![]()
ইবি রিপোর্ট
দেশের ব্যাংকিং খাতে আর্থিক সংকট আরও গভীর হয়েছে। গত জুন শেষে ২২টি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৩ লাখ ৮ হাজার ৮০৩ কোটি টাকা। খেলাপি ঋণের চাপ, ব্যাংকের মুনাফা কমে যাওয়া এবং নতুন বিনিয়োগে ব্যবসায়ীদের অনাগ্রহের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিতেও। গত সেপ্টেম্বরে এ প্রবৃদ্ধি নেমে এসেছে ঐতিহাসিক সর্বনিম্ন ৪ দশমিক ১৭ শতাংশে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মার্চ শেষে ২১টি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ছিল প্রায় ২ লাখ ৯৪ হাজার কোটি টাকা। জুন শেষে তা বেড়ে ৩ লাখ ৮ হাজার ৮০৩ কোটি টাকায় দাঁড়ায়। দেশের অন্য ব্যাংকগুলোতে কোনো মূলধন ঘাটতি ছিল না।
ব্যাংকারদের মতে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়ম ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিতরণ করা ঋণের বড় অংশ খেলাপি হয়ে পড়েছে। এসব ঋণের বিপরীতে অর্থ সংরক্ষণ করতে গিয়ে ব্যাংকগুলোর মুনাফা কমেছে। কোনো কোনো ব্যাংক লোকসানেও পড়েছে। এতে মূলধন ক্ষয়ের পাশাপাশি নতুন ঋণ দেওয়ার সক্ষমতাও কমেছে।
সম্প্রতি প্রকাশিত দ্য ইকোনমিস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি ও ঋণ বিতরণে অনিয়মের কারণে বাংলাদেশের ব্যাংকিং খাতের কিছু অংশ দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে। শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে ব্যাংক থেকে বিপুল অর্থ সরিয়ে নেওয়ার ফলে খেলাপি ঋণ বেড়েছে। ব্যাংকিং খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ভারত ও পাকিস্তানে খেলাপি ঋণের হার যথাক্রমে ১ দশমিক ৭ শতাংশ ও ৫ শতাংশ। অন্যদিকে বাংলাদেশের ব্যাংকিং খাতের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাত ঋণাত্মক ৩ দশমিক ৮ শতাংশে নেমেছে।
ইসলামী ব্যাংকে ঘাটতি সবচেয়ে বেশি
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন শেষে সাতটি ইসলামী ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ছিল ১ লাখ ৮৭ হাজার ২৩৮ কোটি টাকা। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একার ঘাটতি ৬৬ হাজার ১২৬ কোটি টাকা। আগে এস আলমের নিয়ন্ত্রণে থাকা সাতটি ব্যাংকের সব কটিই এখন মূলধন ঘাটতিতে রয়েছে।
চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সম্মিলিত ঘাটতি ৩৮ হাজার ৪১১ কোটি টাকা। এর মধ্যে জনতা ব্যাংকের ১৯ হাজার ৭০৭ কোটি, অগ্রণী ব্যাংকের ৮ হাজার ৭৮২ কোটি, রূপালী ব্যাংকের ৫ হাজার ২৩১ কোটি এবং বেসিক ব্যাংকের ৪ হাজার ৬৯০ কোটি টাকা।
আটটি বেসরকারি ব্যাংকের ঘাটতি ৪৯ হাজার ৭৩১ কোটি টাকা। এর মধ্যে ন্যাশনাল ব্যাংকের ১৭ হাজার ৪৭৪ কোটি, এবি ব্যাংকের ৮ হাজার ৯১২ কোটি, আইএফআইসি ব্যাংকের ৭ হাজার ১৯৯ কোটি, পদ্মা ব্যাংকের ৬ হাজার ৬১৮ কোটি এবং প্রিমিয়ার ব্যাংকের ৬ হাজার ৭৮ কোটি টাকা।
বিশেষায়িত ব্যাংকের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের ঘাটতি ৩০ হাজার ৪৬১ কোটি এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ২ হাজার ৯৫৭ কোটি টাকা। বিদেশি ব্যাংক ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের ঘাটতি ছিল ৪ কোটি টাকা।
বিনিয়োগেও স্থবিরতা
ব্যাংকার, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের মতে, ব্যাংকগুলোর দুর্বল আর্থিক অবস্থার পাশাপাশি বিনিয়োগের চাহিদা কমে যাওয়ায় ঋণ প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। ঋণের উচ্চ সুদহার, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মূল্য সংযোজন করসহ অন্যান্য করসংক্রান্ত জটিলতায় ব্যবসায়ীরা নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন। জ্বালানির দাম বৃদ্ধি ও সংকটের আশঙ্কাও বিনিয়োগকারীদের আস্থায় প্রভাব ফেলছে।
এদিকে ব্যাংকিং খাতের সামগ্রিক মূলধন পর্যাপ্ততার অনুপাত গত জুন শেষে ঋণাত্মক ৩ দশমিক ৮০ শতাংশে নেমেছে। মার্চ শেষে এ হার ছিল ঋণাত্মক ৩ দশমিক ১৭ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, প্রতিটি ব্যাংকের ন্যূনতম ১২ দশমিক ৫ শতাংশ মূলধন পর্যাপ্ততার অনুপাত বজায় রাখা বাধ্যতামূলক।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, খেলাপি ঋণের বিপরীতে বেশি অর্থ সংরক্ষণ করতে গিয়ে ব্যাংকগুলোর মুনাফা কমছে। লোকসান হলে মূলধনও কমে যায়। অন্যদিকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের মহাপরিচালক এজাজুল ইসলাম বলেন, সংকট কাটাতে সুশাসন প্রতিষ্ঠা, মূলধন পুনর্গঠন, নতুন অর্থের জোগান এবং দুর্নীতি নিয়ন্ত্রণ জরুরি। মূলধনের শর্ত পূরণে ব্যর্থ ব্যাংকগুলোর মুনাফা বণ্টনে বিধিনিষেধ আরোপ ও ব্যাংকিং আইন কঠোরভাবে প্রয়োগেরও আহ্বান জানান তিনি।