• হোম > জাতীয় | বাংলাদেশ > বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৭:২৩
  • ১১

---

ইবি রিপোর্ট  

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই সঙ্গে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে মার্কিন কোম্পানিগুলোর কার্যক্রম আরও বিস্তৃত করার আগ্রহের কথাও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর রেনেসাঁ ঢাকায় ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) ২০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।

বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রয়োজনীয়তা তুলে ধরে ক্রিস্টেনসেন বলেন, অধিকাংশ ব্যবসার জন্য স্থিতিশীল ও নির্ভরযোগ্য জ্বালানি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান অংশীদার বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রদূত জানান, মে মাসে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের (এমওইউ) মাধ্যমে মার্কিন জ্বালানি কোম্পানিগুলোর জন্য সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে কাজের সুযোগ তৈরি হয়েছে।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, শেভরন শুধু বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিনিয়োগকারী নয়, দেশের বৃহত্তম বিদেশি বিনিয়োগকারীও। প্রতিষ্ঠানটি বাংলাদেশের মোট প্রাকৃতিক গ্যাসের অর্ধেকের বেশি উৎপাদন করছে।

এ ছাড়া অন্যান্য মার্কিন প্রতিষ্ঠানের কার্যক্রমের কথাও তুলে ধরেন ক্রিস্টেনসেন। তিনি জানান, এক্সিলারেট বাংলাদেশে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) পরিচালনা করছে। অন্যদিকে, জিই ভার্নোভা দেশে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে।

এলএনজি ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের নির্ভরযোগ্য অংশীদারদের একটি হিসেবে উল্লেখ করেন তিনি। তার মতে, মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশে নিজেদের কার্যক্রম আরও সম্প্রসারণে আগ্রহী।

ক্রিস্টেনসেন বলেন, আন্তর্জাতিক পুঁজি ও অর্থায়ন পাওয়ার সুযোগ বাড়ানো এবং মার্কিন কোম্পানিগুলোর জন্য অনুকূল ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলার বিষয়ে যুক্তরাষ্ট্র ও আইবিএফবির লক্ষ্য এক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এখন ‘সহায়তার চেয়ে বাণিজ্য’ এবং ‘অনুদানের চেয়ে বিনিয়োগ’ নীতিতে বেশি গুরুত্ব দিচ্ছে।

দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের প্রসঙ্গে ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির (এআরটি) কথা উল্লেখ করেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, চুক্তিটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।

বাংলাদেশের বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে স্বচ্ছ শুল্ক কাঠামো, ন্যায্য বিধিমালা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমমান নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। পাশাপাশি অশুল্ক বাধা কমানোর ওপর জোর দেন।

ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের যোগ্যতা প্রসঙ্গে ক্রিস্টেনসেন জানান, ২০১৯ সালে প্রতিষ্ঠিত সংস্থাটি জ্বালানি, স্বাস্থ্যসেবা, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতের বিভিন্ন প্রকল্পে অর্থায়ন করে।

তিনি বলেন, ঋণ, ইক্যুইটি বিনিয়োগ, রাজনৈতিক ঝুঁকি বিমা এবং সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে ডিএফসি এমন প্রকল্পে সহায়তা দিতে পারে, যেগুলো থেকে দৃশ্যমান কৌশলগত ও অর্থনৈতিক সুফল পাওয়া সম্ভব।

বক্তব্যের শেষ পর্যায়ে আইবিএফবির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটিকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত। বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমে সহায়তা করার জন্যও তিনি সংগঠনটির প্রতি আহ্বান জানান।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23266 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 11:49:47 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh