![]()
ইবি রিপোর্ট
শেখ হাসিনার বিরুদ্ধে থাকা মামলাগুলোর রায় কার্যকর এবং অতীতে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেছেন, মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী ও মুজাহিদের মতো শেখ হাসিনারও ফাঁসি হবে। তাকেও ক্ষমা করা হবে না।
শুক্রবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে টেকনাফ পৌর শহরে বিএনপির কার্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ১ হাজার ৯০০টি মামলা রয়েছে। এসব মামলার রায় কার্যকর করতে হবে। মতিউর রহমান নিজামীর পরিণতির কথা উল্লেখ করে তিনি বলেন, নিজামীর ক্ষেত্রে যা ঘটেছে, তা ক্ষমা করা হয়নি। শেখ হাসিনাকেও ক্ষমা করতে দেওয়া হবে না। নিজামীর গলায় যেভাবে ফাঁসির দড়ি পরানো হয়েছিল, একইভাবে শেখ হাসিনারও ফাঁসি হবে।
জামায়াতে ইসলামীর নেতাদের বিচারের প্রসঙ্গ তুলে সংসদ সদস্য বলেন, মাওলানা মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী ও মুজাহিদসহ বিভিন্ন নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছিল এবং তাঁদের সাজা কার্যকর হয়েছে। অথচ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও মিথ্যা মামলায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। অসুস্থ অবস্থায় প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ না পেয়ে কারাগারে ধুঁকে ধুঁকে খালেদা জিয়ার মৃত্যু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অতীতে বিভিন্ন রাজনৈতিক নেতার বিচারের উদাহরণ টেনে শাহজাহান চৌধুরী প্রশ্ন করেন, শেখ হাসিনা কেন বিচারের আওতার বাইরে থাকবেন?
টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার বিষয়টিও বক্তব্যে তুলে ধরেন তিনি। শাহজাহান বলেন, একরাম আওয়ামী লীগ করতেন। তাহলে তাঁকে কেন হত্যা করা হয়েছিল এবং সেই হত্যার জবাব কে দেবে? শেখ হাসিনা, আবদুর রহমান বদি ও এ ঘটনায় সংশ্লিষ্টদের বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি। একই সঙ্গে অতীতে বিনা বিচারে হত্যা, গুম, নির্যাতন ও ক্রসফায়ারের ঘটনাগুলোর বিচার দাবি করেন।
শাহজাহান চৌধুরী বলেন, তাঁর অভিজ্ঞতা অনুযায়ী বাংলাদেশের মানুষ অন্যদের ক্ষমা করলেও শেখ হাসিনাকে ক্ষমা করবে না। শেখ হাসিনার বিচারের রায় জনগণ দেখে যাবে। জুলাই আন্দোলনে দুই হাজার মানুষ হত্যার অভিযোগ তুলে এসব ঘটনার বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। এ সময় মেজর সিনহা হত্যার বিষয়টিও উল্লেখ করেন।
টেকনাফের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন সংসদ সদস্য। তিনি বলেন, এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ব্যবসা ও মানব পাচার বন্ধ করতে হবে। এসব অপরাধে জড়িত ব্যক্তিদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে।
এ জন্য টেকনাফে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম জোরদার করে অবৈধ অস্ত্র উদ্ধারের কথা জানান তিনি। মানুষের জিম্মিদশা দূর করতে অপরাধীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সংসদ সদস্য।
এলাকার উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে শাহজাহান চৌধুরী বলেন, বর্ষা শেষ হওয়ায় এখন উন্নয়নের কাজ এগিয়ে নেওয়া হবে। টেকনাফ স্থলবন্দর সুষ্ঠুভাবে পরিচালনার পাশাপাশি আরও একটি বন্দর প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। ব্যবসা-বাণিজ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার কথাও জানান তিনি।
সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক করে শাহজাহান চৌধুরী বলেন, ভুল করলে তার চরম মাশুল দিতে হবে। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “একটা ঘর জ্বললে দশটা ঘর জ্বলবে।” কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে টেকনাফ উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।