• হোম > জাতীয় | দেশজুড়ে | বাণিজ্য > ব্রহ্মপুত্রের চরের সবজিতে জমজমাট গফরগাঁওয়ের দত্তের বাজার

ব্রহ্মপুত্রের চরের সবজিতে জমজমাট গফরগাঁওয়ের দত্তের বাজার

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৬:৩৪
  • ১১

---

ইবি রিপোর্ট

মধ্যস্বত্বভোগীর হাত ঘুরে নয়, কৃষকের হাত থেকেই সরাসরি সবজি কিনতে পারেন ক্রেতারা। তাই টাটকা পণ্য ও তুলনামূলক কম দামের খোঁজে দূরদূরান্ত থেকে মানুষ আসেন ময়মনসিংহের গফরগাঁওয়ের দত্তের বাজারে। পুরাতন ব্রহ্মপুত্র নদের উর্বর চরে উৎপাদিত শাকসবজিই এই হাটের প্রধান আকর্ষণ।

দত্তের বাজারের মাঝখান দিয়ে চলে গেছে গফরগাঁও–টোক মূল সড়ক। সড়কের বাঁ পাশ দিয়ে হাটে প্রবেশ করতেই দেখা যায়, সরু গলির দুই পাশে সারি সারি সবজির দোকান। কোথাও সাজানো কাঁচা পেঁপে ও লাউ। আবার কোথাও কৃষকেরা নিজেদের জমিতে উৎপাদিত নানা ধরনের শাকসবজি নিয়ে বসেছেন।

দক্ষিণ গফরগাঁওয়ের এই ঐতিহ্যবাহী হাটে আলু, বেগুন, টমেটো, গাজর, মুলা, পটোল, ঢ্যাঁড়স, ফুলকপি, বাঁধাকপি, শিম, শসা, লাউ ও কুমড়াসহ প্রায় সব ধরনের মৌসুমি সবজি পাওয়া যায়। এসব পণ্যের অধিকাংশই পুরাতন ব্রহ্মপুত্র নদের চরে উৎপাদিত।

কৃষকের কাছ থেকেই সরাসরি কেনাকাটা

দত্তের বাজারের বিশেষত্ব হলো, এখানকার কৃষকেরা নিজের জমির ফসল নিজেরাই বিক্রি করেন। যে কৃষক যে ধরনের সবজি চাষ করেন, তিনি সেই পণ্য নিয়েই হাটে বসেন। ফলে বিভিন্ন কৃষকের কাছ থেকে ক্রেতারা এক জায়গায় নানা ধরনের সবজি কেনার সুযোগ পান।

হাটটিতে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে সবজির দোকান রয়েছে ৮০টির বেশি। সোমবারের বড় হাটে প্রায় ১৫ লাখ টাকার সবজি কেনাবেচা হয়। শুক্রবারের ছোট হাটে লেনদেনের পরিমাণ প্রায় ৫ লাখ টাকা। এই হিসাবে শুধু সবজির বাজারেই বছরে ১০ কোটি টাকার বেশি লেনদেন হয়।

হাটে ছোট একটি খাটের ওপর বেগুন, শিম ও ফুলকপি নিয়ে বসেছিলেন ৫৫ বছর বয়সী সবজি বিক্রেতা হাসেম। সবজিগুলো তাঁর নিজের জমিতে উৎপাদিত।

হাসেম বলেন, ‘৪০ বছর ধরে এই হাটে আসি। শুরুতে বাবার সঙ্গে আসতাম। বাবা এখন বেঁচে নেই, এখন আমার সঙ্গে ছেলে আসে। নিজের জমির ফসল এখানে বিক্রি করেই সংসার চলে। আমাদের সবজিতে কোনো ফরমালিন বা ওষুধ নেই। টাটকা ও ভালো জিনিসের টানে দূরদূরান্ত থেকে মানুষ এখানে বাজার করতে আসেন।’

টাটকা সবজির খোঁজে ক্রেতারা

চরের জমিতে উৎপাদিত সবজির প্রধান ক্রেতা স্থানীয় বাসিন্দারা। সপ্তাহের দুই হাটবারে তাঁরা পরিবারের প্রয়োজনীয় সবজি কিনতে বাজারে আসেন।

বাজারে আসা একাধিক ক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, চরের সবজিতে রাসায়নিক ও ভেজালের আশঙ্কা কম বলে তাঁরা নিয়মিত এখান থেকে কেনাকাটা করেন। পাশাপাশি কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য কেনার সুযোগও তাঁদের আকৃষ্ট করে।

এভাবেই কৃষকের উৎপাদিত ফসল সরাসরি ক্রেতার হাতে পৌঁছে দিচ্ছে গফরগাঁওয়ের দত্তের বাজার। টাটকা সবজি, সরাসরি বিক্রি এবং সাশ্রয়ী দামের কারণে হাটটির চাহিদা ধরে রেখেছেন ক্রেতারা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23246 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 10:59:27 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh