• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > চামড়া ও জুতা কারখানায় শ্রমিকদের নতুন বেতন কার্যকর হচ্ছে

চামড়া ও জুতা কারখানায় শ্রমিকদের নতুন বেতন কার্যকর হচ্ছে

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৪
  • ৫

---

ইবি রিপোর্ট

চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিকদের দীর্ঘদিনের মজুরি কাঠামোয় পরিবর্তন এসেছে। নতুন সিদ্ধান্তে এ খাতের শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৯০০ টাকা। আগে এই খাতের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ছিল ৭ হাজার ১০০ টাকা। ফলে শ্রমিকদের ন্যূনতম বেতন এক ধাপে বেড়েছে ৪ হাজার ৮০০ টাকা।

গত সপ্তাহে শ্রমিক ও কর্মচারীদের নতুন মজুরি চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। নতুন কাঠামোতে কর্মচারীদের ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৪০৫ টাকা। আগে কর্মচারীদের সর্বনিম্ন বেতন ছিল ৮ হাজার ৫২৫ টাকা। সেই হিসাবে তাঁদের মাসিক মজুরি বেড়েছে ৫ হাজার ৮৮০ টাকা। অন্যদিকে শিক্ষানবিশ কর্মচারীদের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।

জানা গেছে, চলতি বছরের শুরুতে এই খাতের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের বোর্ড গঠন করা হয়। কয়েক দফা বৈঠকের পর গত আগস্টে বোর্ড নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করে। নির্ধারিত কাঠামো অনুযায়ী, প্রতিবছর শ্রমিকদের মজুরি ৫ শতাংশ হারে বাড়বে। এর আগে সর্বশেষ ২০২০ সালের সেপ্টেম্বর মাসে মজুরি বোর্ডের মাধ্যমে এ খাতের বেতন নির্ধারিত হয়েছিল।

নতুন কাঠামোতে শিক্ষানবিশ শ্রমিকদের মোট মাসিক মজুরি হবে ১০ হাজার টাকা। তাঁদের শিক্ষানবিশকাল নির্ধারণ করা হয়েছে তিন মাস। তবে প্রয়োজন বিবেচনায় এই সময়সীমা বাড়ানোর সুযোগ থাকবে মালিকপক্ষের।

নতুন মজুরি কাঠামোতে শ্রমিকদের জন্য মোট ছয়টি গ্রেড রাখা হয়েছে। এর মধ্যে ষষ্ঠ গ্রেডের সহকারী অপারেটরদের সর্বনিম্ন মাসিক বেতন ১১ হাজার ৯০০ টাকা। এই বেতনের মধ্যে মূল মজুরি ৬ হাজার টাকা এবং বাড়িভাড়া ৩ হাজার টাকা। পাশাপাশি চিকিৎসা ভাতা ১ হাজার, যাতায়াত ভাতা ৬০০ এবং খাদ্য ভাতা ১ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সব গ্রেডের শ্রমিক একই হারে এই তিন ধরনের ভাতা পাবেন।

পঞ্চম গ্রেডের জেনারেল অপারেটরদের মাসিক মোট মজুরি নির্ধারণ হয়েছে ১৩ হাজার ৮৫ টাকা। চতুর্থ গ্রেডের জুনিয়র অপারেটররা পাবেন ১৪ হাজার ৪০৫ টাকা। তৃতীয় গ্রেডের অপারেটরদের বেতন নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৮৭৫ টাকা। দ্বিতীয় গ্রেডের সিনিয়র অপারেটরদের মাসিক মজুরি দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৪৫ টাকা। আর প্রথম গ্রেডের চিফ কোয়ালিটি কন্ট্রোলার, লাইন লিডার ও স্যাম্পল ম্যানদের বেতন হয়েছে ২৩ হাজার ২৫৫ টাকা।

এদিকে কর্মচারীদের জন্য নতুন কাঠামোতে চারটি গ্রেড নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের মাসিক মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা। এর মধ্যে মূল বেতন ৭ হাজার ৬৭০ টাকা এবং বাড়িভাড়া ৩ হাজার ৮৩৫ টাকা। এ ছাড়া শ্রমিকদের মতো কর্মচারীরাও চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা মিলিয়ে ২ হাজার ৯০০ টাকা পাবেন।

কর্মচারীদের তৃতীয় গ্রেডের মাসিক মজুরি নির্ধারণ হয়েছে ১৬ হাজার ২৩৫ টাকা। দ্বিতীয় গ্রেডে এই পরিমাণ ১৮ হাজার ৮১৫ টাকা। আর প্রথম গ্রেডের কর্মচারীদের বেতন বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬০০ টাকা।

দেশে বর্তমানে প্রায় ২০০টি চামড়াপণ্য ও জুতা উৎপাদনের কারখানা রয়েছে। এসব প্রতিষ্ঠানে দুই লাখের বেশি শ্রমিক ও কর্মচারী কাজ করেন। মজুরি বোর্ডে শ্রমিকপক্ষ প্রথমে সর্বনিম্ন সাড়ে ১২ হাজার টাকা বেতনের প্রস্তাব দিয়েছিল। বিপরীতে মালিকপক্ষের প্রাথমিক প্রস্তাব ছিল ৮ হাজার টাকা।

মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি মো. মুমিনুল আহসান প্রথম আলোকে বলেন, বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে মালিকেরা চ্যালেঞ্জের মধ্যে আছেন। অন্যদিকে মূল্যস্ফীতির কারণে শ্রমিকেরা ভালো নেই। সব দিক বিবেচনা করেই সর্বসম্মতিক্রমে এই মজুরি নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে নতুন মজুরিতে শ্রমিকদের ন্যূনতম চাহিদা পূরণ হবে কি না, জানতে চাওয়া হয় শ্রমিকপক্ষের প্রতিনিধির কাছে। শ্রমিকপক্ষের প্রতিনিধি আওরেঙ্গজেব চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকেদের সন্তুষ্ট হওয়ার কারণ নেই। কারণ, বর্তমান বাজারদরের সঙ্গে এই মজুরি যায় না।’ কম মজুরির প্রস্তাব দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, তখন দেশের সামগ্রিক অবস্থা বিবেচনা করে কম মজুরি প্রস্তাব করা হয়েছিল।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23334 ,   Print Date & Time: Saturday, 21 November 2026, 06:05:26 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh