![]()
ইবি রিপোর্ট
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৭–২৯ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের জন্য ১৮ নভেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন বোর্ড। তফসিল অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বর।
নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত বার্ষিক চাঁদা ও অন্যান্য পাওনা পরিশোধ করে ভোটার হওয়ার সুযোগ থাকবে। একই দিন পর্যন্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করা যাবে। প্রাথমিক ভোটার তালিকা প্রকাশের পর ২৫ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত তালিকা নিয়ে আপত্তি জানানোর সুযোগ থাকবে। আপত্তি নিষ্পত্তি শেষে ৩১ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন বোর্ড।
তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে হবে ১ থেকে ৩ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৮ জানুয়ারি প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৪ থেকে ১৬ জানুয়ারি মনোনয়নপত্র বাতিলের বিষয়ে আপত্তি দাখিল করা যাবে। এসব আপত্তির শুনানি ও নিষ্পত্তি হবে ১৭ থেকে ১৯ জানুয়ারি।
এরপর ২০ জানুয়ারি বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের জন্য ২১ থেকে ২৩ জানুয়ারি সময় নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ জানুয়ারি।
নির্বাচনী তফসিল অনুযায়ী, ১৩ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনের বিষয়ে কোনো আপত্তি থাকলে ১৪ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে নির্বাচন আপিল বোর্ডের কাছে তা দাখিল করতে হবে। আপিলের শুনানি ও নিষ্পত্তি হবে ১৫ ও ১৬ ফেব্রুয়ারি। ১৭ ফেব্রুয়ারি নির্বাচন বোর্ড চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে।
ই-ক্যাবের ২০২৭–২৯ মেয়াদের নির্বাচনে বাণিজ্য সংগঠন আইন, ২০২২, বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫ এবং সংগঠনটির সংঘস্মারক ও সংঘবিধি অনুসরণ করা হবে। নির্বাচনে ১১ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠনের কথা রয়েছে। এর মধ্যে একজন সভাপতি, একজন সিনিয়র সহসভাপতি, একজন সহসভাপতি এবং আটজন পরিচালক নির্বাচিত হবেন।
নির্বাচনী তফসিলে আরও বলা হয়েছে, নির্বাচনসংক্রান্ত যেকোনো বিষয়ে সংগঠনের কার্যালয়ে অফিস চলাকালীন যোগাযোগ করা যাবে। নির্বাচনসংক্রান্ত যাবতীয় তথ্য, নির্দেশনা ও বিজ্ঞপ্তি নির্বাচন বোর্ডের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে।