• হোম > জাতীয় | বাংলাদেশ > দেশের বাইরে ঠিকানা নেই, এ দেশেই থাকব: মীর শাহে আলম

দেশের বাইরে ঠিকানা নেই, এ দেশেই থাকব: মীর শাহে আলম

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১৫:৪৩
  • ১৫

---

ইবি রিপোর্ট  

দেশের মানুষের কল্যাণ ও প্রত্যাশা পূরণকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, দেশের বাইরে তাদের কারও কোনো ঠিকানা নেই। এ দেশেই থেকে জনগণের কল্যাণে কাজ করে যাবেন তারা। আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য গোবিন্দগঞ্জ সফর সামনে রেখে শনিবার (২১ নভেম্বর) এলাকার বিভিন্ন কর্মসূচির স্থান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

শনিবার সকাল ১১টায় গোবিন্দগঞ্জে পৌঁছে প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমন এবং সফর উপলক্ষে নির্ধারিত কর্মসূচির স্থানগুলো ঘুরে দেখেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তার সঙ্গে ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ সফরে আসার কথা রয়েছে। সফরকে কেন্দ্র করে বেশ কয়েকটি উন্নয়নমূলক কর্মসূচির সম্ভাব্য পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে করতোয়া নদী খনন কার্যক্রমের উদ্বোধন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানপ্রধানদের সম্মানি প্রদান।

এ ছাড়া প্রধানমন্ত্রীর সফরসূচিতে দুটি পথসভায় বক্তব্য দেওয়ার সম্ভাবনাও রাখা হয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট স্থানগুলো পরিদর্শন এবং প্রয়োজনীয় প্রস্তুতির অগ্রগতি পর্যবেক্ষণ করেন দুই প্রতিমন্ত্রী।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মীর শাহে আলম। তিনি জানান, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে আসবেন এবং নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। সফরটি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য যা কল্যাণকর, বিএনপি সরকার সেটিই বাস্তবায়ন করবে। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সরকার কাজ করবে। তিনি আরও বলেন, গোবিন্দগঞ্জ সফরের মধ্য দিয়ে এলাকার উন্নয়ন, নদী খনন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটবে।

মীর শাহে আলমের ভাষ্য অনুযায়ী, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের মাধ্যমে সাধারণ পরিবার এবং কৃষকদের কল্যাণে সরকারের পরিকল্পনা বাস্তবায়নের কাজ আরও এগিয়ে যাবে। এসব উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য সরকারের পরিকল্পনা বাস্তবায়নে নতুন গতি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে গোবিন্দগঞ্জে নেওয়া প্রস্তুতি পরিদর্শনের সময় প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23409 ,   Print Date & Time: Saturday, 21 November 2026, 10:01:50 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh