![]()
ইবি রিপোর্ট
বাজার সম্প্রসারণ, পণ্যের মান উন্নয়ন এবং ব্যবসায়িক সম্পর্ক জোরদারের লক্ষ্য নিয়ে কক্সবাজারে চার দিনব্যাপী ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন আয়োজন করেছে শ্যামলী সিমেন্ট শিট। সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ২০০ জন ডিলার ও খুচরা বিক্রেতা অংশ নেন। এতে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
শ্যামলী সিটি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান শ্যামলী সিমেন্ট শিট সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে এ সম্মেলনের আয়োজন করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, চার দিনব্যাপী আয়োজনে সারা দেশ থেকে আসা ব্যবসায়িক অংশীদারদের পাশাপাশি কোম্পানির কর্মকর্তারা অংশ নেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শ্যামলী সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সুশীল কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপটির পরিচালক সুশান্ত কুমার। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রশাসন প্রধান গৌতম হালদার।
আলোচনায় পণ্যের গুণগত মান বজায় রাখা এবং ডিলার ও খুচরা বিক্রেতাদের সঙ্গে প্রতিষ্ঠানের ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়টি উঠে আসে। ব্যবস্থাপনা পরিচালক সুশীল কুমার দাস বলেন, ডিলার ও খুচরা বিক্রেতারা প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রমের মূল চালিকাশক্তি। তাঁদের ধারাবাহিক প্রচেষ্টায় শ্যামলী সিমেন্ট শিট দেশের বাজারে গ্রাহকদের আস্থা অর্জন করেছে।
তিনি জানান, বাজারে প্রতিষ্ঠানের অবস্থান আরও শক্তিশালী করতে পণ্যের সম্ভার বাড়ানো হয়েছে। এর অংশ হিসেবে বিশ্বমানের শ্যামলী রুফিং শিট এবং সিটি ইস্পাত লিমিটেডের উন্নত মানের ঢেউটিন ও প্রোফাইল শিট যুক্ত করা হয়েছে।
ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়িক অংশীদারদের অবদান তুলে ধরে ভবিষ্যতেও পণ্যের মান ও গ্রাহকসেবার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অন্যদিকে, পরিচালক সুশান্ত কুমার আগামী দিনের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে বাজার সম্প্রসারণে ডিলার ও খুচরা বিক্রেতাদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি।
সম্মেলনের শেষ পর্বে অংশগ্রহণকারী ডিলার ও খুচরা বিক্রেতাদের জন্য র্যাফল ড্র আয়োজন করা হয়। এতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা।
প্রতিষ্ঠানটির এ আয়োজনের মধ্য দিয়ে ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে যোগাযোগ বাড়ানো, বাজারের অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ ব্যবসায়িক কার্যক্রমের লক্ষ্য নিয়ে আলোচনা করার সুযোগ তৈরি হয়।