![]()
ইবি রিপোর্ট
পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতায় গোপালগঞ্জ জেলার মধ্য দিয়ে চলাচলকারী ৯টি ট্রেনের যাত্রাপথে পরিবর্তন আনা হয়েছে। এসব ট্রেন আপাতত গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচল করবে না। এর মধ্যে আন্তঃনগর ও কমিউটার ট্রেন রয়েছে। পাশাপাশি রাজশাহী থেকে গোপালগঞ্জগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চলাচলও সীমিত করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপালগঞ্জের মধ্য দিয়ে চলাচলকারী ট্রেনগুলো সাময়িকভাবে ওই জেলা এড়িয়ে আশপাশের জেলার বিকল্প পথ ব্যবহার করবে।
চলাচল পরিবর্তনের তালিকায় রয়েছে জাহানাবাদ (৮২৬), রূপসী বাংলা (৮২৭ ও ৮২৮), ভাটিয়াপাড়া এক্সপ্রেস (১০৩-১০৪), অভিযাত্রী কমিউটার (১৩৫-১৩৬) এবং টুঙ্গিপাড়া এক্সপ্রেস (৭৮৩-৭৮৪)। এর মধ্যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও অভিযাত্রী কমিউটারের উভয়মুখী যাত্রা গোপালগঞ্জের পথে বন্ধ রাখা হয়েছে।
এ ছাড়া রাজশাহী থেকে গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের গন্তব্য পরিবর্তন করা হয়েছে। ট্রেনটি এখন গোপালগঞ্জের গোবরা স্টেশনের পরিবর্তে ফরিদপুরের কালুখালী স্টেশন পর্যন্ত চলাচল করবে। ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেনটির যাত্রাপথে পরিবর্তন এসেছে।
রেলওয়ের সময়সূচি অনুযায়ী, টুঙ্গিপাড়া এক্সপ্রেস প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে রাজশাহী থেকে যাত্রা শুরু করে। পথে ঈশ্বরদী, ভেড়ামারা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, খোকসা, পাংশা ও কালুখালীসহ বিভিন্ন স্টেশন অতিক্রম করে ট্রেনটি গোপালগঞ্জের গোবরা স্টেশনে পৌঁছাত।
অন্যদিকে, ৭৮৩ নম্বর টুঙ্গিপাড়া এক্সপ্রেস সকালে গোবরা স্টেশন থেকে ছেড়ে দুপুরে রাজশাহীতে পৌঁছাত। নতুন সিদ্ধান্তের ফলে এই ট্রেনের চলাচলেও পরিবর্তন এসেছে।
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম বলেন, ট্রেনগুলো পুরোপুরি বন্ধ করা হয়নি। তবে ৯টি ট্রেন গোপালগঞ্জ জেলার মধ্য দিয়ে চলাচল করবে না। সেগুলো আশপাশের জেলা দিয়ে চলাচল করবে।
রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এটি সাময়িক সিদ্ধান্ত। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গোপালগঞ্জের মধ্য দিয়ে নির্ধারিত ট্রেন চলাচল বন্ধ থাকবে। পরবর্তী পরিস্থিতির ওপর ভিত্তি করে এ বিষয়ে সিদ্ধান্ত কার্যকর থাকবে।