• হোম > জাতীয় | বাংলাদেশ > ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, যেসব কাগজপত্র রাখবেন প্রস্তুত

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, যেসব কাগজপত্র রাখবেন প্রস্তুত

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১৬:৪৯
  • ২৪

---

ইবি রিপোর্ট  

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশজুড়ে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ করছে সরকার। এ কার্যক্রমের অংশ হিসেবে শিগগিরই বাড়ি, ফ্ল্যাট ও ঘরে ঘরে গিয়ে পরিবারের সদস্যদের তথ্য নেবেন তথ্য সংগ্রহকারীরা। এ জন্য প্রয়োজনীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন, মোবাইল ব্যাংকিং হিসাবসহ বিভিন্ন তথ্য ও নথি আগে থেকেই প্রস্তুত রাখার অনুরোধ জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর। একই সঙ্গে কার্ড দেওয়ার নামে কেউ অর্থ দাবি করলে তা না দেওয়ার বিষয়ে নাগরিকদের সতর্ক করা হয়েছে।

সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের তেজগাঁও সার্কেল কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড কর্মসূচি বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির এক নম্বর এবং সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত কর্মসূচি। দেশের প্রতিটি পরিবারকে শুমারির আওতায় আনতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ২০২৬ সালের অক্টোবর থেকে দেশব্যাপী তথ্য সংগ্রহের কাজ চলছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, তথ্য সংগ্রহকারীরা অল্প সময়ের মধ্যেই সংশ্লিষ্ট পরিবারগুলোর বাড়িতে যেতে পারেন। তাই তথ্য দেওয়ার সময় প্রয়োজন হতে পারে এমন কাগজপত্র ও পারিবারিক বিবরণ হাতের কাছে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

ফ্যামিলি কার্ড যে নারী সদস্যের নামে ইস্যু করা হবে, প্রথমেই তাঁর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) একটি কপি প্রস্তুত রাখতে হবে। পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের এনআইডির কপিও প্রয়োজন হবে। যেসব সদস্যের জাতীয় পরিচয়পত্র নেই, তাঁদের জন্মনিবন্ধন সনদ দেখাতে হবে। বিশেষ করে পরিবারের ১৮ বছরের কম বয়সী সদস্যদের জন্মনিবন্ধন সনদ সংগ্রহে রাখার কথা বলা হয়েছে।

এ ছাড়া কার্ডগ্রহীতা নারীর এনআইডি ব্যবহার করে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। পরিবারের সদস্যসংখ্যা, আয়-ব্যয় ও সম্পদের বিবরণও সঠিকভাবে প্রস্তুত রাখতে হবে। তথ্য সংগ্রহের সময় বাড়ির ছবি এবং কার্ডের জন্য মনোনীত নারীর ছবির প্রয়োজন হতে পারে। এ ছাড়া নির্ধারিত ফরমে স্বাক্ষর অথবা টিপসই দেওয়ার প্রস্তুতি রাখার অনুরোধ জানিয়েছে অধিদপ্তর।

কর্মসূচি বাস্তবায়নে আর্থিক লেনদেনের বিষয়ে সতর্কবার্তাও দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে কোনো ব্যক্তি অর্থ চাইলে তাঁকে টাকা দেওয়া যাবে না। অর্থের বিনিময়ে কার্ড পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিকে প্রতারণার সম্ভাব্য কৌশল হিসেবে বিবেচনা করে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তথ্য সংগ্রহকারীদের কাছে পরিবারের সব বিবরণ সঠিকভাবে তুলে ধরার পাশাপাশি কোনো পরিবার যেন শুমারির বাইরে থেকে না যায়, সে বিষয়েও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। অর্থাৎ তথ্য দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার পাশাপাশি পরিবারের সব সদস্যের তথ্য যথাযথভাবে অন্তর্ভুক্ত হচ্ছে কি না, সেদিকেও নজর রাখতে হবে।

কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সহযোগিতা চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজ নিজ অবস্থান থেকে প্রচার কার্যক্রমে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়।

এ ছাড়া সংশ্লিষ্ট এলাকার মসজিদের ইমাম, খতিব, প্রতিষ্ঠানপ্রধান এবং সুশীল সমাজের প্রতিনিধিদেরও সহযোগিতা কামনা করেছে অধিদপ্তর। তাঁদের মাধ্যমে কর্মসূচির উদ্দেশ্য ও তথ্য সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে স্থানীয় পর্যায়ে মানুষকে অবহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সমাজসেবা অফিসার ইনসান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে জনসচেতনতা তৈরি এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের এ কার্যক্রমে নাগরিকদের সঠিক তথ্য প্রদান এবং সামাজিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচির আওতা বাড়ানোর আহ্বান জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23434 ,   Print Date & Time: Saturday, 21 November 2026, 01:32:49 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh