• হোম > আন্তর্জাতিক | জাতীয় > তিন কেন্দ্রীয় মন্ত্রীর প্রচারেও রক্ষা পেল না বিজেপি

তিন কেন্দ্রীয় মন্ত্রীর প্রচারেও রক্ষা পেল না বিজেপি

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১৩:২৩
  • ১৬

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক

দেড় মাসের ব্যবধানে রাজস্থানের স্থানীয় নির্বাচনের ফল পাল্টে গেল। শহরাঞ্চলের পৌরসভা নির্বাচনে এগিয়ে থাকা বিজেপি গ্রামাঞ্চলে পিছিয়ে পড়েছে। পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের এই সাফল্যে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। ফলাফল মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ও তাঁর দলকে চাপে ফেলেছে।

রাজস্থানের ৪১টি জেলা পরিষদের মধ্যে ৩৭টির ফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে ২৫টিতে জয় পেয়েছে কংগ্রেস। এসব জেলা পরিষদে বোর্ড গঠন করবে দলটি। অন্যদিকে বিজেপি জিতেছে মাত্র ৯টি জেলা পরিষদে। একটি জেলা পরিষদের নিয়ন্ত্রণ গেছে স্বতন্ত্র প্রার্থীদের হাতে। বাকি দুটি পরিষদে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

রাজ্যের ৪১৯টি পঞ্চায়েত সমিতিতেও কংগ্রেস এগিয়ে রয়েছে। দলটি ২৬৯টি সমিতিতে জয় পেয়ে বোর্ড গঠন করতে যাচ্ছে। বিপরীতে বিজেপি জয় পেয়েছে ৭৩টি পঞ্চায়েত সমিতিতে। বাকি ৬৩টিতে গঠিত হবে জোটভিত্তিক বোর্ড। এসব সমিতিতে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

আসনভিত্তিক ফলেও দুই দলের ব্যবধান দেখা গেছে। ৩৭টি জেলা পরিষদের আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে ৭৯৪টি। অন্যদিকে বিজেপির ঝুলিতে গেছে ৩৫৭টি আসন। পঞ্চায়েত সমিতিগুলোতে কংগ্রেস পেয়েছে ৩ হাজার ৭৫৮টি আসন। সেখানে বিজেপির প্রাপ্ত আসনসংখ্যা ২ হাজার ২১৩টি।

শুক্রবার রাতে ফল প্রকাশের পরই রাজনৈতিক প্রতিক্রিয়া জানায় কংগ্রেস। রাজস্থান কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। জয়পুরে সংবাদ সম্মেলনে তিনি ভজনলাল শর্মা সরকারের সমালোচনা করেন। তাঁর ভাষ্য, মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা জনগণের আস্থা হারিয়েছে।

গোবিন্দ সিং বলেন, সরকারের বয়স তিন বছর হওয়ার আগেই মানুষের প্রত্যাশা ভেঙেছে। রাজ্যবাসীর আশা ও ভরসা বর্তমান সরকারের ওপর থেকে সরে গেছে। বিজেপিকে বিশ্বাস করা ভুল ছিল বলেও মানুষ উপলব্ধি করেছে। শাসক দলের বিরুদ্ধে ক্ষোভের প্রতিফলন ঘটেছে নির্বাচনের ফলাফলে।

তিনি আরও বলেন, শহরাঞ্চলের পৌরসভা নির্বাচনে বিজেপি পুলিশ ও প্রশাসনের সহায়তায় জিতেছিল। তবে গ্রামের ভোটাররা এবার দলটিকে প্রত্যাখ্যান করেছেন।

রাজনৈতিক বিশ্লেষণে উঠে এসেছে, কয়েকটি সম্প্রদায়ের মধ্যে কংগ্রেসের সমর্থন বেড়েছে। তফসিল জাতি, জাট ও গুর্জর সম্প্রদায়ের সমর্থন ধরে রেখেছে দলটি। পাশাপাশি বিজেপির রাজপুত ভোটেও নিজেদের অবস্থান তৈরি করেছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নির্বাচনী এলাকা সাঙ্গানেরের পঞ্চায়েত সমিতিও হাতছাড়া হয়েছে বিজেপির।

নির্বাচনে জয় পেতে বিজেপি ব্যাপক প্রচার চালিয়েছিল। তিন কেন্দ্রীয় মন্ত্রী নিজ নিজ জেলায় নির্বাচনী প্রচারে অংশ নেন। গজেন্দ্র সিং শেখাওয়াত প্রচার করেন জোধপুরে। অর্জুনলাল মেঘাওয়াল ছিলেন বিকানিরে। ভূপেন্দ্র যাদব প্রচার চালান আলওয়ারে। তবে তিনটি জেলাতেই জয় পেয়েছে কংগ্রেস। বিজেপির রাজ্যপর্যায়ের অধিকাংশ হেভিওয়েট প্রার্থীও পরাজিত হয়েছেন।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শুক্রবার রাতে এক্সে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতায় রাজস্থানের মানুষ বিরক্ত। নির্বাচনের ফল সেই মনোভাবের প্রতিফলন।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী রাজস্থানের গ্রামীণ ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন। তাঁর বক্তব্য, সাধারণ মানুষের সুবিধার জন্য কংগ্রেস ১০০ দিনের কাজের প্রকল্প চালু করেছিল। বিজেপি সেটি বাতিল করে নিজেদের মতো নতুন প্রকল্প এনেছে। নতুন প্রকল্পে যুক্ত শর্তগুলোও মানুষ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন তিনি।

রাহুল গান্ধী কৃষি খাতের মানুষের দুরবস্থা নিয়েও কথা বলেন। তাঁর অভিযোগ, কৃষকদের সমস্যার দিকে বিজেপির নজর নেই। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের বাইরে এবং বেকারত্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কাজের সন্ধানে মানুষ গ্রাম ছেড়ে শহরে যাচ্ছে। কিন্তু শহরেও তাঁদের নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। তাঁর মতে, নির্বাচনের ফল বিজেপির প্রতি মানুষের অনাস্থা তুলে ধরেছে।

এদিকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা আশুতোষ রাঙ্কাও ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। রাজস্থানের তরুণ এই নেতা শিক্ষা খাতের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। প্রশ্নপত্র ফাঁসের পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি উঠেছিল। এরপর শিক্ষা খাত সংস্কারের দাবিতে সিজেপি দেশজুড়ে ‘স্কুল ঠিক করো’ আন্দোলন শুরু করে। রাজস্থানে সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন আশুতোষ রাঙ্কা। আন্দোলনের সময় বিজেপির বাধা ও মারধরের মুখেও পড়েছিলেন তাঁরা।

পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের পর আশুতোষ বলেন, সরকারের সাফল্য প্রচারের প্রতি মানুষের বিরক্তি প্রকাশ পেয়েছে। মানুষের সমস্যার সমাধান হচ্ছে না, বরং সহিংসতা বাড়ছে। শিক্ষিত ও অল্পশিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। তরুণ সমাজ ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে। তাঁর মতে, নির্বাচনের ফলাফলে এসব অসন্তোষের প্রতিফলন ঘটেছে।

তবে নির্বাচনের ফল নিয়ে কংগ্রেসের সমালোচনা করেছে বিজেপি নেতৃত্ব। ভোটচুরি, নির্বাচন কমিশন ও এসআইআর নিয়ে কংগ্রেসের অভিযোগের প্রসঙ্গ তোলেন রাজ্য বিজেপি সভাপতি মদন রাঠোর। রাহুল গান্ধীর উদ্দেশে তিনি জানতে চান, এবার তিনি কী বলবেন। ভোটচুরি, ইভিএম কারচুপি কিংবা এসআইআর নিয়ে আবারও অভিযোগ তুলবেন কি না, সেই প্রশ্নও করেন তিনি।

মদন রাঠোর বলেন, কংগ্রেসের সমস্যা হলো নির্বাচনে জিতলে সবকিছু ঠিক থাকে। কিন্তু পরাজিত হলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ তোলে দলটি। পাশাপাশি ইভিএমে কারচুপির অভিযোগও সামনে আনে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23362 ,   Print Date & Time: Saturday, 21 November 2026, 07:49:22 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh