• হোম > আইন আদালত > শিশু অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর

শিশু অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১৫:২৫
  • ২০

---

ইবি রিপোর্ট

কুমিল্লার আলোচিত শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া শুরু হতে যাচ্ছে আগামী ২৯ নভেম্বর। ওই দিন মামলাটির চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে। বয়সের পার্থক্যের কারণে আসামিদের বিচার কার্যক্রম চলবে দুটি পৃথক আদালতে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর কাইমুল হক। তিনি জানান, আগামী ২৯ নভেম্বর মামলার চার্জ গঠনের মধ্য দিয়ে বিচারকাজ শুরু হবে।

আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় অভিযুক্ত চারজনের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক এবং বাকি দুজন প্রাপ্তবয়স্ক। এ কারণে বয়স বিবেচনায় তাদের বিচার দুটি আলাদা আদালতে পরিচালিত হবে।

আসামিদের পক্ষে স্থানীয় কোনো আইনজীবী মামলাটি পরিচালনায় অংশ নেবেন না বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর কাইমুল হক। তাঁর ভাষ্য, কুমিল্লার কোনো আইনজীবী আসামিপক্ষে দাঁড়ানোর সিদ্ধান্ত নেননি। আসামিপক্ষ কোনো মানবাধিকার সংগঠনের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে। তবে রাষ্ট্রপক্ষ নিজেদের মতো করে বিচারিক কার্যক্রম চালিয়ে যাবে।

এদিকে ছেলের হত্যার বিচার শুরু হওয়ার খবরে সন্তোষ প্রকাশ করেছেন নিহত অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। তিনি বলেন, “আমার ছেলেকে হত্যাকারীদের বিচারকাজ শুরু হওয়ার খবরটি শুনে ভালো লাগছে। আমরা আইন এবং আদালতের প্রতি আস্থাশীল। আশা করছি ন্যায়বিচার পাব।”

গত ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি সে।

অপ্রতিমের খোঁজ না পেয়ে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল অপ্রতিম। তদন্তে উঠে আসে, তার কাছে থাকা আইফোনটি নেওয়ার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়। পুলিশ জানায়, এ হত্যাকাণ্ডে চারজন অংশ নেয়। পরে তাদের সবাইকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

আদালতে হাজির করার পর চার আসামির মধ্যে একজন ছাড়া বাকি তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা এ ঘটনায় গত ২০ অক্টোবর চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এবার ২৯ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23403 ,   Print Date & Time: Saturday, 21 November 2026, 09:45:52 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh