![]()
ইবি রিপোর্ট
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জরুরি ব্যবস্থাপনা, চিকিৎসাসেবা ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামোর প্রশংসা করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। কেন্দ্রটির অভ্যন্তরীণ জরুরি প্রস্তুতিতে সুনির্দিষ্ট কোনো ঘাটতি চিহ্নিত করেনি সংস্থাটির বিশেষজ্ঞ দল। তবে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদার করার সুপারিশ করেছে তারা। আইএইএর ১০ দিনব্যাপী পর্যালোচনা মিশনে বাংলাদেশের পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা মূল্যায়নে এসব বিষয় উঠে এসেছে।
গত ৮ থেকে ১৮ নভেম্বর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) তত্ত্বাবধানে এ পর্যালোচনা পরিচালিত হয়। শনিবার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান আইএইএর মূল্যায়নের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এই মূল্যায়ন বুঝতে কেন্দ্রের অভ্যন্তরীণ বা অন-সাইট এবং কেন্দ্রের বাইরের বা অফ-সাইট জরুরি ব্যবস্থাপনার পার্থক্য বিবেচনায় নেওয়া প্রয়োজন। অন-সাইট ব্যবস্থাপনার আওতায় রয়েছে কেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান, দুর্ঘটনা মোকাবিলা, অগ্নিনির্বাপণ, চিকিৎসাসেবা এবং কর্মীদের নিরাপত্তা। অন্যদিকে অফ-সাইট ব্যবস্থাপনায় জাতীয় ও স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উদ্ধারকারী সংস্থা এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা প্রয়োজন।
আইএইএর মূল্যায়ন প্রতিবেদনে বাংলাদেশের জরুরি প্রস্তুতি ও সাড়াদান ব্যবস্থার দুটি ইতিবাচক দিক তুলে ধরা হয়েছে। এর একটি হলো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা। পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি পরিস্থিতিতে সমন্বিতভাবে কাজ করার ক্ষেত্রে এ অভিজ্ঞতা সহায়ক হতে পারে। দ্বিতীয়টি হলো রূপপুর বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান সক্ষমতা।
বিশেষজ্ঞ দল কেন্দ্রের বিশেষায়িত চিকিৎসাসেবা এবং মনস্তাত্ত্বিক সহায়তাসম্পন্ন চিকিৎসাকেন্দ্রের প্রশংসা করেছে। পাশাপাশি অগ্নিনির্বাপণ কর্মীদের ব্যবহারিক প্রশিক্ষণের জন্য তৈরি আধুনিক ফায়ার স্টেশন সিমুলেটরকেও ইতিবাচকভাবে মূল্যায়ন করেছে।
ড. জাহেদুল হাসান বলেন, ‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি শুধু একটি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল নয়। কেন্দ্রের নিজস্ব প্রস্তুতির পাশাপাশি জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত সক্ষমতাও গুরুত্বপূর্ণ। রূপপুরের জরুরি সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাসেবা ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামো আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের মূল্যায়নে শক্তিশালী দিক হিসেবে চিহ্নিত হওয়া তাৎপর্যপূর্ণ।’
জাতীয় পর্যায়ে সমন্বয় বাড়ানোর সুপারিশকে কেন্দ্রের নিজস্ব ব্যবস্থাপনার দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই বলেও জানান তিনি। তাঁর মতে, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে দায়িত্ব বণ্টন, পারস্পরিক যোগাযোগ এবং সমন্বিত কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা আরও কার্যকর করাই এ সুপারিশের লক্ষ্য। নিয়মিত প্রশিক্ষণ, প্রস্তুতি যাচাই এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণের মাধ্যমে রূপপুরের সক্ষমতা বাড়াতে এনপিসিবিএল কাজ করছে।
পরমাণু বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক নিরাপত্তা চর্চায় নিয়মিত পর্যালোচনা, প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে সক্ষমতা উন্নত করা একটি স্বাভাবিক প্রক্রিয়া। কোনো সুপারিশের অর্থ বিদ্যমান ব্যবস্থায় ঘাটতি থাকা কিংবা সেটি অকার্যকর হওয়া নয়। আইএইএর মূল্যায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি যাচাই এবং সমন্বিত সাড়াদানের সক্ষমতা পরীক্ষায় পূর্ণাঙ্গ জরুরি মহড়া ও মূল্যায়ন কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
পর্যালোচনা মিশনের প্রধান মার্ক ব্রেইটিঙ্গার বলেন, আইএইএর নিরাপত্তা মানদণ্ড অনুসারে পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি প্রস্তুতি এবং সাড়াদানব্যবস্থা উন্নয়নে বাংলাদেশ দৃঢ় অঙ্গীকার দেখিয়েছে। রূপপুরের কমিশনিং প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উন্মুক্ত ও গঠনমূলক মনোভাবেরও প্রশংসা করেন তিনি।
বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, রূপপুরের কার্যক্রম শুরুর আগে সর্বোচ্চ পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার। আইএইএর এই পর্যালোচনা দেশের প্রস্তুতি যাচাই এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর সুযোগ তৈরি করেছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, আইএইএর সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয়, জরুরি সেবাদানকারী সংস্থা এবং স্থানীয় প্রশাসনের দায়িত্ব নির্ধারণ করে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং ও বাণিজ্যিক উৎপাদনের প্রস্তুতির এই সময়ে আইএইএর পর্যালোচনাকে কেন্দ্রটির বিদ্যমান সক্ষমতার স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। একই সঙ্গে জাতীয় পর্যায়ে জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয় আরও সুসংহত করার দিকনির্দেশনা হিসেবেও বিবেচনা করা হচ্ছে এই মূল্যায়নকে।