• হোম > শিক্ষা > জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় যুক্ত হচ্ছে আরও তিন বিশ্ববিদ্যালয়

জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় যুক্ত হচ্ছে আরও তিন বিশ্ববিদ্যালয়

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১৫:০৩
  • ১১

---

ইবি রিপোর্ট

২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন আসছে না। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১৯, ২০ ও ২৭ মার্চ অনুষ্ঠিত হবে তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা। একই সঙ্গে নতুন করে তিনটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হওয়ায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে ২৩টিতে দাঁড়াচ্ছে।

শনিবার (২১ নভেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার মূল কমিটির কো-কনভেনর এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী।

নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৯ মার্চ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ২০ মার্চ নেওয়া হবে ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা। এ ছাড়া ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ মার্চ।

পরীক্ষার তারিখ পরিবর্তনের সম্ভাবনা সম্পর্কে অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, ‘গুচ্ছ ভর্তি পরীক্ষা আগের নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত রয়েছে। তারিখ পরিবর্তনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। মার্চ মাস থেকে পরীক্ষা শুরু হওয়ার কারণে তারিখ পরিবর্তনের প্রয়োজন হবে না বলে মনে করি।’

এবারের ভর্তি কার্যক্রমে নতুন করে যুক্ত হচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় তিনটি বিষয় খোলা এবং শিক্ষার্থী ভর্তির জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন পেয়েছে। ফলে নতুন শিক্ষাবর্ষে এসব প্রতিষ্ঠানেও জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সুযোগ তৈরি হচ্ছে।

নতুন বিশ্ববিদ্যালয়গুলোর অন্তর্ভুক্তির বিষয়ে অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, ‘এবার আরও তিনটি বিশ্ববিদ্যালয় জিএসটি গুচ্ছে যুক্ত হয়েছে। এসব বিশ্ববিদ্যালয় ইউজিসি কর্তৃক সাবজেক্ট ও শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেয়েছেন। তাই তারা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।’

অন্যদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) গুচ্ছ ভর্তি ব্যবস্থা থেকে বেরিয়ে যেতে পারে বলে আলোচনা তৈরি হয়েছিল। তবে বিশ্ববিদ্যালয়টি শেষ পর্যন্ত জিএসটি গুচ্ছের অধীনেই থাকছে বলে জানিয়েছেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী। ফলে যবিপ্রবিকে নিয়ে গুচ্ছের বর্তমান কাঠামো বহাল থাকছে।

গত শিক্ষাবর্ষে অংশ নেয় ২০ বিশ্ববিদ্যালয়

২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছিল। প্রতিষ্ঠানগুলো হলো—ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।

নতুন তিনটি বিশ্ববিদ্যালয় যুক্ত হওয়ায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছের অধীন প্রতিষ্ঠানের সংখ্যা ২০ থেকে বেড়ে ২৩টিতে দাঁড়াচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়লেও ভর্তি পরীক্ষার ঘোষিত তারিখ অপরিবর্তিত থাকছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23395 ,   Print Date & Time: Saturday, 21 November 2026, 09:29:42 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh