![]()
ইবি রিপোর্ট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দিনাজপুরের পার্বতীপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানতাশা আরফিন মেঘলাকে (৩৪) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শুক্রবার (২০ নভেম্বর) রাতে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার চাঁদনগর মহল্লার ভাসানী সড়কের হাসিনা মঞ্জিল নামের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মানতাশা আরফিন মেঘলা দিনাজপুরের পার্বতীপুর থানার বাবুপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত ডিএম মাসুদুর রহমানের মেয়ে এবং পার্বতীপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
এসআরবির দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে মুন্নি বেগম তার ছেলে আবির নবি দোয়াদকে সঙ্গে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। তারা পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজের মূল ফটকের সামনে অবস্থান করছিলেন। এ সময় মামলার আসামিরা প্রায় ৭০ জন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে দেশীয় বিভিন্ন অস্ত্রসহ সেখানে উপস্থিত হন।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, আসামিরা আন্দোলনকারীদের হাত-পা ভেঙে পঙ্গু করে দেওয়া, প্রাণে মেরে ফেলা এবং মরদেহ গুম করার হুমকি দেন। তাদের এমন হুমকির প্রতিবাদ জানালে আন্দোলনকারীদের লক্ষ্য করে হামলা চালানো হয়।
এ ঘটনায় মামলার বাদী মুন্নি বেগম ও তার ছেলে আবির নবি দোয়াদ মারধরের শিকার হন। হামলায় তারা রক্তাক্ত জখম হন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শুধু হামলাই নয়, পরবর্তী সময়ে আসামিরা বাদীর বাড়িঘরেও ভাঙচুর ও লুটপাট চালান বলে অভিযোগ করা হয়েছে। এসব ঘটনার পর হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি হিসেবে মানতাশা আরফিন মেঘলাকে গ্রেপ্তার করেছে এসআরবি।
শুক্রবার রাতে সৈয়দপুরের চাঁদনগর এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তারের পর বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজের সামনে আন্দোলনকারীদের ওপর হামলা, মারধর এবং বাদীর বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এসব অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে মেঘলাকে গ্রেপ্তার করা হয়েছে।