• হোম > আন্তর্জাতিক | জাতীয় > রোহিঙ্গাদের হত্যা ও যৌন সহিংসতার প্রমাণ পেল আন্তর্জাতিক আদালত

রোহিঙ্গাদের হত্যা ও যৌন সহিংসতার প্রমাণ পেল আন্তর্জাতিক আদালত

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৬:২৬
  • ১৪

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের হত্যা ও যৌন সহিংসতার অভিযোগের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে গাম্বিয়ার দায়ের করা গণহত্যার মামলায় রায় ঘোষণা শুরু করেছেন জাতিসংঘের সর্বোচ্চ এই আদালত।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে। পাশাপাশি ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করা রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

রায় পাঠের সময় আদালত হত্যা, যৌন সহিংসতা ও পালিয়ে যাওয়ার পথে রোহিঙ্গাদের ওপর হামলার বিষয়গুলো তুলে ধরেন। রায় ঘোষণার কার্যক্রম প্রায় ৯০ মিনিট ধরে চলতে পারে বলে জানানো হয়েছে।

গাম্বিয়ার করা মামলার প্রেক্ষাপট

২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলাটি করে গাম্বিয়া। দেশটির অভিযোগ, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের ফলে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশে বিতাড়িত করা হয়। ওই অভিযানে গণহত্যা সংঘটিত হয়েছে এবং রাষ্ট্র হিসেবে মিয়ানমার এর দায় এড়াতে পারে না বলে দাবি করেছে গাম্বিয়া।

অভিযান থেকে বেঁচে আসা রোহিঙ্গারা হত্যাকাণ্ড, গণধর্ষণ ও গ্রাম পুড়িয়ে দেওয়ার বিবরণ দিয়েছেন। জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনও ওই অভিযানে গণহত্যামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছিল।

তবে মিয়ানমার এসব অভিযোগ অস্বীকার করেছে। দেশটির দাবি, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছিল।

রায়ের দিকে তাকিয়ে রোহিঙ্গারা

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গা আন্তর্জাতিক বিচার আদালতের এই রায়ের দিকে তাকিয়ে রয়েছেন। তাঁদের প্রত্যাশা, আদালতের সিদ্ধান্ত ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। একই সঙ্গে নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার পথ তৈরিতেও সহায়ক হবে বলে আশা করছেন তাঁরা।

সূত্র: রয়টার্স


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23240 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 10:49:28 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh