• হোম > আন্তর্জাতিক | জাতীয় | দিবস | দেশজুড়ে > বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস

বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস

  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১৫:৫৯
  • ৯

---

ইবি রিপোর্ট

শিশুদের অধিকার, মর্যাদা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার প্রত্যয়ে আজ শুক্রবার (২০ নভেম্বর) পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করা হচ্ছে। শিশুদের নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা, মানসম্মত শিক্ষা, সুস্বাস্থ্য এবং স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ নিশ্চিত করার বিষয়গুলো এ দিবসে বিশেষভাবে তুলে ধরা হচ্ছে।

দিবসটি উপলক্ষে শিশুদের অধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং তাদের প্রতি সব ধরনের বৈষম্য দূর করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি প্রতিটি শিশুর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ বছর বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আমার দিন, আমার অধিকার, আমার ভবিষ্যৎ’। এই প্রতিপাদ্যের মাধ্যমে শিশুদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি মতামত প্রকাশ এবং নিজেদের ভবিষ্যৎ নির্মাণে অংশগ্রহণের বিষয়টি সামনে আনা হয়েছে।

১৯৮৯ সালের ২০ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে শিশু অধিকার কনভেনশন (সিআরসি) গৃহীত হয়। শিশুদের অধিকার রক্ষায় এটি বিশ্বের সবচেয়ে বেশি অনুমোদিত মানবাধিকার চুক্তি। ঐতিহাসিক এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস পালন করা হয়।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ শিশু অধিকার সনদের ভিত্তিতে বিশ্বজুড়ে শিশুদের নিয়ে এবং শিশুদের জন্য বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে। একই সঙ্গে শিশুদের সামনে থাকা নানা চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববাসীর সমর্থন ও সহযোগিতা চায় সংস্থাটি।

বিশ্ব শিশু দিবসের আয়োজনের মধ্য দিয়ে শিশুদের অধিকার সুরক্ষা, বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা এবং তাদের সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলার বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23311 ,   Print Date & Time: Friday, 20 November 2026, 11:33:54 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh