![]()
ইবি রিপোর্ট
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে তেল ও গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনের কাজে স্লোভেনিয়ার কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক অংশীদারত্ব বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ ও স্লোভেনিয়ার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বিস্তৃত করার বিষয়েও মতবিনিময় করেন তারা।
সাক্ষাৎকালে স্পিকার দুই দেশের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই তৎকালীন যুগোস্লাভিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিকাশ ঘটেছে। এ প্রসঙ্গে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির যুগোস্লাভিয়া সফর এবং দেশটির তৎকালীন রাষ্ট্রপতি মার্শাল টিটোর সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের কথাও স্মরণ করেন তিনি।
বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাসও রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি জানান, ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর না করায় মুক্তিযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। এরপর দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ।
স্পিকার আরও বলেন, স্বাধীনতার পর দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বিভিন্ন সময়ে সামরিক ও স্বৈরাচারী শাসনের কারণে বাধার মুখে পড়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, বিগত ১৬ বছরে প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছিল। গুম, খুন, অর্থ পাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে ক্ষমতা ধরে রাখা হয়েছিল। পরে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ওই শাসনের অবসান ঘটে।
সর্বশেষ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন বলে উল্লেখ করেন স্পিকার।
জবাবে স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন বলেন, বাংলাদেশের সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের পর্যবেক্ষক দল নির্বাচন পর্যবেক্ষণ করেছে। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা আরও বিস্তৃত করতে স্লোভেনিয়া সরকার আগ্রহী বলেও জানান তিনি।
বৈঠকে দুই দেশের সংসদীয় যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এ লক্ষ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের প্রস্তাব নিয়ে মতবিনিময় করেন তারা। পাশাপাশি রোহিঙ্গা সংকটের সমাধান, মুক্ত বাণিজ্য চুক্তি এবং বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়গুলো আলোচনায় স্থান পায়।
এ ছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। সাক্ষাৎকালে স্লোভেনিয়া দূতাবাসের কর্মকর্তা, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।