![]()
ইবি রিপোর্ট
রমজান ঘিরে বাজারে খেজুরের বাড়তি চাহিদা তৈরি হওয়ার আগেই সরবরাহ নিশ্চিত করতে চান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ জন্য জানুয়ারির প্রথম দিকে খুচরা বাজারে পর্যাপ্ত খেজুর পৌঁছানোর পরিকল্পনা করছে সরকার। সাশ্রয়ী দামে আমদানি নিশ্চিত করতে আলজেরিয়ার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। সেখানে দুই দেশের মধ্যে সরাসরি খেজুর আমদানি এবং সরবরাহের সময় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সাধারণত জানুয়ারির মাঝামাঝি থেকে ভোক্তারা রমজানের কেনাকাটা শুরু করেন। ফলে তার আগেই খুচরা বাজারে পর্যাপ্ত খেজুর পৌঁছানো প্রয়োজন। জানুয়ারির প্রথম দিকে সরবরাহ নিশ্চিত করা গেলে ভোক্তারা সময়মতো পণ্য কিনতে পারবেন।
আলজেরিয়ার রাষ্ট্রদূত জানান, দেশটিতে এখন খেজুরের ভরা মৌসুম চলছে। সেখানে বিপুল পরিমাণ খেজুর মজুত রয়েছে। প্রতিযোগিতামূলক দামে বাংলাদেশে খেজুর সরবরাহের প্রস্তাব ইতিমধ্যে পাঠিয়েছে আলজেরিয়ার কৃষি মন্ত্রণালয়।
এ ছাড়া দেশটির একটি বেসরকারি রপ্তানিকারক প্রতিষ্ঠান পরিবহন খরচসহ প্রতি কেজি ২ থেকে ৫ মার্কিন ডলারে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে। রাষ্ট্রদূত বলেন, আগামী সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা গেলে ২০ থেকে ৩০ দিনের মধ্যে চালান বাংলাদেশের বন্দরে পৌঁছানো সম্ভব।
জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আগ্রহ
বৈঠকে খেজুর আমদানির পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। বাংলাদেশের জ্বালানিমন্ত্রীর সাম্প্রতিক আলজেরিয়া সফরের প্রসঙ্গ তুলে বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি খাতে দেশটির সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ।
দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পুরোনো বাণিজ্য চুক্তি নবায়নের বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। পাশাপাশি যৌথ অর্থনৈতিক কমিশন অথবা যৌথ বাণিজ্য কমিটি গঠনের বিষয়েও আলোচনা হয়েছে।
দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়। এ জন্য বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং আলজেরিয়ার চেম্বার অব কমার্সের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন ও নিয়মিত বৈঠকের প্রস্তাব উঠে আসে।
হালাল পণ্য রপ্তানি ও হস্তশিল্প মেলায় অংশগ্রহণ
বৈঠকে আলজেরিয়ায় হালাল পণ্য রপ্তানির নতুন নিয়ম সম্পর্কে বাংলাদেশকে অবহিত করেন রাষ্ট্রদূত। এ ছাড়া আগামী ৩ থেকে ৭ ডিসেম্বর আলজেরিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক হস্তশিল্প মেলায় বাংলাদেশের কারুশিল্পী ও উদ্যোক্তাদের অংশ নেওয়ার আমন্ত্রণ জানান তিনি।
সম্ভাব্য অংশগ্রহণকারীদের তালিকা দ্রুত তৈরি করে পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় ও আলজেরীয় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।