![]()
ইবি রিপোর্ট
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২১ নভেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এসব কর্মসূচি। এতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, আলোচনা সভা, বিজয় র্যালি, দোয়া মাহফিল, রক্তদান ও মেডিকেল ক্যাম্পের আয়োজন রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২১ নভেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে দলটি। ২৫ নভেম্বর দেশের সব মহানগরে বিক্ষোভ সমাবেশের পাশাপাশি রাজধানীতে জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হবে। ২৬ নভেম্বর সব জেলা সদরে সমাবেশ ও বিক্ষোভের আয়োজন করা হয়েছে।
২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা করবে জামায়াত। পরদিন ৩০ নভেম্বর দেশের প্রতিটি উপজেলা ও থানা সদরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২ ডিসেম্বর পোশাকশিল্পে সৃষ্ট সংকট ও অস্থিরতা নিয়ে রাজধানীতে আলোচনা সভা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
৬ ডিসেম্বর স্বৈরাচারের পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা করবে দলটি। ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দেশে দুর্নীতি দমনে ব্যর্থতার বিষয়টি সামনে রেখে রাজধানীতে কর্মসূচি পালন করা হবে। ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জামায়াতপন্থি আইনজীবীরা কর্মসূচি পালন করবেন। ১৩ ডিসেম্বর ব্যবসায়ীদের নিয়ে সম্মেলনের আয়োজনও রয়েছে।
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর রাজধানীতে আলোচনা সভা করবে জামায়াত। এতে প্রধান অতিথি থাকবেন বিরোধীদলীয় নেতা ও দলটির আমির ডা. শফিকুর রহমান। ১৫ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষেও রাজধানীতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ওই সভায়ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর।
১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাজধানী ঢাকাসহ দেশের সব শাখায় বিজয় র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করবে দলটি। এরপর ১৯ ডিসেম্বর শহিদ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হবে।
এ ছাড়া ২০ ডিসেম্বর চিকিৎসকদের উদ্যোগে এবং ২১ ডিসেম্বর প্রকৌশলীদের উদ্যোগে রাজধানীতে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ২৩ ডিসেম্বর জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে আরেকটি আলোচনা সভার কর্মসূচি রয়েছে।
ঘোষিত কর্মসূচির শেষ পর্যায়ে ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী সারা দেশে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তায় রক্তদান কর্মসূচি এবং মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে।