• হোম > জাতীয় | রাজধানী > সাভার-আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে সহিংসতা, গ্রেফতার ৯৬

সাভার-আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে সহিংসতা, গ্রেফতার ৯৬

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১৬:২৫
  • ১৯

---

ইবি রিপোর্ট  

ঢাকার সাভার ও আশুলিয়ায় শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা, কারখানা ভাঙচুর, পুলিশের ওপর হামলা এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় পাঁচ শ্রমিকনেতাকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ। এ নিয়ে সাভার ও আশুলিয়া থানায় দায়ের করা ১৮টি মামলায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ জনে। গ্রেফতার পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা জেলা পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ নভেম্বর সকাল ১১টার দিকে ন্যূনতম মজুরি বৃদ্ধি ও অন্যান্য দাবিতে সাভারের হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন প্রায় পাঁচ থেকে ছয় হাজার মানুষ। পরিস্থিতি স্বাভাবিক করে যান চলাচল চালুর উদ্যোগ নিলে পুলিশের ওপর ইটপাটকেল, ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করেন আন্দোলনকারীদের একাংশ। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ও দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। ঘটনায় সাভার মডেল থানার ওসিসহ ২০ থেকে ৩০ জন পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় সাভার মডেল থানায় দায়ের করা ১৬ নম্বর মামলার তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর গত ১৭ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক এক সংসদ সদস্যের বাসা থেকে দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন গ্রিন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সুলতানা বেগম (৫০) এবং সাধারণ সম্পাদক ইলিয়াস (৫১)। তাদের বিরুদ্ধে কারখানার মালিকদের কাছে চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

অন্যদিকে, গত ৩ নভেম্বর আশুলিয়ার ঘোষবাগ এলাকায় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে ৪০০ থেকে ৫০০ জনের একটি দল একটি তৈরি পোশাক কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে কারখানাটির প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়। হামলায় বাধা দিতে গেলে কারখানার প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপকের মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে কারখানার ফটকে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে তিনটি ককটেল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় আশুলিয়া থানায় করা ২ নম্বর মামলার তদন্তে স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আরও তিন শ্রমিকনেতাকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামীম (৪৮), বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জিরাবো আঞ্চলিক কমিটির সভাপতি মনসুর আলী (৪৬) এবং জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক আবদুল হালিম (৩৭)।

পুলিশের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৯ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সাভার ও আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের বিভিন্ন ঘটনায় শিল্প পুলিশ ও ঢাকা জেলা পুলিশের সাতটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি যানবাহন পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়। পৃথক এসব ঘটনায় প্রায় ৫০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া আশুলিয়া থানায় দায়ের করা ১৬ নম্বর মামলার তথ্য অনুযায়ী, পরিকল্পিত হামলায় একজন পোশাকশ্রমিক নিহত হয়েছেন।

পুলিশের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেফতার শ্রমিকনেতারা শ্রমিকদের ন্যায্য দাবিকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা করেছেন। আন্দোলনে অংশ নেওয়া কিংবা নীরব থাকার জন্য শ্রমিকদের চাপ ও হুমকি দেওয়ার পাশাপাশি আন্দোলনকে সহিংস করে তুলতে অর্থায়নের তথ্যও পেয়েছে পুলিশ। এ ছাড়া নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার তথ্য পাওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি।

পুলিশের দাবি, শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকা কিংবা ন্যায্য মজুরির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়ার কারণে কাউকে গ্রেফতার করা হয়নি। নির্দিষ্ট মামলায় সহিংসতা, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব ঘটনার তদন্ত চলমান রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23424 ,   Print Date & Time: Saturday, 21 November 2026, 01:32:50 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh