• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > কুষ্টিয়ায় ৪০ কৃষক ও উদ্যোক্তাকে সাড়ে চার কোটি টাকা ঋণ

কুষ্টিয়ায় ৪০ কৃষক ও উদ্যোক্তাকে সাড়ে চার কোটি টাকা ঋণ

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৬:৪৮
  • ১০

---

ইবি রিপোর্ট

কৃষি, কৃষিভিত্তিক শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম নিয়ে কুষ্টিয়ায় সচেতনতামূলক সভা হয়েছে। একই অনুষ্ঠানে ৪০ জন কৃষক ও উদ্যোক্তার মধ্যে ৪ কোটি ৫০ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে।

বুধবার কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে টাউন হল সভা ও অংশীজন সমাবেশের আয়োজন করে এনআরবিসি ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে লিড ব্যাংক হিসেবে প্রতিষ্ঠানটি এ আয়োজন করে। এতে জেলার ৪০টি তফসিলি ব্যাংক অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ।

এনআরবিসি ব্যাংকের খুলনা ও বরিশাল জোনের প্রধান মো. আব্দুল হালিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের পরিচালক মো. নাজিম উদ্দিন এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক উৎপল কবিরাজ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের এসএমই-এগ্রি বিজনেস বিভাগের প্রধান মো. রমজান আলী ভূঁইয়া এবং ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান মো. শফিকুল ইসলাম। স্থানীয় তফসিলি ব্যাংকের শাখা ব্যবস্থাপক, ব্যবসায়ী, কৃষক, ক্ষুদ্র ও নারী উদ্যোক্তারাও এতে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহম্মদ বদিউজ্জামান দিদার বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম অগ্রাধিকার। এসব লক্ষ্য পূরণে বাংলাদেশ ব্যাংক ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, ইতিমধ্যে দেশের ৪৩টি তফসিলি ব্যাংক এই স্কিম বাস্তবায়নে চুক্তিবদ্ধ হয়েছে। এর মাধ্যমে কৃষি উৎপাদন বাড়বে, নতুন শিল্পোদ্যোগ তৈরি হবে এবং গ্রামীণ অর্থনীতি আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান বলেন, এই স্কিমের আওতায় ব্যাংক থেকে ঋণ নিয়ে কৃষক ও সিএমএসএমই উদ্যোক্তারা কৃষি এবং ক্ষুদ্র শিল্পের প্রসার ঘটাতে পারবেন। এ উদ্যোগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুষ্টিয়ায় কার্যক্রম পরিচালনাকারী তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে নির্বাচিত ৪০ জন কৃষক, কৃষি উদ্যোক্তা ও সিএমএসএমই উদ্যোক্তার হাতে ঋণ মঞ্জুরিপত্র ও চেক তুলে দেওয়া হয়। তাঁদের জন্য মোট ৪ কোটি ৫০ লাখ টাকার ঋণ অনুমোদন করা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23256 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 11:09:37 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh