• হোম > জাতীয় | দেশজুড়ে | বানিজ্য > দত্তের বাজারে মিষ্টির ঘ্রাণে জমে ওঠে হাটের পরিবেশ

দত্তের বাজারে মিষ্টির ঘ্রাণে জমে ওঠে হাটের পরিবেশ

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৬:৪১
  • ৮

---

ইবি রিপোর্ট

কেনাকাটার ব্যস্ততার মাঝেও মিষ্টির দোকানগুলোতে ভিড় করেন ক্রেতারা। শিশু থেকে প্রবীণ—সব বয়সী মানুষের আনাগোনায় মুখর থাকে কিশোরগঞ্জের দত্তের বাজার। রসগোল্লা, জিলাপি, গজা, খাজা, নিমকি, খুরমা ও মোয়ার সুবাসে হাটজুড়ে তৈরি হয় উৎসবের আবহ।

হাটের বিভিন্ন দোকানে সারি সারি করে সাজানো থাকে নানা ধরনের মিষ্টান্ন। বাজার করতে আসা মানুষ কেনাকাটার ফাঁকে এসব দোকানে থামেন। কেউ দোকানে বসে মিষ্টি খান, আবার কেউ পরিবারের সদস্যদের জন্য কিনে নিয়ে যান বাড়িতে। অনেক শিশু-কিশোরের কাছে হাটে আসার অন্যতম আকর্ষণ এসব মিষ্টি।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে বাবার সঙ্গে হাটে এসেছিল রাকিব। সে জানায়, প্রতি হাটেই বাবার সঙ্গে এখানে আসে। এখানকার রসগোল্লা, জিলাপি ও খাজা তার পছন্দের। দোকানে বসে মিষ্টি খাওয়ার পাশাপাশি বাড়ির জন্যও কিনে নেয় সে।

বিকেলের পর মিষ্টির দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি বাড়তে থাকে। কেউ কেনাকাটার ফাঁকে নাশতা করেন। আবার কেউ বাজার শেষ করে বাড়ি ফেরার আগে পরিবারের জন্য মিষ্টি কেনেন। হাটের ব্যবসায়ীরাও কাজের ফাঁকে বিশ্রাম নিতে ও নাশতা করতে এসব দোকানে আসেন।

মিষ্টান্ন ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, বাড়িতে নিজেদের হাতে খাঁটি উপাদান দিয়ে এসব মিষ্টি তৈরি করা হয়। এ কারণে ক্রেতাদের কাছে এগুলোর আলাদা চাহিদা রয়েছে। মান ভালো হওয়ায় প্রতি হাটেই তাঁর দোকানের সব মিষ্টান্ন বিক্রি হয়ে যায়।

হাটে কেনাকাটা করতে আসা এক প্রবীণ ক্রেতা জানান, ছোটবেলা থেকেই তিনি এই বাজারে আসছেন। তখন থেকেই মিষ্টির দোকানগুলোকে এমন জমজমাট দেখে আসছেন। তাঁর মতে, রসগোল্লা, গজা ও খাজা এখানকার সবচেয়ে ঐতিহ্যবাহী মিষ্টান্ন।

এই দোকানগুলো শুধু ক্রেতাদের ক্ষুধা মেটায় না, হাটের পরিবেশেও যোগ করে ভিন্ন মাত্রা। মিষ্টি কেনা ও খাওয়াকে কেন্দ্র করে তৈরি হয় মানুষের মিলনমেলা।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দত্তের বাজারে নিয়মিত পাঁচ থেকে সাতটি মিষ্টান্নের দোকান বসে। মিষ্টির ধরন অনুযায়ী প্রতি কেজি বিক্রি হয় ২২০ থেকে ৩৫০ টাকায়। সব মিলিয়ে প্রতি হাটবারে এখানে লক্ষাধিক টাকার মিষ্টান্ন কেনাবেচা হয়।

আধুনিকতার প্রভাব বাড়লেও গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী হাটগুলো এখনো নিজেদের স্বাতন্ত্র্য ধরে রেখেছে। দত্তের বাজারের মিষ্টির দোকানগুলোও সেই ঐতিহ্যের অংশ। হাটের প্রাণচাঞ্চল্যের পাশাপাশি এসব দোকান গ্রামীণ লোকসংস্কৃতির পরিচিত একটি রূপ তুলে ধরছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23249 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 11:09:37 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh