• হোম > অর্থনীতি | বাণিজ্য > ভাসমান বিনিময় হারে যাচ্ছে বাংলাদেশ

ভাসমান বিনিময় হারে যাচ্ছে বাংলাদেশ

  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১৯:০০
  • ৯

---

ইবি রিপোর্ট

বাংলাদেশে এক মাসের মধ্যে পুরোপুরি ভাসমান বিনিময় হার ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। এ ব্যবস্থায় বৈদেশিক মুদ্রার ক্রেতা ও বিক্রেতারা সরাসরি দরদামের মাধ্যমে বিনিময় হার নির্ধারণ করতে পারবেন। একই সঙ্গে আমদানি অর্থায়নের শর্ত সহজ করা, ঋণ পরিশোধে সময় বাড়ানো এবং ব্যবসার খরচ কমানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

২০ নভেম্বর চট্টগ্রামে ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৭) মুদ্রানীতি প্রণয়ন নিয়ে ব্যবসায়ী ও অংশীজনদের সঙ্গে এক পরামর্শ সভায় এ পরিকল্পনার কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

তিনি বলেন, বৈদেশিক মুদ্রাবাজারকে আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। আশা করা হচ্ছে, এক মাসের মধ্যে শেয়ারবাজারের মতো পুরোপুরি ভাসমান বিনিময় হার ব্যবস্থা চালু করা সম্ভব হবে।

সভায় গত এক দশকে ভারতীয় রুপির তুলনায় বাংলাদেশি টাকার বেশি অবমূল্যায়নের বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন গভর্নর। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৬ সালে ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময় হার ছিল ৬৭ টাকা ২০ পয়সা, যা ২০২৬ সালে বেড়ে ৯৪ টাকা ৩ পয়সা হয়েছে। এতে রুপির অবমূল্যায়ন হয়েছে প্রায় ৪০ শতাংশ। অন্যদিকে বাংলাদেশের টাকার বিনিময় হার ৭৮ টাকা ৪৭ পয়সা থেকে বেড়ে ১২৪ টাকা ৮৬ পয়সায় পৌঁছেছে। অর্থাৎ অবমূল্যায়ন হয়েছে প্রায় ৬০ শতাংশ।

গভর্নর জানান, একই সময়ে ভারতের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৭২ দশমিক ৪ শতাংশ এবং বাংলাদেশের ৭২ দশমিক ১ শতাংশ। বৈদেশিক মুদ্রার তারল্য একপর্যায়ে ৩০ কোটি ডলার থেকে বেড়ে ১০০ কোটি ডলার হওয়া এবং ৫১টি ব্যাংকের বৈদেশিক মুদ্রায় উদ্বৃত্ত অবস্থান থাকার পরও বিনিময় হার কেন বেড়েছে, সে প্রশ্নও তোলেন তিনি।

তিনি আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুধু সুদের হার পরিবর্তন যথেষ্ট নয়। উৎপাদন, সরবরাহ ও বিতরণব্যবস্থা শক্তিশালী করাও জরুরি। এ জন্য কৃষি ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তাদের অর্থায়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

আমদানি অর্থায়নে শর্ত শিথিলের দাবি

সভায় চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরামের সভাপতি আমির হুমায়ুন চৌধুরী আমদানির ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিনের বাধ্যবাধকতা তুলে নেওয়ার প্রস্তাব দেন। খাদ্যপণ্য, শিল্পের কাঁচামাল, যন্ত্রাংশ, জ্বালানি ও কৃষি উপকরণ আমদানিতে এ সুবিধা চান তিনি।

পাশাপাশি যাচাই করা উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠানের জন্য ১৮০ থেকে ২৭০ দিনের বাকিতে আমদানি সুবিধা দেওয়ার প্রস্তাব করেন। তাঁর মতে, গ্যাস, বিদ্যুৎ, পরিবহন ও আন্তর্জাতিক পণ্য পরিবহনের ব্যয় বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বাড়ছে। আমদানির কঠোর শর্তে ব্যবসার চলতি মূলধন আটকে থাকায় ১৩ থেকে ১৫ শতাংশ সুদে ঋণ নিতে হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে।

চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে বিলম্বের বিষয়টিও তুলে ধরেন তিনি। এ ধরনের বিলম্বের কারণে ঋণপত্রের অর্থ পরিশোধে ৩০ থেকে ৪৫ দিনের অতিরিক্ত সময় দেওয়ার প্রস্তাব করেন।

এ ছাড়া ঋণের সুদ মওকুফ করে শুধু আসল পরিশোধের সুযোগসংক্রান্ত জটিলতা নিরসনে ব্যাংকার ও ঋণগ্রহীতাদের সমন্বয়ে আঞ্চলিক কমিটি গঠনের আহ্বান জানান তিনি।

বিনিয়োগবান্ধব নীতি চান পোশাকশিল্প উদ্যোক্তারা

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সহসভাপতি সেলিম রহমান বেসরকারি বিনিয়োগ বাড়ানো এবং ব্যবসার ব্যয় কমানোর ওপর গুরুত্ব দেন। তিনি জানান, গত তিন মাসে উৎপাদনশীল শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রায় কোনো মূলধনি যন্ত্রপাতি আমদানি করেনি।

প্রযুক্তির উন্নয়ন, উৎপাদন দক্ষতা বৃদ্ধি, শ্রমিক প্রশিক্ষণ ও উচ্চমূল্যের পণ্য উৎপাদনে প্রণোদনা দেওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি অপ্রয়োজনীয় অগ্রিম কর কমানো, কর ফেরত দ্রুত দেওয়া এবং কর, জ্বালানির মূল্য ও নীতিমালার বিষয়ে আগাম পরিকল্পনা প্রকাশের আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম শাখার নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়া। এতে ডেপুটি গভর্নর মোহাম্মদ হাবিবুর রহমানসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23324 ,   Print Date & Time: Friday, 20 November 2026, 01:30:21 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh