা এফটিএর উদাহরণ দিয়ে তিনি বলেন, ১৯৯৮ সালে আলোচনা শুরুর পর তিন বছরের মধ্যে চুক্তিটি কার্যকর হয়েছিল। দুই দেশ ধাপে ধাপে পণ্যের তালিকা বাড়িয়েছে এবং পরে আরও বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির দিকে এগিয়েছে। বাংলাদেশেরও বাণিজ্য আলোচনায় অযথা বিলম্ব করা উচিত নয়। শ্রীলঙ্কার সঙ্গে একসময় এফটিএ আলোচনার সুযোগ থাকলেও যথাযথ গুরুত্ব না দেওয়ায় সেই সম্ভাবনা দুর্বল হয়েছে।

তিনি বলেন, অতিরিক্ত সুরক্ষামূলক অবস্থানের পরিবর্তে বাণিজ্য চুক্তিতে প্রতিযোগিতার সুযোগ বাড়াতে হবে। দীর্ঘমেয়াদে শুধু দেশীয় শিল্পকে সুরক্ষা দিয়ে রপ্তানি সক্ষমতা তৈরি করা সম্ভব নয়। প্রতিযোগিতা বাড়লে নতুন বিনিয়োগ আসবে, শিল্পের দক্ষতা বাড়বে এবং বিদেশি বিনিয়োগকারীরাও বাংলাদেশে উৎপাদনে আগ্রহী হবেন। তাই এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় এখনই সমন্বিত বাণিজ্য কৌশল নেওয়া জরুরি।

অনুষ্ঠানে ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ বলেন, বাংলাদেশের রপ্তানি ঝুঁকি কমাতে পণ্য ও গন্তব্য—দুই ক্ষেত্রেই রপ্তানি ঝুড়ির বৈচিত্র্য বাড়াতে হবে। রপ্তানি পণ্যে বৈচিত্র্যের অভাবে দেশের রপ্তানি আয় একটি নির্দিষ্ট পর্যায়ে আটকে থাকার ঝুঁকি তৈরি হয়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে নতুন পণ্য ও বাজার অনুসন্ধানে সর্বাত্মক প্রচেষ্টা চালানো প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন কার্যক্রমে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে। সরকারি-বেসরকারি সহযোগিতার পাশাপাশি গবেষণাপ্রতিষ্ঠান, শিক্ষাবিদ ও গণমাধ্যমকেও উন্নয়ন প্রক্রিয়ায় যুক্ত করা দরকার। দেশের উন্নয়ন প্রচেষ্টায় গণমাধ্যমের সম্ভাবনা ও সক্ষমতা কাজে লাগানোর উদ্যোগ বাড়াতে হবে।

প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, বাংলাদেশের রপ্তানি আয়ের বড় অংশ তৈরি পোশাক খাতনির্ভর। এ খাতে বৈচিত্র্য না এলে দেশের রপ্তানি কাঠামো ঝুঁকির মধ্যে থাকবে। তৈরি পোশাকের পর বিশ্ববাজারে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যের বড় সম্ভাবনা রয়েছে। এ খাতে রপ্তানি বাড়াতে সম্ভাবনা ও প্রতিবন্ধকতা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরতে হবে। সমস্যাগুলোর সমাধান করা গেলে দেশের সামগ্রিক রপ্তানি বৃদ্ধিতে কৃষি প্রক্রিয়াজাত শিল্প বড় ভূমিকা রাখতে পারবে বলে মন্তব্য করেন তিনি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23454 ,   Print Date & Time: Saturday, 21 November 2026, 02:26:38 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh