![]()
ইবি রিপোর্ট
স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও দেশের মৌলিক সমস্যাগুলোর সমাধান না হওয়া, নিরপরাধ মানুষের প্রাণহানি এবং শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় হতাশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশের চলমান সংকট থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও আমরা দেশের বেশ কিছু মৌলিক সমস্যার সমাধান করতে পারছি না। নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে, বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রপতি বলেন, ‘এ কোন বাংলাদেশ? আমরা কোন জাতি? যে জাতি নিজেদেরকে ধ্বংস করছি। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসা প্রয়োজন।’
দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভূমিকার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার যে প্রত্যাশা লালন করে আসছে, তা পূরণে ছাত্রসমাজ বরাবরই সামনের সারিতে ছিল। ভাষা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের আন্দোলন পর্যন্ত বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা পরিবর্তনের দাবিতে রাজপথে নেমেছে। তারা সমাজের পাশাপাশি পুরো ব্যবস্থার পরিবর্তন চেয়েছে। তবে দুর্ভাগ্যজনকভাবে প্রতিটি ক্ষেত্রে সেই প্রত্যাশা পূরণ করা সম্ভব হয়নি।
ঢাকা কলেজের ঐতিহাসিক অবদানের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এই প্রতিষ্ঠান শুধু বাংলাদেশের নয়, পুরো অঞ্চল ও উপমহাদেশের অন্যতম বিদ্যাপীঠ। এখান থেকে বহু সৃজনশীল মানুষের আবির্ভাব ঘটেছে। কলেজটির শিক্ষার্থীরা বরাবরই রাজনৈতিকভাবে সচেতন ছিলেন এবং বিভিন্ন সংগ্রাম ও আন্দোলনে অংশ নিয়েছেন।
তবে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের আবাসন ও শিক্ষা-সংশ্লিষ্ট সুযোগ-সুবিধার ঘাটতির কথা শুনে নিজের খারাপ লাগার কথা জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, কলেজের শিক্ষার্থীদের থাকার জন্য অ্যাকমোডেশনের ব্যবস্থা নেই, আবাসন ও হোস্টেল সুবিধা নেই। এমনকি ভালো লাইব্রেরি ও ল্যাবরেটরিরও অভাব রয়েছে।
শিক্ষাব্যবস্থার পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, শিক্ষার্থীরা স্নাতক শেষ করে বের হলেও তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান কিংবা চাকরির সুযোগ থাকছে না। এ পরিস্থিতি থেকে উত্তরণে শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে সাজাতে হবে। এমন একটি কার্যকর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে, যা দেশের প্রয়োজন, মানুষের প্রত্যাশা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
রাষ্ট্রপতি আরও বলেন, বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য। দেশের স্বাধীনতার জন্য পূর্বপুরুষেরা জীবন দিয়েছেন। একইভাবে নতুন প্রজন্মের অনেক তরুণও জীবন উৎসর্গ করেছেন। তাঁদের স্বপ্ন ও আত্মত্যাগকে ভিত্তি করে এমন একটি দেশ গড়ে তুলতে চান, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম সম্মান ও মর্যাদার সঙ্গে জীবন কাটাতে পারবে। পাশাপাশি প্রতিষ্ঠিত হবে মানবিকতা ও সাম্যের পরিবেশ এবং নিজেদের সক্ষমতা ও সম্ভাবনা বিকাশের সুযোগ।
শিক্ষকদের দায়িত্ব প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, কেবল পাঠদান করাই শিক্ষকদের কাজ নয়। শিক্ষার্থীদের চিন্তাশক্তি, বিবেক, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশেও তাঁদের ভূমিকা রাখতে হবে। মুক্তচিন্তার পরিবেশ তৈরির পাশাপাশি জ্ঞান অর্জন, গবেষণার মানসিকতা এবং সৃজনশীল চিন্তাভাবনা বিকাশের সুযোগ নিশ্চিত করতে হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে নতুন প্রজন্মের প্রতি আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, বর্তমান প্রজন্ম অনেক বেশি সৃজনশীল, সাহসী ও উদ্যোগী। তাদের নেতৃত্ব ও অংশগ্রহণের মধ্য দিয়েই বাংলাদেশ একটি বাসযোগ্য এবং মানবিক সমাজে পরিণত হবে বলে তিনি প্রত্যাশা করেন।