• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > ছয় শতাংশ সুদে সৌরবিদ্যুতের ঋণ দেবে পিকেএসএফ

ছয় শতাংশ সুদে সৌরবিদ্যুতের ঋণ দেবে পিকেএসএফ

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৮:৪০
  • ৯

---

ইবি রিপোর্ট

দেশে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে ৫০০ কোটি টাকার ঋণ তহবিল নিয়ে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এ কর্মসূচির আওতায় ব্যক্তি, পরিবার ও উদ্যোক্তারা ৬ শতাংশ সুদে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য ঋণ পাবেন। এর মাধ্যমে দেশের ২১ হাজার গ্রাহক বাড়ি বা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিকেএসএফ। এতে বলা হয়, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে সরকার সম্প্রতি সংস্থাটিকে ৫০০ কোটি টাকার ঋণ মঞ্জুর করেছে।

সরকারের দেওয়া এ তহবিল থেকে পিকেএসএফের ‘নবায়নযোগ্য জ্বালানি অর্থায়ন কর্মসূচি’র আওতায় গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণ করা হবে। ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ৬ শতাংশ। পিকেএসএফের সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে এ সুবিধা পৌঁছে দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক প্রস্তুতিমূলক কার্যক্রম শেষ করে ইতোমধ্যে ৯৬টি সহযোগী সংস্থার অনুকূলে ঋণ অনুমোদন করা হয়েছে। এসব সংস্থার মাধ্যমে অর্থ ছাড়ের কার্যক্রমও শুরু হয়েছে।

এ তহবিলের আওতায় সারা দেশে ২১ হাজার গ্রাহক তাঁদের বাড়ি কিংবা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারবেন। এ উদ্যোগ থেকে প্রায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রত্যাশা করছে পিকেএসএফ।

সংস্থাটির মতে, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে। পাশাপাশি আগামী ১৫ বছরে অন্তত ৬ লাখ টন কার্বন নিঃসরণ হ্রাস করা সম্ভব হবে।

এ কার্যক্রমের মাধ্যমে বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সুযোগ তৈরি হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের ফলে পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছে সংস্থাটি।

সৌরবিদ্যুৎ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও সেবা কার্যক্রম ঘিরে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির কথাও জানিয়েছে পিকেএসএফ। এ খাতে সার্ভিস কার্যক্রম সম্প্রসারিত হলে সংশ্লিষ্ট কাজে নতুন কর্মীর চাহিদা তৈরি হতে পারে।

এদিকে কর্মসূচির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যবেক্ষণে স্বয়ংক্রিয় ড্যাশবোর্ড চালু করা হয়েছে। এর মাধ্যমে কার্যক্রমের অগ্রগতি তাৎক্ষণিকভাবে পরিবীক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23295 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 12:59:21 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh