![]()
ইবি রিপোর্ট
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও কনসার্ট শেষ হওয়ার পর ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কলেজের বর্তমান ও সাবেক ছয় শিক্ষার্থীকে আটক করে নিউমার্কেট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন হল কর্তৃপক্ষ ও সাধারণ শিক্ষার্থীরা। আটক ব্যক্তিদের মধ্যে দুজন বর্তমানে কলেজে অধ্যয়নরত, অন্য চারজন সাবেক শিক্ষার্থী।
শুক্রবার (২১ নভেম্বর) দিনগত রাতে কলেজের উত্তর ছাত্রাবাস ও বিজয়-২৪ হলের মাঝামাঝি এলাকায় এ বিস্ফোরণ ঘটে। রাত ১২টার দিকে ককটেল বিস্ফোরণের পর কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে মধ্যরাতে বিজয়-২৪ হলের সামনে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা।
বিক্ষোভের পর হল প্রোভোস্টের উপস্থিতিতে বিজয়-২৪ হলে তল্লাশি চালানো হয়। এ সময় হলের বর্তমান ও সাবেক ছয় শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাদের নিউমার্কেট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই আয়োজনের অংশ হিসেবে কনসার্টও অনুষ্ঠিত হয়। কনসার্ট শেষ হওয়ার পর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ওসি বলেন, বিস্ফোরণের সময় ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তবে কলেজ কর্তৃপক্ষের অনুমতি না থাকায় পুলিশ ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারেনি। এ কারণে ঘটনার পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কলেজ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হয়।
তিনি আরও জানান, বিস্ফোরণের ঘটনার পর হল কর্তৃপক্ষ ও কলেজের শিক্ষার্থীরা ছয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক ব্যক্তিদের মধ্যে দুজন ঢাকা কলেজের বর্তমান শিক্ষার্থী এবং বাকি চারজন সাবেক শিক্ষার্থী। তারা সবাই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
ওসি মোহাম্মদ আইয়ুব বলেন, আটক ছয়জনের বিষয়ে পুলিশ যাচাই-বাছাই করছে। তাদের সংশ্লিষ্টতা ও ঘটনার বিস্তারিত জানতে প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি কলেজ কর্তৃপক্ষও থানায় আসার কথা জানিয়েছে।
কলেজ কর্তৃপক্ষ থানায় পৌঁছানোর পর তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে জানান নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তবে ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্ত ও যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে।