![]()
ইবি রিপোর্ট
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে আলোচনার মধ্যে গ্রেপ্তার হয়েছেন দুই শ্রমিকনেতা। তাঁদের মুক্তি চেয়ে এবার যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের দুটি সংগঠন। সংগঠন দুটি বলেছে, এই গ্রেপ্তার ন্যায্য মজুরি নির্ধারণের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।
গ্রেপ্তার শ্রমিকনেতা সুলতানা বেগম ও মো. ইলিয়াসের মুক্তি চেয়েছে সংগঠন দুটি। তারা হলো আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ) এবং ফেয়ার লেবার অ্যাসোসিয়েশন (এফএলএ)। গত বুধবার যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। উভয় সংগঠন নিজেদের ওয়েবসাইটেও বিবৃতিটি প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) একটি ওয়েবিনারে অংশ নিয়েছিলেন তাঁরা। ন্যূনতম মজুরি অর্থবহভাবে পুনর্নির্ধারণ ছিল ওই ওয়েবিনারের আলোচ্য বিষয়। এরপর গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের (জিবিজিডব্লিউএফ) দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। সুলতানা বেগম সংগঠনটির সভাপতি এবং মো. ইলিয়াস সাধারণ সম্পাদক। সংগঠনটি প্রায় ৬৫ হাজার শ্রমিকের প্রতিনিধিত্ব করে।
যুক্তরাষ্ট্রের পোশাক ও জুতাশিল্পের ব্যবসায়ীদের সংগঠন এএএফএ এবং আন্তর্জাতিক শ্রম অধিকার সংগঠন এফএলএ। যৌথ বিবৃতিতে তারা জানায়, দুই শ্রমিকনেতা এখনো কারাগারে আটক রয়েছেন। বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে সংগঠন দুটি।
বিবৃতিতে আরও বলা হয়, ন্যায্য ন্যূনতম মজুরি নির্ধারণে দ্রুত শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানিয়ে আসছে তারা। দুই শ্রমিকনেতাকে গ্রেপ্তার ও আটকে রাখায় সেই প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। একই সঙ্গে দায়িত্বশীল পোশাক সরবরাহকারী দেশ হিসেবে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এএএফএ ও এফএলএ বলেছে, বাংলাদেশ সরকার বর্তমানে ন্যূনতম মজুরি পরিবর্তনের বিষয়টি বিবেচনা করছে। এ অবস্থায় শ্রমিক ও ট্রেড ইউনিয়নগুলোর সংগঠন করার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি শ্রমিকদের ন্যায্য মজুরির দাবির প্রতিও সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে তারা। তাদের মতে, এমন মজুরি প্রয়োজন, যাতে পোশাকশ্রমিকেরা নিজেদের ও পরিবারের ভরণপোষণ করতে পারেন।
শ্রমিক ও ট্রেড ইউনিয়ন নেতাদের ওপর সহিংসতা, হুমকি এবং ভয়ভীতি প্রদর্শনেরও নিন্দা জানিয়েছে সংগঠন দুটি। মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া চলাকালে এবং পরবর্তী সময়েও এসব কর্মকাণ্ডের প্রকাশ্য নিন্দা জানাতে সরকারসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তারা।
এর আগে বাংলাদেশের তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি প্রতিবছর পর্যালোচনার সুপারিশ করেছিল এএএফএ। সংগঠনটির বক্তব্য, ২০২৩ সালের পর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সমন্বয় করা হয়নি। অথচ এ সময়ে মূল্যস্ফীতি অনেক বেড়েছে। জ্বালানির উচ্চমূল্যও বাংলাদেশের পরিবারগুলোর ওপর বাড়তি চাপ তৈরি করেছে।
গত ১৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়ে এ সুপারিশ জানায় এএএফএ। সংগঠনটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন লামার চিঠিতে স্বাক্ষর করেন। এতে শ্রমিকদের মজুরি পর্যালোচনার পাশাপাশি অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
এদিকে পোশাকশ্রমিকেরা গত মাস থেকে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন।
গত সোমবার শ্রম ভবনে বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা ছিল। তবে সভাটি স্থগিত করা হয়। এরপর থেকে শিল্পাঞ্চলে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। গত বুধবার সাভার–আশুলিয়া, গাজীপুর ও ঢাকার মিরপুরে ৩৯৯টি কারখানার উৎপাদন ব্যাহত হয়।
এসব কারখানার মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারা ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল ১২৯টি। অন্যদিকে ছুটি দিতে বাধ্য হয় ২৭০টি কারখানা।