• হোম > দেশজুড়ে | বগুড়া > বগুড়ায় বিএনপির ধাওয়ায় মশাল ও ককটেল ফেলে পালাল আ.লীগ

বগুড়ায় বিএনপির ধাওয়ায় মশাল ও ককটেল ফেলে পালাল আ.লীগ

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১৪:১১
  • ২০

---

ইবি রিপোর্ট  

বগুড়ার নন্দীগ্রামে মশাল মিছিল বের করার পর বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে পড়ে মশাল ও ককটেল ফেলে পালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে আটটি জ্বলন্ত মশাল ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার রনবাঘা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী রনবাঘা বাইপাস এলাকার একটি সড়কে মশাল মিছিল বের করেন। মিছিলটি বগুড়া-নাটোর মহাসড়কের দিকে অগ্রসর হচ্ছিল। এ সময় মিছিলের খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করেন।

ধাওয়ার মুখে আওয়ামী লীগের নেতাকর্মীরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটান। এরপর মশাল ফেলে পাশের গ্রামের ভেতরে পালিয়ে যান তারা। ঘটনাস্থলে মশাল ও ককটেল পড়ে থাকার খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছায়।

পরে পুলিশ অভিযান চালিয়ে জ্বলন্ত অবস্থায় আটটি মশাল এবং একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রামের ভেতরে চলে যান।

ওসি বলেন, নাশকতার উদ্দেশ্যেই তারা মিছিল বের করেছিলেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23374 ,   Print Date & Time: Saturday, 21 November 2026, 08:41:31 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh