• হোম > জাতীয় | প্রধানমন্ত্রী | বাংলাদেশ > ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে মর্যাদাশীল রাষ্ট্র গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে মর্যাদাশীল রাষ্ট্র গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১৫:৪৬
  • ১৫

---

ইবি রিপোর্ট  

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বদরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার মর্যাদা সমুন্নত রাখা এবং বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণ নিশ্চিত করাকে সরকারের অঙ্গীকার হিসেবে তুলে ধরেছেন তিনি। শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শনিবার সকালে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি জানান।

এর আগে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। পুষ্পস্তবক অর্পণের সময় শহীদদের স্মরণে বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে শিখা অনির্বাণের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধারা সাহসিকতার সঙ্গে যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, সেই দেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য। রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মান এবং সহযোগিতা অব্যাহত রাখা হবে।

মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে কেউ বীরশ্রেষ্ঠ, কেউ বীর উত্তম, বীর বিক্রম কিংবা বীর প্রতীক খেতাব পেয়েছেন উল্লেখ করে তারেক রহমান বলেন, এসব উপাধির বাইরেও স্বাধীনতার জন্য লড়াই করে একটি জাতির বিজয় অর্জনের গৌরব অনেক বড় বিষয়। জীবনে এমন অর্জনের সুযোগ সবার হয় না। এ কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ।

অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, কারও সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার সুযোগ হয়েছিল, আবার কারও পরিবারের সদস্য শহীদ হয়েছেন। প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সবাই মহান মুক্তিযুদ্ধের গৌরবের অংশীদার। তাঁদের প্রতি বীরোচিত অভিনন্দন জানান তিনি।

স্বাধীনতা অর্জনে আত্মত্যাগের প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম এবং আহত ও পঙ্গুত্ববরণকারী মানুষের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। এ সময় তিনি মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়াকে রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী দিবসে তাঁদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র নিজের দায় কিছুটা হলেও পূরণের চেষ্টা করেছে।

নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিয়ে তারেক রহমান বলেন, ‘এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমিও গর্বিত। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের যেকোনও গৌরব ও সাফল্য আমাকেও আন্দোলিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান নিজেও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। এটিও সশস্ত্র বাহিনীর জন্য গর্বের বিষয়।’

তিনি আরও বলেন, জনগণের ভোটে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবার মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে এ সিদ্ধান্তের যথার্থতা প্রমাণিত হয়েছে। এ ছাড়া ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয়।

বীর মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, সময়ের সঙ্গে অনেক মুক্তিযোদ্ধা বয়সের ভারে ক্লান্ত হয়ে পড়েছেন। তবে জীবনের শেষ পর্যায়েও তাঁদের চোখে স্বাধীনতার দীপ্তি অটুট রয়েছে।

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা জীবিত বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিবছর যে উদ্যোগ নেয়, তার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। বক্তব্যের শেষ পর্যায়েও মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানান প্রধানমন্ত্রী।

এদিকে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23411 ,   Print Date & Time: Saturday, 21 November 2026, 10:11:59 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh