![]()
ইবি রিপোর্ট
বাজারে পুরোনো ও ছেঁড়া নোটের সংকটের মধ্যেই নতুন নোট ছাড়ার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট। তবে ১০০ টাকার নোটের নকশায় কোনো পরিবর্তন আসছে না। পরিবহন নিরাপত্তা নিশ্চিত করতে দেরি হওয়ায় নোট দুটি ছাড়ার সময় পিছিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, নতুন দুই মূল্যমানের নোট ছাপানোর কাজ শেষ হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন নোটগুলো কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছে দেবে। পরে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সেগুলো বাজারে সরবরাহ করা হবে।
কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, চলতি সপ্তাহেই নোটগুলো ছাড়ার পরিকল্পনা ছিল। তবে গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে পরিবহন নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে বিতরণ কার্যক্রম পিছিয়ে যায়।
আরিফ হোসেন খান বলেন, নিরাপত্তাব্যবস্থা ও পরিবহনের আনুষ্ঠানিকতা শেষ হলেই নোট ছাড়া হবে।
তিনি আরও বলেন, ‘আমরা বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন বাড়াতে উৎসাহিত করছি। এতে ছোট মূল্যমানের নগদ টাকার চাহিদা ও ব্যবহার কমবে। পাশাপাশি অনিয়ম ও দুর্নীতি কমাতেও এটি সহায়তা করবে।’
যেভাবে ছাপানো হয় ব্যাংকনোট
বাংলাদেশ ব্যাংক ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১ হাজার টাকার নোট ছাপে। এসব নোটে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে। অন্যদিকে, ১, ২ ও ৫ টাকার নোট সরকারি মুদ্রা। এসব নোটে অর্থসচিবের স্বাক্ষর থাকে। উভয় ধরনের নোটই ছাপায় বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুনে ছাপানো অর্থের পরিমাণ ছিল ৪ লাখ ৭৬ হাজার কোটি টাকার কিছু বেশি। এর মধ্যে প্রায় ৩ লাখ ৩৬ হাজার কোটি টাকা ছিল সাধারণ মানুষের হাতে। বাকি অর্থ ছিল ব্যাংকগুলোতে।
বাংলাদেশ ব্যাংক অর্ডার অনুযায়ী, মুদ্রা ইস্যুর ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকের। তবে ব্যাংকনোটের নকশার জন্য প্রধানমন্ত্রীর অনুমোদন প্রয়োজন।
প্রতিবছরের শুরুতে কাঁচামাল কিনতে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে বাংলাদেশ ব্যাংক। নিরাপত্তা কাগজ, বিশেষ ইনটাগ্লিও কালি, নিরাপত্তা সুতা ও রাসায়নিক সংগ্রহে দরপত্র চাওয়া হয়। এসব উপকরণের প্রায় সবই বিদেশ থেকে আমদানি করতে হয়।
ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, স্পেন, ইতালি ও ইন্দোনেশিয়ার আটটি প্রতিষ্ঠান সরবরাহকারী হিসেবে তালিকাভুক্ত। উপকরণ দেশে আসার পর নোট ছাপাতে প্রায় তিন মাস লাগে। সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের সীমিত সক্ষমতার কারণে এই সময় প্রয়োজন হয়।
কেন বাজারে রয়ে গেছে পুরোনো নোট
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগপর্যন্ত ব্যাংকনোটে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ছিল। সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পুরোনো নকশার নোট ছাপানো বন্ধ করে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে অবশিষ্ট মজুত নোট বাজারে ছাড়াও বন্ধ রাখা হয়।
নতুন নকশা তৈরি, অনুমোদন ও ছাপানোর প্রক্রিয়ায় দীর্ঘ সময় লেগেছে। এতে তৈরি হওয়া নোটের সংকট এখনো পুরোপুরি কাটেনি। নতুন নোট বাজারে এলেও চাহিদার তুলনায় সরবরাহ কম রয়েছে।