• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > রাজনৈতিক অস্থিরতার মধ্যেও টানা পাঁচ দিন বাড়ল শেয়ারবাজার

রাজনৈতিক অস্থিরতার মধ্যেও টানা পাঁচ দিন বাড়ল শেয়ারবাজার

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৮:১৪
  • ৭

---

ইবি রিপোর্ট

দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও শেয়ারবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। টানা পাঁচ কার্যদিবস ধরে বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক। একই সময়ে বাজারে লেনদেনের পরিমাণেও সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে।

বাজারসংশ্লিষ্টদের মতে, রাজনৈতিক অস্থিরতার মধ্যেও বিনিয়োগকারীরা বাজারে অবস্থান ধরে রেখেছেন। তবে সাম্প্রতিক উত্থানের পেছনে দরপতনের পর কম দামে শেয়ার কেনার প্রবণতা কাজ করছে। বাজারে এ ধরনের বিনিয়োগ কৌশল ‘বার্গেইন হান্টিং’ নামে পরিচিত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪ দশমিক ৮০ পয়েন্ট। দিন শেষে সূচকটি দাঁড়িয়েছে ৫ হাজার ৫০৫ দশমিক ৬৪ পয়েন্টে। এর মধ্য দিয়ে টানা পাঁচ কার্যদিবস সূচকটির ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকল।

তবে বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কমেছে। দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৪৬ কোটি ৬০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৮১৯ কোটি ৯০ লাখ টাকা। ফলে একদিনের ব্যবধানে লেনদেন কমেছে ৮ দশমিক ৯ শতাংশ।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ৩ নভেম্বরের পর সূচক বেড়েছে ২২১ পয়েন্ট। শতাংশের হিসাবে এই বৃদ্ধির পরিমাণ ৪ দশমিক ২। একই সময়ে দৈনিক গড় লেনদেন ৫৪২ কোটি টাকা থেকে বেড়ে ৮০৯ কোটি টাকায় পৌঁছেছে। অর্থাৎ এ সময়ে গড় লেনদেন বেড়েছে প্রায় ৪৯ শতাংশ।

বৃহস্পতিবারের লেনদেনে সবচেয়ে বেশি আধিপত্য ছিল বস্ত্র খাতের। ডিএসইর মোট লেনদেনের ২৬ শতাংশ এসেছে এ খাত থেকে। টাকার অঙ্কে বস্ত্র খাতে লেনদেন হয়েছে ১৯৫ কোটি ৩০ লাখ টাকা। এদিন মালেক স্পিনিংয়ের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৭ শতাংশ। মতিন স্পিনিংয়ের শেয়ারদর বেড়েছে ১০ শতাংশ। বিদ্যুৎ খাতের এসপিসিএলের দর বেড়েছে ৩ দশমিক ৭ শতাংশ। একই খাতের বিপিপিএলের শেয়ারদর বেড়েছে ৪ দশমিক ২ শতাংশ।

ব্যাংক খাতে অবশ্য মিশ্র প্রবণতা দেখা গেছে। প্রাইম ব্যাংকের শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ৫ শতাংশ। দিনের শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে ব্র্যাক ব্যাংকের দর বেড়েছে দশমিক ১ শতাংশ। তবে ইসলামী ব্যাংকের শেয়ারদর কমেছে ৪ দশমিক ১ শতাংশ।

প্রধান সূচক বাড়লেও বাজারের সব শেয়ারে ইতিবাচক প্রবণতা ছিল না। বৃহস্পতিবার বড় মূলধনী কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক কমেছে দশমিক ১৩ শতাংশ। এদিন ১৭৮টি কোম্পানির শেয়ারদর কমেছে। বিপরীতে ১৩৭টি কোম্পানির শেয়ারদর বেড়েছে।

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম সাম্প্রতিক প্রবণতাকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি জাগো নিউজকে বলেন, ‘আমরা এটাকে ইতিবাচকভাবে দেখছি। আমরা মনে করছি, এ ধরনের একটি বিরূপ রাজনৈতিক পরিস্থিতিতেও বিনিয়োগকারীরা বাজারে অবস্থান করছেন এবং লেনদেনের পরিমাণ বেড়েছে। শুধু সূচক নয়, লেনদেনের পরিমাণও বেড়েছে। এটা আমাদের জন্য আশাব্যঞ্জক এবং আমরা আশাবাদী।’

তবে রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সাইফুল ইসলাম বলেন, অস্থিরতা অবশ্যই তাদের চিন্তিত করে। রাজনৈতিক অস্থিরতায় দেশীয় ও বিদেশি উভয় বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হন। পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পুঁজিবাজারের চলমান সংস্কারের সুফল আগামী বছর থেকে পাওয়ার প্রত্যাশা করছেন ডিবিএ সভাপতি। তাঁর মতে, প্রতিশ্রুত সংস্কার কার্যক্রম এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী বছরের প্রথম দিক থেকে এসব উদ্যোগের সুফল পাওয়া শুরু হতে পারে। একই সঙ্গে নতুন আইপিও আসার সম্ভাবনাও রয়েছে। তাঁর প্রত্যাশা, ২০২৭ সাল পুঁজিবাজারের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে টার্নিং পয়েন্ট হবে।

অন্যদিকে সাম্প্রতিক উত্থানের পেছনে কম দামে শেয়ার কেনার প্রবণতাকে প্রধান কারণ হিসেবে দেখছেন প্রাইম ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। তিনি জাগো নিউজকে বলেন, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরজুড়ে বাজার নিম্নমুখী ছিল। ওই সময়ে অনেক শেয়ারের মূল্য কমেছে। বাজারের মূল্য-আয় অনুপাত বা পিই রেশিও নেমে এসেছিল ৮ দশমিক ২-এ।

তিনি জানান, কিছু কোম্পানির সাম্প্রতিক প্রান্তিক আর্থিক প্রতিবেদন ভালো হয়েছে। এসব প্রতিষ্ঠানের শেয়ারদরে প্রবৃদ্ধি দেখা গেছে। পাশাপাশি ব্যাংকগুলোর মূল্যায়ন অনেক নিচে নেমে এসেছিল। অনেক ব্যাংকের শেয়ার ৪ থেকে ৫ পিই অনুপাতে লেনদেন হচ্ছিল। এ কারণে ব্যাংকগুলোর শেয়ার বিনিয়োগকারীদের নজরে এসেছে।

মনিরুজ্জামান আরও বলেন, সামনে লভ্যাংশের মৌসুম আসছে। আগামী বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকসহ বিভিন্ন কোম্পানি লভ্যাংশ ঘোষণা করবে। অনেক ব্যাংকের পরিশোধিত মূলধন ২ হাজার কোটি টাকায় উন্নীত করার প্রয়োজন রয়েছে। ফলে কিছু ব্যাংকের বোনাস শেয়ার পাওয়ার সম্ভাবনাও বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে।

সাম্প্রতিক বাজার পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘মোস্টলি ইটস বার্গেইন হান্টিং, লেড বাই দ্য টেক্সটাইল সেক্টর অ্যান্ড দেন বাই পাওয়ার। সাম ফ ব্যাংকস জয়েনড দ্য র‍্যালি টু।’ অর্থাৎ কম দামে শেয়ার কেনার প্রবণতাই মূলত বাজারের উত্থানে ভূমিকা রাখছে। এ প্রবণতায় নেতৃত্ব দিচ্ছে বস্ত্র খাত, এরপর বিদ্যুৎ খাত। পাশাপাশি কিছু ব্যাংকও সাম্প্রতিক উত্থানে যুক্ত হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23289 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 12:45:17 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh