• হোম > আন্তর্জাতিক | জাতীয় > ছারপোকার উপদ্রবে ওয়াশিংটনে ফেমার সদর দপ্তর বন্ধ

ছারপোকার উপদ্রবে ওয়াশিংটনে ফেমার সদর দপ্তর বন্ধ

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১৬:৪২
  • ১১

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (ফেমা) সদর দপ্তরে ছারপোকা পাওয়ায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে ভবনটি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কর্মীদের শুক্রবার বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পোকামাকড় নির্মূলে পুরো ভবনে কীটনাশক প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ফেমার সদর দপ্তরের একটি কক্ষে ছারপোকা পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরিস্থিতি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এবিসি নিউজের হাতে আসা ফেমার অভ্যন্তরীণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভবনে পোকামাকড়ের উপদ্রব মোকাবিলা এবং কর্মীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে কীটনাশক প্রয়োগ করা হবে। এ কারণে ভবনটিতে প্রবেশাধিকার সীমিত রাখা হয়েছে।

ফেমা এক বিবৃতিতে জানায়, ওয়াশিংটনের ৫০০ সি স্ট্রিট সাউথওয়েস্টে অবস্থিত সংস্থাটির সদর দপ্তরে অল্পসংখ্যক ছারপোকা পাওয়া গেছে। তবে পুরো ভবনে এগুলো ছড়িয়ে পড়েনি। সমস্যাটি একটি নির্দিষ্ট কক্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

সংস্থাটি আরও জানায়, কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবনের ইজারাদার কর্তৃপক্ষ আক্রান্ত স্থান পরিদর্শন করে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে।

সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে পাশের ৪০০ সি স্ট্রিট সাউথওয়েস্ট ভবনটিও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সেখানে কীটনাশক প্রয়োগ করা হবে। তবে ওই ভবনে কোনো ছারপোকা পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে ফেমা।

সংস্থাটির প্রত্যাশা, সোমবার থেকে দুটি ভবনেই স্বাভাবিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

ফেমা জানিয়েছে, সদর দপ্তর সাময়িকভাবে বন্ধ থাকলেও সংস্থার কার্যক্রম পুরোপুরি সচল রয়েছে। যেকোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার জন্য তারা প্রস্তুত।

এ ছাড়া ভবন বন্ধ রাখার কারণে জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট কার্যক্রম, দুর্যোগ মোকাবিলা কিংবা অঙ্গরাজ্য, স্থানীয়, উপজাতীয় ও আঞ্চলিক অংশীদারদের সহায়তা কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না বলেও বিবৃতিতে উল্লেখ করেছে সংস্থাটি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23432 ,   Print Date & Time: Saturday, 21 November 2026, 01:32:47 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh