![]()
ইবি রিপোর্ট
চট্টগ্রামের ফৌজদারহাট বিসিক শিল্পনগরীতে বাতিল হওয়া ১৯ হাজার বর্গফুট জমি পুনর্বহালে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সরকারের প্রায় ৩ কোটি ৩৮ লাখ টাকা রাজস্ব ক্ষতির অভিযোগে শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিবসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম দুদক সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। সংস্থাটির সহকারী পরিচালক সায়েদ আলম বাদী হয়ে এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন ওয়াহেদ টিউব অ্যান্ড মেটাল লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডা. আহমেদ ফয়সাল চৌধুরী, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) সাবেক চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মুশতাক হাসান মুহ. ইফতিখার, শিল্প মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বলাই কুমার হালদার, সাবেক যুগ্ম সচিব বাসুদেব আচার্য্য, সাবেক অতিরিক্ত সচিব পরাগ এবং সাবেক সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।
মামলার এজাহার অনুযায়ী, ১৯৭৯ সালের ২৩ জানুয়ারি ফৌজদারহাট বিসিক শিল্পনগরীর বি-১০ (দক্ষিণ), বি-১১ ও বি-১২ নম্বর প্লটের মোট ২৪ হাজার বর্গফুট জমি ওয়াহেদ টিউব অ্যান্ড মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে বরাদ্দ দেওয়া হয়। কলাপসিবল টিউব উৎপাদনের প্রকল্প বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানটিকে জমি বরাদ্দ দেওয়া হয়েছিল।
তবে কারখানাটি দীর্ঘদিন বন্ধ ও পরিত্যক্ত থাকায় ১৯৯৩-৯৪ সালে বিসিকের প্লট বরাদ্দ কমিটির সভায় ২৪ হাজার বর্গফুটের মধ্যে ১৯ হাজার বর্গফুট জমির বরাদ্দ বাতিল করা হয়। অবশিষ্ট ৫ হাজার বর্গফুট জমি মেসার্স হাইটেক থ্রেড লিমিটেডের নামে বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর প্রায় দুই দশক পর ২০১৫ সালের ৩ মার্চ বাতিল হওয়া ১৯ হাজার বর্গফুট জমি পুনরায় বরাদ্দ চেয়ে আবেদন করেন ওয়াহেদ টিউব অ্যান্ড মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. আহমেদ ফয়সাল চৌধুরী। আবেদনে তিনি বিসিকের নতুন নিয়ম অনুযায়ী নির্ধারিত মূল্য পরিশোধ এবং সব নিয়মকানুন মেনে চলার অঙ্গীকার করেন।
পরে ২০১৫ সালের ২ আগস্ট বিসিকের ৫৭তম প্লট বরাদ্দ কমিটির সভায় নতুন মূল্য পরিশোধের শর্তে জমি বরাদ্দের ব্যবস্থা নিতে চট্টগ্রাম বিসিকের উপমহাব্যবস্থাপককে নির্দেশ দেওয়া হয়।
কিন্তু নতুন নির্ধারিত মূল্য পরিশোধ না করেই ২০১৭ সালের ১০ জুলাই আবার আবেদন করেন আহমেদ ফয়সাল চৌধুরী। তিনি আগের পরিশোধিত মূল্যের ভিত্তিতে শুধু বকেয়া সার্ভিস চার্জ দিয়ে প্রতিষ্ঠান চালুর অনুমতি চান। আবেদনটি পর্যালোচনার পর শিল্প মন্ত্রণালয় নতুন নিয়মে মূল্য পরিশোধের শর্তে প্লট বরাদ্দের নির্দেশনা দেয়।
এজাহারে বলা হয়েছে, বিসিকের তৎকালীন চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখার দাপ্তরিক প্রভাব খাটিয়ে এবং ক্ষমতার অপব্যবহার করে জমির বরাদ্দ বাতিলের আদেশ প্রত্যাহারের বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের নির্দেশনা চান। এ বিষয়ে একটি নোট তৈরি করা হয়। তাতে প্রশাসনিক কর্মকর্তা বলাই কুমার হালদার, উপসচিব (মৃত) মো. মাহবুবুর রহমান, যুগ্ম সচিব বাসুদেব আচার্য্য, অতিরিক্ত সচিব পরাগ এবং সচিব মোহাম্মদ আব্দুল্লাহ স্বাক্ষর করে অনুমোদন দেন।
দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, আসামিরা পরস্পর যোগসাজশে বিসিক প্লট বরাদ্দ নীতিমালা, ২০১০-এর ১৯(২) ধারা লঙ্ঘন করে জমি পুনর্বহালের সুযোগ করে দেন বলে অভিযোগ রয়েছে।
এতে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে ৩ কোটি ৩১ লাখ ১৭ হাজার টাকা। এর সঙ্গে ৬ লাখ ৬২ হাজার ৩৪০ টাকা ভ্যাট যুক্ত হয়ে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ৩৭ লাখ ৭৯ হাজার ৩৪০ টাকা।