![]()
ইবি রিপোর্ট
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আগে বাংলাদেশে স্বাস্থ্য পরীক্ষার পুরো প্রক্রিয়ায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ১১ দফা নির্দেশনা জারি করেছে সরকার। নতুন এসব নির্দেশনায় মেডিকেল পরীক্ষার ফি নির্ধারণ, ভুয়া প্রতিবেদন বন্ধ, পরীক্ষার তথ্য অনলাইনে জমা এবং অনিয়মের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার কথা বলা হয়েছে। নির্দেশনাগুলো ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমভুক্ত (এফডব্লিউসিএমএস) মেডিকেল সেন্টারগুলোর জন্য প্রযোজ্য হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও নির্ভরযোগ্য করতেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারের জারি করা ১১ দফা নির্দেশনায় বলা হয়েছে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ডিমান্ড লেটারে যতজন কর্মীর চাহিদা উল্লেখ থাকবে, সেই সংখ্যা অনুযায়ী মেডিকেল স্লিপ ইস্যু করতে হবে। তবে ডিমান্ড লেটারে থাকা সংখ্যার সর্বোচ্চ ৫ শতাংশ অতিরিক্ত স্লিপ দেওয়া যাবে। নির্ধারিত সীমার বাইরে নিজস্ব সিদ্ধান্তে কিংবা অতিরিক্ত কর্মী পাঠানোর উদ্দেশ্যে কোনো মেডিকেল সেন্টার স্লিপ ইস্যু করতে পারবে না।
প্রতিটি মেডিকেল সেন্টারকে প্রতিদিন সম্পন্ন হওয়া স্বাস্থ্য পরীক্ষার ব্যক্তিভিত্তিক বিস্তারিত প্রতিবেদন তৈরি ও সংরক্ষণ করতে হবে। এসব প্রতিবেদন অনলাইনে পাঠানোর পাশাপাশি সংশ্লিষ্ট সব পরীক্ষার তথ্য মন্ত্রণালয়ে জমা দিতে হবে। প্রতিবেদনে মালয়েশিয়াগামী প্রার্থীর নাম, পাসপোর্ট নম্বর, ভিসা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে উল্লেখ করতে হবে।
নির্দেশনায় স্বাস্থ্য পরীক্ষার ফি সর্বোচ্চ আট হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এই নির্ধারিত ফির বাইরে কোনো প্রার্থীর কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না। একই কর্মীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আনফিট ঘোষণা করে অপ্রয়োজনীয়ভাবে বারবার পরীক্ষা করানোর সুযোগও রাখা হয়নি। পাশাপাশি ভুয়া বা জাল মেডিকেল প্রতিবেদন তৈরি, সরবরাহ কিংবা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ ক্ষেত্রে মেডিকেল সেন্টারগুলোকে সর্বোচ্চ সতর্কতা ও জবাবদিহি বজায় রাখতে হবে।
নির্দেশনার আরেকটি শর্তে বলা হয়েছে, বাংলাদেশে স্বাস্থ্য পরীক্ষায় ফিট ঘোষিত হওয়ার পর কোনো কর্মী মালয়েশিয়ায় পৌঁছানো থেকে নিয়োগপ্রাপ্ত হওয়ার আগপর্যন্ত মেডিকেল পরীক্ষায় আনফিট বিবেচিত হলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারকে তার যাবতীয় ব্যয় বহন করতে হবে। প্রয়োজন হলে ওই কর্মীকে বাংলাদেশে ফিরিয়ে আনার খরচসহ সংশ্লিষ্ট সব ব্যয়ও প্রতিষ্ঠানটিকে পরিশোধ করতে হবে।
এ ছাড়া প্রতিটি মেডিকেল সেন্টারে আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম এবং পর্যাপ্ত চিকিৎসাসেবা-সংক্রান্ত সুযোগ-সুবিধা রাখতে হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান ও নির্ধারিত নিয়ম অনুসরণ করে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। পরীক্ষার জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।
নির্দেশনায় মাইগ্রাম নামে কোনো অর্থ আদায়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত শর্ত ভঙ্গ করলে তাদের জামানত বাজেয়াপ্ত, লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এসব নির্দেশনা বাস্তবায়ন ও কার্যক্রম তদারকির জন্য মন্ত্রণালয় একটি শক্তিশালী মনিটরিং টিম গঠন করবে। টিমটি সংশ্লিষ্ট বিষয়গুলো কঠোরভাবে পর্যবেক্ষণ করবে।
এ ছাড়া প্রত্যেক মেডিকেল সেন্টারকে নিজস্ব প্রবেশপথের সামনে বড় আকারের দৃশ্যমান বিলবোর্ড স্থাপন করতে হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার পুরো প্রক্রিয়ায় নির্ধারিত নিয়ম অনুসরণ করা সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারগুলোর জন্য বাধ্যতামূলক।