![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে বৈশ্বিক জোট। এ লক্ষ্যে বছরে অন্তত ১৫৬ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে ইউটিলিটিজ ফর নেট জিরো অ্যালায়েন্স (ইউনেজা)। বিদ্যুৎ গ্রিড, নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানি সংরক্ষণ খাতে এ অর্থ ব্যয় করা হবে। গত বছরের তুলনায় প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৫ শতাংশ বেশি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় এ ঘোষণা প্রকাশ করা হয়। জাতিসংঘের চলমান জলবায়ু সম্মেলন কপ-৩১ উপলক্ষে প্রতিবেদনটি সামনে আনা হয়েছে। ‘কপ-৩১ গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন অ্যাজেন্ডা ইলেকট্রিফিকেশন ডেলিভারি প্যাকেজে’ এসব পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়েছে।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের প্রক্রিয়া এখন আর থামানো সম্ভব নয়। এ পরিবর্তনের গতি বাড়াতে সম্মিলিত প্রচেষ্টা আরও জোরদার করতে হবে। একই সঙ্গে এর সুফল সবার কাছে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
সাইমন স্টিয়েলের মতে, বিদ্যুতায়ন জ্বালানি ব্যবহারের দক্ষতা বাড়াতে সহায়তা করে। পাশাপাশি এটি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ এবং জ্বালানি ব্যয় কমাতে ভূমিকা রাখে। জ্বালানির সুযোগপ্রাপ্তিতে বিদ্যমান বৈষম্য দূর করতেও এ প্রক্রিয়া সহায়ক।
ঘোষণা অনুযায়ী, সদস্যরা ২১ হাজার কিলোমিটারের বেশি নতুন বিদ্যুৎ গ্রিড স্থাপনের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত গ্রিডের মোট দৈর্ঘ্য পৃথিবীর অর্ধেকেরও বেশি পথ অতিক্রম করার সমান।
কপ-৩১-এর ইলেকট্রিফিকেশন ডেলিভারি প্যাকেজে কয়েকটি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ উৎপাদন, গ্রিড সম্প্রসারণ এবং পরিবহন খাতে বিদ্যুতায়ন। পাশাপাশি ভবন ও শিল্প খাতেও বিদ্যুতের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগের লক্ষ্য পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং কার্বন নিঃসরণ কমানো। একই সঙ্গে মানুষের জন্য সাশ্রয়ী জ্বালানির সুযোগ নিশ্চিত করাও পরিকল্পনার অংশ।
সাইমন স্টিয়েল বলেন, ‘বিদ্যুতায়ন একটি বড় দক্ষতা বৃদ্ধির মাধ্যম। এটি গ্রিনহাউস গ্যাস দূষণ ও জ্বালানি ব্যয় কমাতে এবং জ্বালানির সুযোগপ্রাপ্তির ক্ষেত্রে গুরুতর বৈষম্য মোকাবিলায় সহায়তা করছে।’
তিনি আরও বলেন, জলবায়ু কার্যক্রমের সুফল বিশ্বের প্রতিটি দেশের মানুষের কাছে পৌঁছাতে হবে। সাশ্রয়ী জ্বালানি, পরিচ্ছন্ন বায়ু এবং উন্নত স্বাস্থ্যব্যবস্থার মাধ্যমে কোটি কোটি মানুষ উপকৃত হতে পারেন।
এ উদ্যোগ বাস্তবায়নে উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরেছেন তিনি। বিশেষ করে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজলভ্য অর্থায়ন নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। পাশাপাশি এসব দেশের প্রয়োজনীয় প্রযুক্তি পাওয়ার সুযোগ বাড়ানোর কথাও বলেছেন।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সংস্থা, ক্লাইমেট চ্যাম্পিয়নস এবং গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন অ্যাজেন্ডার সংশ্লিষ্ট অংশীদাররা যৌথভাবে প্যাকেজটি প্রকাশ করেছে।