![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের উদ্যোগ নতুন গতি পেয়েছে। ২০৩২ সালের মধ্যে কারাগারটি পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন শহরটির মেয়র জোহরান মামদানি। এর পরিবর্তে শহরের চারটি এলাকায় নতুন কারাগার নির্মাণ এবং বন্দির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার ঘোষিত এই পরিকল্পনায় বন্দিদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বিচারাধীন ব্যক্তিদের কারাগারে রাখার বিকল্প ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়েছে। তবে বন্দির সংখ্যা কমানোর লক্ষ্য নিয়ে আপত্তি তুলেছে কারা কর্মকর্তাদের ইউনিয়ন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রাইকার্স কারাগার বন্ধের উদ্যোগ শুরু হয়েছিল ২০১৯ সালে। ওই বছর নিউইয়র্ক সিটি কাউন্সিল কারাগারটি বন্ধের পক্ষে ভোট দেয়। সে সময় চলতি বছরের মধ্যে এটি বন্ধ করার পরিকল্পনা থাকলেও বন্দিদের স্থানান্তর ও প্রশাসনিক জটিলতায় তা বাস্তবায়িত হয়নি।
মেয়র মামদানি এই বিলম্বের জন্য সাবেক মেয়র এরিক অ্যাডামসের প্রশাসনের ধীরগতি এবং করোনা মহামারীকে দায়ী করেছেন।
কারাগারটি বন্ধের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডানা কাপলান শুক্রবার বিবিসিকে বলেন, নতুন পরিকল্পনার লক্ষ্য কেবল একটি জরাজীর্ণ কারাগার বন্ধ করা নয়। বরং এটি বন্দি ব্যবস্থায় পরিবর্তন আনার একটি ‘প্রজন্মান্তরের সুযোগ’। এর মাধ্যমে মানুষকে আরও উপযুক্ত ও মানবিক পরিবেশে রাখার ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
৪১৩ একর আয়তনের রাইকার্স কারাগারটি নিউইয়র্কের কুইন্স ও ব্রঙ্কস এলাকার মাঝখানে একটি দ্বীপে অবস্থিত। বর্তমানে সেখানে ৬ হাজার ৫০০ জনের বেশি বন্দি রয়েছেন। বিচারের অপেক্ষায় থাকা আলোচিত ব্যক্তিদের মধ্যে টুপাক শাকুর, মার্কিন র্যাপশিল্পী ডিএমএক্স নামে পরিচিত আর্ল সিমন্স এবং হার্ভে ওয়াইনস্টিন এই কারাগারে ছিলেন।
দীর্ঘদিন ধরেই কারাগারটির পরিবেশ, অবকাঠামো ও ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা রয়েছে। কারা কর্মকর্তাদের স্বল্পতা, বন্দিদের প্রতি নির্যাতন এবং মৃত্যুর ঘটনা প্রতিষ্ঠানটিকে বিতর্কের কেন্দ্রে রেখেছে। চলতি বছরেই সেখানে নয়জন বন্দির মৃত্যু হয়েছে।
শুক্রবার প্রকাশিত ৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে মেয়র মামদানি বলেন, রাইকার্স কারাগারের অবনতিশীল অবকাঠামোই এর বর্তমান পরিস্থিতির অন্যতম কারণ। এটি বন্ধ করা এখন একটি ‘নৈতিক দায়িত্ব’।
পরিকল্পনা অনুযায়ী, নিউইয়র্কে চারটি নতুন কারাগার নির্মাণ করা হবে। ২০২৯ সালের মধ্যে ব্রুকলিনে প্রথম কারাগার চালু করার লক্ষ্য রয়েছে। এরপর ২০৩১ সালের মধ্যে ব্রঙ্কস ও কুইন্সে দুটি এবং ২০৩২ সালের মধ্যে ম্যানহাটনে আরেকটি কারাগার চালুর পরিকল্পনা করা হয়েছে।
তবে এই পরিকল্পনা বাস্তবায়নে নিউইয়র্ক সিটি কাউন্সিলের অনুমোদন প্রয়োজন। সিটি কাউন্সিলের স্পিকারসহ কয়েকজন সদস্য ইতোমধ্যে প্রস্তাবটির প্রতি সমর্থন জানিয়েছেন।
মামদানির প্রশাসন কারাগারে বন্দির সংখ্যা ৬ হাজার ৫০০ থেকে কমিয়ে ৪ হাজার ১০০-তে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। এ জন্য বিচারাধীন ব্যক্তিদের কারাগারে রাখার পরিবর্তে বিকল্প কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
তবে এই উদ্যোগের বিরোধিতা করেছে নিউইয়র্ক সিটি কারেকশন অফিসার্স বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশন। সংগঠনটির মতে, নতুন পরিকল্পনা বাস্তবসম্মত নয় এবং এটি নিউইয়র্কের বাসিন্দাদের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে।
ইউনিয়নের আপত্তির জবাবে ডানা কাপলান বলেন, বন্দির সংখ্যা কমানো বাস্তবিকভাবেই সম্ভব। সেই লক্ষ্য বিবেচনায় রেখেই নতুন পরিকল্পনা তৈরি করা হয়েছে।
মেয়রের কার্যালয় জানিয়েছে, নতুন কারাগারগুলোতে বন্দিরা দিনের আলো, বিশুদ্ধ বাতাস ও পরিচ্ছন্ন পরিবেশ পাবেন। পাশাপাশি পরিবারের সদস্যদের জন্য বন্দিদের সঙ্গে দেখা করাও সহজ হবে। বর্তমানে শহর থেকে দূরে রাইকার্স দ্বীপে যাতায়াতে কয়েক ঘণ্টা সময় লাগে।
এ ছাড়া বন্দিদের মানসিক স্বাস্থ্যসেবা, মাদকাসক্তির চিকিৎসা এবং কারিগরি ও শিক্ষামূলক প্রশিক্ষণের জন্য ১৪ কোটি ৬০ লাখ ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে।
আইন অনুযায়ী, রাইকার্স কারাগার ২০২৭ সালের মধ্যে বন্ধ করার কথা থাকলেও নতুন পরিকল্পনায় ২০৩২ সাল পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।