![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা জাভায় গুরুতর নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করেছেন গবেষকরা। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় পাওয়া এ ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা লগইন তথ্য ছাড়াই সংবেদনশীল সিস্টেমে প্রবেশ করতে পারে। দূর থেকে ক্ষতিকর কোড চালানোর সুযোগও তৈরি হতে পারে। গবেষকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের ফরচুন ৫০০ তালিকার প্রায় ৯০ শতাংশ প্রতিষ্ঠান এ ঝুঁকির আওতায় রয়েছে।
ক্যালিফ নামের একটি প্রযুক্তি স্টার্টআপের গবেষকরা এ দুর্বলতা শনাক্তে ওপেনএআইয়ের জিপিটি-৬ সাইবার মডেল ব্যবহার করেছেন। প্রতিষ্ঠানটির দাবি, ত্রুটিটি কাজে লাগিয়ে কোনো ধরনের লগইন তথ্য ছাড়াই গুরুত্বপূর্ণ সিস্টেমে প্রবেশ সম্ভব। পাশাপাশি দূর থেকেই ক্ষতিকর কোড চালানো যেতে পারে।
এর আগে গত মাসে একই গবেষক দল পিএইচপি প্রোগ্রামিং ভাষায় নিরাপত্তা ত্রুটি শনাক্ত করেছিল। এবার জাভায় নতুন দুর্বলতা খুঁজে পাওয়ায় সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। ব্যাংকিং, উড়োজাহাজ চলাচল ও টেলিযোগাযোগসহ অর্থনীতির বিভিন্ন খাতের প্রযুক্তি অবকাঠামো জাভার ওপর নির্ভরশীল। বিভিন্ন দেশের জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট ব্যবস্থাতেও ভাষাটি ব্যবহৃত হয়।
ক্যালিফের গবেষকদের মতে, জাভার ব্যবহার ব্যাপক হওয়ায় এর কোনো গুরুতর দুর্বলতার প্রভাব শুধু প্রযুক্তি প্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকবে না। আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সংস্থা এবং জরুরি সেবা খাতও এর কারণে ঝুঁকিতে পড়তে পারে।
নিরাপত্তা ত্রুটিটির নাম দেওয়া হয়েছে ‘জাভা৪শেল’। এর শনাক্তকরণ নম্বর সিভিই-২০২৬-১১৪৯৩৮। সাইবার নিরাপত্তার ঝুঁকি নির্ধারণের ১০ ধাপের স্কেলে এর মাত্রা ৯ দশমিক ২। এ কারণে বিশেষজ্ঞরা এটিকে গুরুতর নিরাপত্তা দুর্বলতা হিসেবে বিবেচনা করছেন।
ক্যালিফ জানিয়েছে, জাভার গুরুত্বপূর্ণ অংশ ওপেনজেডিকের বেস৬৪ ডিকোডারে ত্রুটিটি পাওয়া গেছে। বেস৬৪ ডিকোডারের কাজ কম্পিউটারের বাইনারি তথ্যকে পাঠযোগ্য টেক্সটে রূপান্তর করা। এ প্রক্রিয়ায় সমস্যা দেখা দিলে কম্পিউটারের মেমোরিতে জটিলতা তৈরি হতে পারে। এতে কোনো সিস্টেম অচল হওয়ার পাশাপাশি সংরক্ষিত তথ্য প্রকাশের আশঙ্কাও রয়েছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফের গবেষক কোয়াং লুয়ং জাভার এ দুর্বলতা শনাক্ত করেন। ত্রুটিটি কাজে লাগিয়ে দূর থেকে কম্পিউটার বা সার্ভারে ক্ষতিকর কোড চালানো সম্ভব। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য চুরি, ম্যালওয়্যার স্থাপন কিংবা আক্রান্ত সিস্টেমের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।
লুয়ং জানান, এআই ব্যবহার করে মাত্র এক ঘণ্টায় তিনি ত্রুটিটি শনাক্ত করেন। পরবর্তী দুই ঘণ্টার মধ্যে সেটি কাজে লাগিয়ে হামলা চালানোর কার্যকর পদ্ধতিও তৈরি করা হয়। ক্যালিফের হিসাবে, পুরো প্রক্রিয়ায় এআই ব্যবহারের খরচ হয়েছে ২০০ ডলারেরও কম। অর্থাৎ অল্প সময় ও তুলনামূলক কম ব্যয়ে জটিল সফটওয়্যারের দুর্বলতা খুঁজে পাওয়া সম্ভব হচ্ছে।
গবেষকরা জাভা৪শেল ব্যবহার করে বেশ কয়েকটি বহুল ব্যবহৃত সফটওয়্যারে দূর থেকে কোড চালানোর সক্ষমতা দেখিয়েছেন। তালিকায় রয়েছে কিক্লোক, অ্যাটলাসিয়ানের জিরা ও কনফ্লুয়েন্স, জেফ্রগ আর্টিফ্যাক্টরি, জেনকিনস, পিং ফেডারেট, অ্যাপাচি কাফকা, সলর, ইলাস্টিকসার্চ, গেরিট ও স্পিনাকার।
এসব সফটওয়্যার প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি অবকাঠামো পরিচালনা, তথ্য সংরক্ষণ, পরিচয় যাচাই এবং সফটওয়্যার তৈরি ও সরবরাহে ব্যবহৃত হয়। ফলে এগুলোর নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হলে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তথ্যের পাশাপাশি গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের তথ্যও ঝুঁকিতে পড়তে পারে।
জাভার মালিকানা থাকা প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল গত মঙ্গলবার ত্রুটিটি সমাধানে সফটওয়্যার প্যাচ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা ও অবকাঠামো নিরাপত্তা সংস্থা (সিআইএসএ) বিভিন্ন প্রতিষ্ঠানকে দ্রুত প্যাচটি ইনস্টল করার আহ্বান জানিয়েছে।
এর আগে পিএইচপি প্রোগ্রামিং ভাষায় একাধিক নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করেছিল ক্যালিফ। ওই ত্রুটিগুলোর নাম দেওয়া হয়েছিল ‘পিএইচপি২শেল’। বিভিন্ন হিসাব অনুযায়ী, বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনে পিএইচপি ব্যবহার করা হয়।
প্রযুক্তিনির্ভরতা বাড়ার সঙ্গে বিশ্বজুড়ে সাইবার হামলার ঝুঁকিও বাড়ছে। এআইয়ের উন্নতির ফলে সফটওয়্যারের দুর্বলতা দ্রুত শনাক্ত করা যাচ্ছে। একই সঙ্গে এসব দুর্বলতা কাজে লাগিয়ে হামলার কৌশল তৈরির সক্ষমতাও বাড়ছে। এতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও বড় কোম্পানিগুলো নতুন নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে।
একটি প্রতিষ্ঠানের প্রযুক্তি অবকাঠামোয় হামলার প্রভাব অন্য প্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়তে পারে। এতে বিশ্বজুড়ে সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সাম্প্রতিক সময়ে মাইক্রোসফটের আউটলুক ও অ্যাপলের আইক্লাউডসহ বিভিন্ন সেবা ব্যবহারকারীদের জন্য অচল হয়ে পড়েছিল। বিভিন্ন প্রতিবেদনে এসব ঘটনার পেছনে অভ্যন্তরীণ সফটওয়্যার হালনাগাদের ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে।
এআই এখন সাইবার নিরাপত্তায় একই সঙ্গে প্রতিরক্ষা ও হামলার নতুন সক্ষমতা তৈরি করছে। আগে সফটওয়্যারের ত্রুটি শনাক্তে গবেষকদের দীর্ঘ সময় লাগলেও এআইয়ের সহায়তায় তা কয়েক ঘণ্টায় সম্ভব হচ্ছে। এতে দুর্বলতা দ্রুত শনাক্ত ও সমাধানের সুযোগ তৈরি হয়েছে। তবে একই প্রযুক্তি ব্যবহার করে হ্যাকাররাও দ্রুত হামলার পদ্ধতি তৈরি করতে পারছে। এ পরিস্থিতিতে সফটওয়্যার নির্মাতা ও ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর নিয়মিত নিরাপত্তা হালনাগাদ এবং দুর্বলতা শনাক্তের ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।
সূত্র: নিউইয়র্ক টাইমস