• হোম > জাতীয় | দেশজুড়ে > জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: প্রতিমন্ত্রী

জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: প্রতিমন্ত্রী

  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১৬:০৭
  • ৯

---

ইবি রিপোর্ট

‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর ভাষ্য, পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের মতো সহিংস কর্মকাণ্ড চালিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ আর থাকবে না। এসব অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

চলমান সহিংসতার কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। তাঁর দাবি, ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগানে রূপ নিয়েছে। পেট্রলবোমা ছুড়ে কিংবা আগুন দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান তুলে পালিয়ে গেলেই কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে। দলটি এখন বিচ্ছিন্ন কিছু সহিংস তৎপরতার মধ্যেই সীমাবদ্ধ। বিভিন্ন স্থানে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের পর পালিয়ে যাওয়ার ঘটনাকে তাদের কর্মকাণ্ডের ধরন হিসেবে উল্লেখ করেন তিনি।

তবে এসব সহিংসতা চালিয়ে দেশের মানুষকে ভীতসন্ত্রস্ত করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন হুমায়ুন কবির। তিনি বলেন, পেট্রলবোমা হামলা কিংবা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করে বিদেশে অবস্থানরত দলটির পলাতক সন্ত্রাসীদের বাংলাদেশে ফিরিয়ে আনার সুযোগ তৈরি হবে না।

বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, তাঁদের কর্মকাণ্ডের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। অপরাধে জড়িত কেউই বিচারের বাইরে থাকতে পারবেন না। সময়ের ব্যবধানে তাঁদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো স্থান নেই উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের কোনো দেশেই সন্ত্রাসীদের আশ্রয় পাওয়ার সুযোগ থাকা উচিত নয়। সরকার দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বলেও জানান তিনি।

হুমায়ুন কবির বলেন, সরকার এমন একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে প্রত্যেকের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। দেশের নাগরিকদের নিরাপত্তা এবং সবার জন্য সমান অধিকার ও সুযোগ তৈরির লক্ষ্যেই সরকার কাজ করছে বলে জানান তিনি।

বাংলাদেশের বর্তমান অবস্থান নিয়েও আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর মতে, জাতীয় ও আন্তর্জাতিক—দুই ক্ষেত্রেই দেশ সামনে এগিয়ে যাচ্ছে। দেশের অবস্থান ও দৃশ্যমান অগ্রগতি নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যে দেশকে নিয়ে সব নাগরিক গর্ব করতে পারবেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23314 ,   Print Date & Time: Friday, 20 November 2026, 11:33:55 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh